পাকিস্তানের সঙ্গে সংলাপে প্রস্তুত ভারত, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে বসতে প্রস্তুত তাঁর দেশ। তবে এ জন্য ‘শান্তিপূর্ণ ও সন্ত্রাসবাদের ছায়াবিহীন’ একটি পরিবেশ প্রয়োজন। গতকাল শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া নিজের প্রথম ভাষণে মোদি এ কথা বলেন।
এদিকে আলোচিত যুক্তরাষ্ট্র সফরে এর আগের দিন শুক্রবার নিউইয়র্কে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাঁচ দিনের সফরে সেখানে গেছেন তিনি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
ভাষণে মোদি বলেন, দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথে এগিয়ে আসা ও যথাযথ পরিবেশ তৈরি করা এখন পাকিস্তানের ব্যাপার। সংলাপের এই আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যকার ইস্যুগুলোর সমাধানে অগ্রগতি লাভের পথ জাতিসংঘ নয়।’
গত শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর ও ভারত-পাকিস্তান বিষয়ে যে ‘রূঢ় ভাষণ’ দেন, সরাসরি সে বিষয়টি উল্লেখ না করে মোদি তাঁর ভাষণে আরও বলেন, এটি সংলাপকে থমকে দিয়েছে।
ভাষণে মোদি বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে বলেন, এ বিষয়ে মতপার্থক্য দূরে রেখে দেশগুলোর উচিত একটি সমন্বিত চুক্তি প্রণয়ন করা।
শুক্রবার নিউইয়র্কে পৌঁছে মোদি ম্যানহাটানের নিউইয়র্ক প্যালেস হোটেলে যান। এ হোটেলেই ২৯ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন তিনি। হোটেলে যাওয়ার পথে প্রবাসী ভারতীয়দের হাত নেড়ে শুভেচ্ছা জানান মোদি।
মোদি যুক্তরাষ্ট্রে পৌঁছে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিওর সঙ্গে। বৈঠকে বড় নগর পরিচালনার নানা বিষয়, বিশেষ করে সন্ত্রাসী হামলার হুমকি, পুলিশি ব্যবস্থা, নাগরিক আবাসনব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরে নোবেল পুরস্কারজয়ী চিকিৎসক হ্যারল্ড ভার্মাসের সঙ্গে বৈঠক করেন মোদি।
গতকাল নিউইয়র্কে নাইন-ইলেভেনের হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মোদির। একই দিন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর।