নিউইয়র্কের রাস্তায় ডলারের ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের ওয়ালস্ট্রিটের রাস্তায় দোমড়ানো একটি এক ডলারের নোট পড়ে আছে। না কোনো স্বাভাবিক আকৃতির নয় এটি। তেমনটা হলে যে কেউ কুড়িয়ে নিলেই হতো। আলোচনাও হতো না। গড়নে ও দর্শনে ব্যতিক্রম বলেই গাড়ির সমান আকৃতির এক ডলারের এই নোট আলোচনার জন্ম দিয়েছে।

এটা বুঝতে কষ্ট হয় না যে, এই বিশাল আকৃতির এই দোমড়ানো ডলারের নোটের ওই অর্থে কোনো প্রায়োগিক মূল্য নেই। কিন্তু অন্য অর্থ যে আছে, তা সহজেই বোধগম্য। ডলারগুলো যে কারও পকেট থেকে ভুলে টুক করে পড়ে যায়নি তা তো এর ঢাউস আকারই বলে দেয়। প্রচল অর্থে প্রায়োগিক মূল্য না থাকলেও এই নোটের মাধ্যমে ছুড়ে দেওয়া হয়েছে এক বিশেষ বয়ান।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়, এই দোমড়ানো ঢাউস আকারের এক ডলারের এই নোট মূলত একটি ভাস্কর্য, যা গড়া হয়েছে প্রতিবাদের মাধ্যম হিসেবে। আর এই প্রতিবাদী বক্তব্যটি হাজির করেছেন ব্রুকলিনে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত দুই শিল্পী। আইসিওয়াই ও এসওটি নামের দুই সহোদর শিল্পী এই ‘এক ডলারের ভাস্কর্যে’র পরিকল্পনাকারী ও নির্মাতা। কিন্তু কেন তাঁরা ওয়ালস্ট্রিটের মতো একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় এমন এক ডলারের নোটের ভাস্কর্য গড়লেন? প্রশ্নটি থেকেই যায়।
দুই শিল্পীর ভাষ্যমতে, ডোনাল্ড ট্রাম্পের নতুন করনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা এমন ভাস্কর্য নির্মাণ করেছেন। কারণ নতুন এই করনীতিতে মূলত ধনীরাই লাভবান হবে। মধ্যবিত্ত কর্মজীবীদের জন্য এই করনীতিতে কোনো সুবিধাই রাখা হয়নি। ফলে কর পুনর্গঠনের নামে যে নতুন নীতি ঘোষণা করা হয়েছে তা বৈষম্য আর শোষণ ছাড়া কিছুই দেবে না।
এই শিল্পী ভ্রাতাদ্বয় ওয়ালস্ট্রিটের রাস্তায় এই ভাস্কর্য কিছু সময়ের জন্য ছবি তোলার উদ্দেশ্যে রেখেছিলেন। পরে ভাস্কর্যটি তারা সরিয়েও নেন। ফলে এতে বেআইনি কিছু করেননি বলে ভাস্করদ্বয় মনে করছেন। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার প্রধান তীর্থ হলো এই ওয়ালস্ট্রিট। এই দুমড়ে মুচড়ে ভাঁজ করা ‘এক ডলারের ভাস্কর্য’টি দিয়ে তারা পুঁজিবাদের লোভী ও হঠকারী চরিত্রের প্রকাশ ঘটিয়েছেন বলে এপিকে জানিয়েছেন।