নিউইয়র্কের ফাস্ট ফুড শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফাস্ট ফুড খাতের কর্মীদের প্রতি ঘণ্টার পারিশ্রমিক বেড়ে ১৫ ডলার হবে। রাজ্যের মজুরি বোর্ড সর্বসম্মতিক্রমে এ সুপারিশ করেছে। খবর বিবিসির।
নতুন বর্ধিত মজুরি প্রথমে পাবেন নিউইয়র্ক নগরের ফাস্ট ফুড শ্রমিকেরা। তাঁরা ২০১৮ সালের শেষের দিক থেকে তা পাবেন। তবে রাজ্যের অন্য স্থানের কর্মীরা ২০২১ সালের আগে নতুন মজুরি পাবেন না। অঙ্গরাজ্যটিতে বর্তমানে প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি ৮ দশমিক ৭৫ ডলার।
ভোটাভুটির মাধ্যমে মজুরি বৃদ্ধিসংক্রান্ত বিল পাস করা সম্পর্কে রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, ‘বিল পাসের এই দিন আমার প্রশাসনিক সাফল্যের উল্লেখযোগ্য দিনগুলোর একটি। এর মধ্য দিয়ে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার যাত্রা শুরু হলো।’ গভর্নর কুওমো বলেন, ‘বছরে মাত্র ১৮ হাজার ডলার আয় করে কোনো মানুষ সংসারের ব্যয়ভার নির্বাহ করতে পারেন না। তাই মজুরি বৃদ্ধির বিষয়টি জরুরি হয়ে পড়ে।’
নিউইয়র্ক অঙ্গরাজ্যের অন্তত ১ লাখ ৮০ হাজার ফাস্ট ফুড কর্মী নতুন এই মজুরির সুবিধা ভোগ করবেন। তবে নিউইয়র্কের রেস্তোরাঁর মালিকেরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এভাবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে গিয়ে তাঁদের হয় কর্মী ছাঁটাই করে সংখ্যা কমাতে হবে, নতুবা খাদ্যসামগ্রীর দাম বাড়াতে হবে।