নিউইয়র্কের বাংলা পত্রিকার মালিক-সম্পাদকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এক সভায় মালিক, সম্পাদক, প্রকাশকেরা
উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এক সভায় মালিক, সম্পাদক, প্রকাশকেরা

পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদ শিল্পের পেশাগত মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়মিত সভার করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সাপ্তাহিকের মালিক/সম্পাদক/প্রকাশকেরা।

১১ ডিসেম্বর উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এক সভায় মালিক/সম্পাদক/প্রকাশকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাঁচ বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে প্রকাশিত সাপ্তাহিকের প্রতিনিধিত্বকারী মালিক/সম্পাদক/প্রকাশকের অনেকেই সভায় উপস্থিত ছিলেন। নিউইয়র্কে পুরোনো পত্রিকাগুলোর মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বিজ্ঞাপন বাজার সম্প্রসারণ আর নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা। সভায় প্রতি মাসে অন্তত একবার করে নিজেরা বসে করণীয় ঠিক করার সিদ্ধান্ত নেন সম্পাদক আর মালিকেরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মণ্ডলীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ। সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক চৌধুরী সারোয়ারুল হাসান ব্যক্তিগতভাবে সভায় উপস্থিত থাকতে না পারলেও সভায় গৃহীত সব সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন।
সভায় প্রায় তিন দশক ধরে আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক পত্রিকাগুলোর ভূমিকা, কমিউনিটি সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে করণীয়, সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়। এ সময় ১১ ডিসেম্বর নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং দায়ী ব্যক্তির কঠোর শাস্তি দাবি করা হয়। আগামী বছরের ৮ জানুয়ারি মালিক/সম্পাদক/প্রকাশকদের পরবর্তী বৈঠক হবে।