নিউইয়র্কের যোগাযোগব্যবস্থা আমেরিকার অন্যতম বাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবওয়েতে নানা বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে
সাবওয়েতে নানা বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে

আমেরিকার মধ্যে সবচেয়ে বাজে যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে নিউইয়র্ক শহরের যোগাযোগব্যবস্থা অন্যতম। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মাত্রই কিছুদিন আগে পৃথক এক জরিপে অন্যতম সেরা গণপরিবহনের তালিকায় নিউইয়র্ক শহরের কথা উঠে এসেছিল। সে সময় নিউইয়র্কের পথে প্রতিনিয়ত ভোগান্তি শিকার হওয়া যাত্রীসাধারণের চোখ কপালে উঠে গিয়েছিল। এখন সাম্প্রতিক এক জরিপের কথা উল্লেখ করে সবচেয়ে বাজে যোগাযোগব্যবস্থার তালিকায় নিউইয়র্কের অবস্থান ওপরের দিকে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

মানবসম্পদ উপদেষ্টা রবার্ট হফ গত সেপ্টেম্বরে আমেরিকার ২৭টি শহরের ২ হাজার ৭০০ চাকরিজীবীর ওপর একটি জরিপ চালান। এতে দেখা যায়, নিউইয়র্ক শহরের চাকরিজীবীদের প্রতিদিন গড়ে যাতায়াতে ৫৭ দশমিক ৯২ মিনিট ব্যয় হয়। বিবেচনাধীন শহরগুলোর মধ্যে এটি চতুর্থ। ৬০ দশমিক ৪২ মিনিট নিয়ে এ তালিকায় সবার শীর্ষে রয়েছে ওয়াশিংটন ডিসি। এর পরের অবস্থানে রয়েছে সান ফ্রান্সিসকো। শহরটির অধিবাসীদের প্রতিদিন যাতায়াতে ব্যয় ৫৯ দশমিক ২ মিনিট। আর ৫৮ দশমিক ৫ মিনিট সময় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শিকাগো শহর। এ ক্ষেত্রে জাতীয় গড় হচ্ছে ৪৯ দশমিক ১ মিনিট।
গত সপ্তাহে ২২টি শহরের ওপর আরকাডিস পরিচালিত জরিপে নিউইয়র্ক শহরের গণপরিবহনব্যবস্থা সবচেয়ে ভালো বলে স্বীকৃতি পেয়েছিল। যদিও বিশ্বের শীর্ষ ১০০টি শহরের মধ্যে শহরটির অবস্থান ২৩তম বলে তথ্য উঠে এসেছিল একই জরিপে। এর পেছনে কারণ ছিল গণপরিবহন-ব্যবস্থায় বিদ্যমান বৈচিত্র্য। কিন্তু যাত্রী ভোগান্তিতে ওই জরিপ কোনো শুশ্রূষা এনে দিতে পারেনি।

নিউইয়র্কের রাস্তায় যাত্রীদের অনেকটা সময় ব্যয় করতে হয় অপেক্ষাতেই। বিশেষত সাবওয়ে সিস্টেমে বিদ্যমান সংকট বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সাম্প্রতিক জরিপ বলছে আমেরিকার অন্য অনেক শহরের নিয়মিত যাত্রীদের চেয়ে নিউইয়র্কের যাত্রীরা কম মানসিক চাপে ভোগেন। এ তালিকায় নিউইয়র্কের অবস্থান নবম। এ ক্ষেত্রে মায়ামি, লস অ্যাঞ্জেলেস ও অস্টিন নিউইয়র্কের চেয়ে এগিয়ে রয়েছে। সাম্প্রতিক জরিপ সম্পর্কে রবার্ট হফ বলেন, ‘দীর্ঘ যাত্রা আর যাত্রাকালীন মানসিক চাপ এক বিষয় নয়। পর্যাপ্ত বিকল্প থাকার কারণেই যাত্রীরা কম মানসিক চাপে ভোগেন।’
জরিপে সাবওয়ের কারণে যাত্রীদের মধ্যে সৃষ্ট চাপের বিষয়টিও উঠে এসেছে। নিউইয়র্ক শহরের স্বাধীন বাজেট কার্যালয়ের অক্টোবরের প্রতিবেদন মতে, প্রতি সপ্তাহান্তের শুরুর দিন ট্রেন বিলম্বের কারণে নিউইয়র্কবাসীরা ৩৫ হাজার কর্মঘণ্টা হারান শুধু পথেই।
রবার্ট হফ বলেন, পথে কর্মঘণ্টা ব্যয় অর্থনীতির জন্য খুবই বাজে একটি বিষয়। এটি পরোক্ষে কর্মীর উৎপাদনশীলতাও নষ্ট করে ভয়াবহভাবে। বর্তমানে নিউইয়র্ক শহরের শ্রমবাজার বেশ ভালো। এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসা মেধাবী লোকজন প্রতিনিয়ত ভিড় করেন। কিন্তু এটি ঝুঁকিতে রয়েছে। কারণ, পথে দীর্ঘ সময় ব্যয় করে আসার পর কর্মস্থলে মেজাজ ধরে রাখা অনেক সময় কঠিন হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়িত্বও অনেক বড়। এ ক্ষেত্রে কর্মীদের প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বিশেষত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা কর্মীদের একটু থিতু হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত প্রতিষ্ঠানের।