নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর কে হচ্ছেন
নিউইয়র্কের প্রথম নারী রাজ্য গভর্নর হিসেবে ক্ষমতা গ্রহণ করছেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল। ক্যাথি হকুল ক্ষমতা গ্রহণের পর কে হচ্ছেন নতুন লেফটেন্যান্ট গভর্নর—এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। নাম প্রকাশ না করা হলেও নিউইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সিনেটর জামাল বেইলি এবং ব্রায়ান বেঞ্জামিনের নাম প্রকাশ হয়েছে।
যৌন হয়রানির দায় কাঁধে নিয়ে ক্ষমতা থেকে ২৪ আগস্ট সরে দাঁড়াচ্ছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। তাঁর পদত্যাগের কারণে রাজ্য আইনসভা অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণের উদ্যোগ থেকে সরে এসেছে।
নিউইয়র্ক রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদটি অনেকটাই আনুষ্ঠানিক। নানা অনুষ্ঠানে ফিতা কাটা ছাড়া লেফটেন্যান্ট গভর্নরকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে দেখা যায় না।
ক্যাথি হকুল গভর্নর হিসেবে অ্যান্ড্রু কুমোর বাকি মেয়াদের দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে। সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য ক্যাথি হকুল গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদের দায়িত্ব পালন করেই থামছেন না বলে এখন মনে হচ্ছে। আগামী বছরের নির্বাচনে তিনি প্রার্থীও হতে পারেন। নারী প্রার্থী হিসেবে বর্তমান অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নাম আলোচনায় রয়েছে। অ্যান্ড্রু কুমো নিজেও নির্বাচনে প্রার্থী হয়ে রাজনীতিতে টিকে থাকার শেষ চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
ক্যাথি হকুল ১৫ আগস্ট জানিয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর হিসেবে তিনি পছন্দের তালিকা সীমিত করে নিয়ে এসেছেন।
নাম প্রকাশ না করা হলেও নিউইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সিনেটর জামাল বেইলি এবং ব্রায়ান বেঞ্জামিনের নাম প্রকাশ হয়েছে। একজন ব্রঙ্কস থেকে এবং অন্যজন ম্যানহাটন থেকে রাজ্য আইনসভায় নির্বাচিত। কৃষ্ণাঙ্গদের মধ্যে দুজনেরই প্রভাব অনেক বেশি। ধারণা করা হচ্ছে, এ দুজনের একজনকে রানিং মেট করেই ক্যাথি হকুল আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন। সে ক্ষেত্রে লেটিশিয়া জেমসের পক্ষে কৃষ্ণাঙ্গদের সম্ভাব্য একক সমর্থনের দেয়ালে তিনি শক্ত আঘাত আনতে পারবেন।
রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর কে হচ্ছেন, তা হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যেই জানা যাবে। তবে নিউইয়র্ক রাজ্যের গভর্নর নির্বাচনের আগাম চালচিত্র দেখার জন্য আগামী কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।