নিউইয়র্কের বইমেলায় সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন
তিনটি দুস্থ গ্রামে ত্রাণ পৌঁছে দিতে ঢাকার বাইরে গিয়েছিলেন সেলিনা হোসেন। তাঁর প্রতিষ্ঠিত ফারিয়া লারা ফাউন্ডেশনের উদ্যোগে তিনি গাজীপুরে একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র গড়েছেন। আশপাশের অনেক গ্রামের দরিদ্র মানুষ এই কেন্দ্রের ওপর নির্ভরশীল। সেখান থেকে ফিরে তিনি কিছুটা ক্লান্ত ছিলেন, কিছুটা অন্যমনস্ক। বেশ রাতের দিকে এই প্রতিনিধি ঢাকায় তাঁকে ফোন করে জানান, নিউইয়র্কে মুক্তধারার বাংলা বইমেলায় তিনি এ বছরের সাহিত্য পুরস্কার পাচ্ছেন। সে কথা শুনে সেলিনা হোসেন হকচকিয়ে যান। ‘কখন, কী ব্যাপার,’ বিস্মিত হয়ে প্রশ্ন করেন।
পাঁচ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কের বাংলা বইমেলায় একটি সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। প্রথমে এর নাম ছিল মুক্তধারা–চ্যানেল আই সাহিত্য পুরস্কার, ঢাকার চ্যানেল আইয়ের আংশিক অনুদানে সে পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল। গত দুই বছর থেকে এর নতুন নামকরণ হয়েছে মুক্তধারা–জিএফবি সাহিত্য পুরস্কার। নিউ জার্সির বাংলাদেশি ব্যবসায়ী গোলাম ফারুক ভুঁইয়ার অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত এই পুরস্কারের বর্তমান আর্থিক মূল্য আড়াই হাজার ডলার। এর আগে এই পুরস্কার পেয়েছেন নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, আবদুল্লাহ আবু সায়ীদ ও দিলারা হাশেম।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নিউইয়র্ক বইমেলা। একটানা ২৯ বছর চলছে এই মেলা, করোনাভাইরাসের কারণে এবার শুধুমাত্র অনলাইনে মেলা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি উৎসর্গীকৃত এই মেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ফিলাডেলফিয়ার মুক্তিযোদ্ধা ও চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ। উত্তর আমেরিকা ও বহির্বিশ্ব ছাড়াও বাংলাদেশ ও পশ্চিম বাংলার উল্লেখযোগ্যসংখ্যক লেখক, শিল্পী ও প্রকাশক এ বছরের মেলায় অংশগ্রহণ করছেন।
জানা গেছে, মুক্তধারার নির্বাহী পরিষদের সদস্যরা এক টেলিকনফারেন্সে সর্বসম্মতভাবে এ বছরের সাহিত্য পুরস্কার সেলিনা হোসেনকে প্রদানের সিদ্ধান্ত নেন। এ কথা নিশ্চিত করে জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, এই পুরস্কারের অন্যতম মাপকাঠি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সমর্থন। সেলিনা হোসেনের সমগ্র সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সে যুদ্ধের চেতনার ধারণ ও লালন।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘সেলিনা হোসেনকে এই পুরস্কার দিতে পেরে আমরা গর্বিত।’
সেলিনা হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে হঠাৎ এই পুরস্কার পাওয়ায় ফারিয়া লারা ফাউন্ডেশন উপকৃত হবে। যতটা না আমি, তার চেয়ে অনেক বেশি খুশি হবে গ্রামের দুস্থ মানুষগুলো।’
মেলার শেষ দিন ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় বেলা ১১টায় ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৯টায় এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেলিনা হোসেন এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে।