নিউইয়র্কের ফুড ব্যাংক ও ক্ষুধার্ত নিউইয়র্কবাসী
পৃথিবীর অনেক বড় সমস্যার একটি হলো খাদ্যের স্বল্পতার কারণে কোটি কোটি ক্ষুধার্ত মানুষের ক্ষুধাজনিত কষ্ট। সেই কষ্টকর পরিস্থিতি যাতে কোনোকালেই ভয়াবহ রূপ না নিতে পারে সেই ভাবনাকে মাথায় নিয়ে ১৯৬০ সালে এগিয়ে এলেন নরম্যান বরলাগ নামের এক কৃষিবিজ্ঞানী। তাঁর পূর্বপুরুষের আদি নিবাস ছিল নরওয়েতে। তার পূর্বপুরুষেরা আমেরিকার আইওয়াতে এসে বসতি স্থাপন করেন। ফসল ফলানোর ব্যাপারটি ছিল তাঁর রক্তে। কিন্তু তিনি বাপ-দাদার মতো কৃষক হতে চাননি। বরং তাঁর নানার একটি কথা মাথায় গেঁথে গিয়েছিল, ‘জ্ঞানীরা আগে মাথা ভরে যাতে পরে পেট ভরতে কোনো সমস্যা না হয়।’ অথচ সর্বকালের এই নোবেল বিজয়ী কৃষিবিজ্ঞানী ইউনিভার্সিটি অব মিনোসোটাতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। আর তিনি কি না, সারা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের ফসলের মাঠে মাঠে ছুটে বেড়িয়েছেন ক্ষুধা নামক দৈত্যের বিরুদ্ধে লড়তে। উত্তর আমেরিকার মেক্সিকোর গমের ফসলকে নানা জাতীয় ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করে ছুটলেন ভারতের দানাদার জাতীয় ফসলের মাঠে। লক্ষ্য মাত্র একটি।
নানা জাতের ফসলের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করতেই হবে। কেননা, তাঁর মাথায় সব সময় একমাত্র চিন্তা পৃথিবীজুড়ে মানুষ বাড়ছে। সেই তুলনায় ফসল বাড়ছে কি? এর ওপর নিজে কলেজে পড়াকালীন কাজ করেছেন ক্ষুধার্ত মানুষকে নিয়ে। খাদ্যের অভাব মানুষের ওপর কী ধরনের নেগেটিভ প্রভাব ফেলে তা খুব কাছ থেকে দেখেছেন এবং তা মনে গভীর দাগ কাটে।
তারই ফলে সেই মহান কৃষিবিজ্ঞানী তাঁর পুরো জীবদ্দশায় ক্ষুধা নামক দৈত্যের বিরুদ্ধে লড়াই করে নোবেল বিজয়ী হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। বিজ্ঞানী নরম্যান বরলাগের মূল্যবান গবেষণার ফলে পৃথিবীর অনেক অঞ্চলে নানা জাতীয় দানাদার ফসলের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি ঘটে। ক্ষেত্রবিশেষে তা ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন তিনি।
আমার আজকের লেখাটির মূল প্রতিপাদ্য বিষয় হলো, ক্ষুধার্তের পাশে দাঁড়ানোর লড়াইতে যাঁদের অবদান ছিল। বা এখনো আছে তাঁদের কর্মের আংশিক বর্ণনার পাশাপাশি সেই মহানদের স্মরণ করা। সেখানে এই মহান কৃষিবিজ্ঞানীকে আমি মনে করি তিনিও ছিলেন ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে একজন সত্যিকারের লড়াকু সৈনিক। যিনি শুধু লড়েই গেলেন না আরও অনেক মহামানবকে এই লড়াইতে শরিক হতে উদ্বুদ্ধ করো গেলেন। আশা করি, পাঠকদের কাছে তা প্রাসঙ্গিক হবে।
আমেরিকার হাজারো ক্ষুধার্ত মানুষের পাশে একজোট হয়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন ১৯৬৭ সালে জন ভেন হেঙ্গেল। যা প্রতিষ্ঠিত হয়েছিল অ্যারিজোনা রাজ্যে সেন্ট মেরি ফুড ব্যাংক নাম দিয়ে। যা সেই সময়কালে সত্যিকার ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য ছিল তাদের ক্ষুধা নিবারণের একমাত্র আশ্রয়। সেই সময়ে আমেরিকাতে মৃদু মন্দা বিরাজ করায় ক্ষুধার্ত আমেরিকানদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। সেই ক্ষুধার্ত ব্যক্তিদের সেবা প্রদানে এগিয়ে আসে আরও বেশ কয়েকটি সংগঠন। তাদের মাঝে অন্যতম ছিল সুপ কিচেন। তাদেরই অনুসরণ করে ক্রমে আরও প্রতিষ্ঠিত হয় ফিডিং আমেরিকা ও অ্যাম্পেল হারভেস্ট অর্গানাইজেশন। ওই সব সংস্থা শুধু আমেরিকায় নয় পার্শ্ববর্তী দেশ কানাডার ক্ষুধার্ত জনগণের পাশে গিয়ে দাঁড়ায়।
তবে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ কার্যক্রম এত সহজ ছিল না। নানা সময়ে আর্থিক সংকটসহ নানা প্রশাসনিক বাধা-বিপত্তি সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট রিগ্যানের আমলে পুরা এই খাদ্য সরবরাহকারী সব সংস্থাকে প্রশাসনিক তদন্তের সম্মুখীন হতে হয়। কিন্তু ফুড ব্যাংকসহ আরও সব মানবিক কার্যক্রমে সহায়তা প্রদানকারী সব সংস্থার এসব কাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি। বরং পাওয়া গেল এক যুগান্তকারী মানবিক ইতিহাস। যা সব আমেরিকান কর্তৃক ব্যাপক প্রশংসিত হয়েছিল।
দুনিয়ার অনেক জনবহুল শহরের মতো এই গতির শহর নিউইয়র্কে দেখা যায় অনেক গৃহহীনের পাশাপাশি লক্ষাধিক ক্ষুধার্ত নিউইয়র্কবাসী। যদিও বিক্ষিপ্তভাবে ছোট ছোট কিছু মানবিক সংগঠন এবং চার্চ অনেক আগে থেকেই ক্ষুধার্ত মানুষের পাশে নিয়মিত ও অনিয়মিত দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে তা যেমন ছিল অপ্রতুল তেমনি ডিজ-অর্গানাইজড।
নিউইয়র্কে ফুড ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। সংস্থা শুরুতেই প্রায় ১ হাজার ২০০ জরুরি আশ্রয়কেন্দ্রসহ শেল্টার হাউস ও ডে কেয়ারে খাদ্য সরবরাহ করতে সক্ষম হয়। এক পরিসংখ্যানে জানা যায়, চার লক্ষাধিক ক্ষুধার্ত নিউইয়র্কবাসীকে প্রতিদিন খাদ্য প্রদানে সক্ষম আজকের এই ফুড ব্যাংক নামের মানবিক সংগঠন। যা সম্ভব হয়েছে সংস্থার প্রেসিডেন্ট ও সি ও মার্গারেট পুর্ভিস এবং তাঁর অধীনে ১ হাজার ২০০ কর্মচারীদের ব্যাপক প্রচেষ্টার ফলে। এই বিরাটসংখ্যক ক্ষুধার্ত নিউইয়র্কবাসীকে প্রতিনিয়ত সুসম খাদ্যের সংস্থান করতে এই চ্যারিটি সংস্থাকে নিয়মিত সহায়তা প্রদানকারীদের মধ্যে হান্টস পয়েন্ট কো-অপারেটিভ মার্কেট ও ফুলটন ফিশ মার্কেট উল্লেখযোগ্য। তা ছাড়া আরও আছে নিউইয়র্ক শহরে ব্যবসারত হাজারো ডেইলি স্টোর এবং রেস্টুরেন্ট। কয়েক শত স্বেচ্ছাসেবক কোনোরূপ পারিশ্রমিক গ্রহণ না করে তালিকাভুক্ত ওই সব খাদ্য প্রস্তুতকারী এবং বিক্রয়কেন্দ্র থেকে পচনশীল খাদ্যদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেন। যা পরে একটি নির্দিষ্ট নীতিমালার অধীনে সব ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়। এসব সংস্থা ছাড়া অনেক প্রতিষ্ঠানের সহায়তাও ছিল ফুড ব্যাংকের সুষ্ঠু কাজের জন্য অনেক বড় সহায়তা। তাদের মধ্যে আছে Camegie Corporations এবং সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।
এই সফল মানবিক সংস্থা যারা কিনা দাঁড়াল লাখ লাখ ক্ষুধার্ত নিউইয়র্কবাসীর পাশে। প্রতিনিয়ত যাদের একমাত্র বাসনা কোনো অবস্থাতে যেন কোনো নিউইয়র্কবাসী অভুক্ত না থাকে। তাই তো এই সংস্থার ২০১৩ সালের বার্ষিক রিপোর্টে জানা যায় পুরো বছরে আনুমানিক ৭২.৫ মিলিয়ন ক্ষুধার্ত নিউইয়র্কবাসীকে সময়মতো সেবা প্রদান করে আমেরিকার সেবাদানকারী সংস্থার মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শুধু কি তাই, এ সংস্থা ২০০৫ ও ২০০৬ সালে চার তারকার পদক পেয়ে দেশের সর্ববৃহৎ চ্যারিটি সংস্থার স্বীকৃতি পেয়ে বারবার প্রমাণ করল।
ক্ষুধার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল একজন অভিবাসী আমেরিকান হাত ধরে তা আজও বিরামহীন চলছে সব ধর্ম-বর্ণ আর জাত-মতের অপরূপ এক সম্মিলিত মিছিলের আকারে। সেই মিছিলে আজ সবাই শরিক তরুণ-যুবা এমনকি ৭০ বছরের বয়োবৃদ্ধ।
লক্ষ্য একটাই, একটি অভিশাপের বিরুদ্ধে সম্মিলিত লড়াই। এর শুরু হয়েছিল এই আমেরিকার ভূখণ্ড। যা এখনো চলছে দেশের প্রায় ২০টি শহরে। সেই লড়াইতে শরিক আমাদের এই ভালোবাসার শহর নিউইয়র্কের ৮৪.৫ মিলিয়ন নিউইয়র্কবাসী যাদের উষ্ণ ভালোবাসার নিবিড় বাহুবন্ধনে আবদ্ধ অচেনা ক্ষুধার্ত নিউইয়র্কবাসীকে। জয়তু ভালোবাসা।