নিউইয়র্কের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে নিউইয়র্কের ৬০০ হাইস্কুল শিক্ষার্থীর জন্য শিক্ষানবিশি প্রকল্প শুরু হয়েছে। চলতি বছর মোট ১৮৯টি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করবে এই শিক্ষার্থীরা। সম্প্রতি স্কুলস চ্যান্সেলর কারমেন ফ্যারিনা এ ঘোষণা দেন বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি। নিউইয়র্ক শহরের ক্যারিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইন্ডাস্ট্রি স্কলার্স প্রোগ্রামের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।
এ বিষয়ক ঘোষণায় কারমেন ফ্যারিনা বলেন, ‘শুরুতেই এ প্রকল্পের সঙ্গে এতগুলো স্কুলকে যুক্ত করতে পারাটা বিশেষ কিছু। আমরা এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করতে চাই। শিক্ষা খাতের সঙ্গে শিল্প খাতের যোগসূত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের ও কর্মক্ষেত্রের বিচিত্র অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে।’
শুরুতেই এ প্রকল্পের সঙ্গে এমটিএ, বার্চ কফি, নবু ৫৭, নেক্সট স্টেপ পিকচার্স, কর্ম মিডিয়া, সিটিস ডিভিশন অব স্কুল ফ্যাসিলিটিজসহ মোট ১৮৯টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে আর্থিক, প্রচারমাধ্যম, যোগাযোগ, প্রযুক্তি, সেবা খাতসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষকের সুপারিশসহ আবেদন করতে হবে। বসন্ত ও গ্রীষ্ম, বছরের এ দুই সময় যেকোনো হাইস্কুলের শিক্ষার্থী পূর্ণ অথবা খণ্ডকালীন শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারবে।
প্রতিবছর প্রকল্পটি পরিচালনায় শহর কর্তৃপক্ষের ব্যয় হবে দেড় মিলিয়ন ডলার। এ প্রকল্পের আওতায় শিক্ষানবিশ হিসেবে শিক্ষার্থীরা ঘণ্টাপ্রতি ১১ ডলার করে পাবে। আগামী কয়েক বছরের মধ্যে প্রকল্পটির পরিসর বাড়াতে চায় শিক্ষা বিভাগ। ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের সঙ্গে অন্তত তিন হাজার শিক্ষানবিশকে যুক্ত করতে চায় বিভাগটি।