নিউইয়র্কের শ্রোতাদের উচ্ছ্বাসে মুগ্ধ সেলিম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম চৌধুরী
সেলিম চৌধুরী

আমেরিকায় এই নিয়ে অনেকবার এসেছেন সেলিম চৌধুরী। আর আমেরিকাতে আসা মানেই বিভিন্ন শহরে অনুষ্ঠানে অংশ নিতে হয় বাংলাদেশের নামী এই সংগীতশিল্পীকে। এবারের সফরেও তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে তাঁর কাছে অন্য সব শহরের তুলনায় নিউইয়র্ক অনেকটাই ভিন্ন। সেলিমের ভাষায় ‘অসাধারণ’।
সেলিম চৌধুরী উচ্ছ্বসিত কণ্ঠে বললেন ‘এখানকার শ্রোতারা অনেক বেশি প্রাণবন্ত। পয়লা বৈশাখে জ্যাকসন হাইটসে প্রোগ্রাম করলাম। কিন্তু একবারও মনে হয়নি দেশের বাইরে আছি। বাংলাদেশে খোলা মঞ্চে গান গাইতে হলে ঘেমে যেতে হয়। এখানে সেটা নেই। তবে সামনে যত দূর চোখ যায় দেখলাম সবাই বাঙালি। গানের সঙ্গে সঙ্গে তাদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছে। অন্য যে কোনো শহরের চেয়ে নিউইয়র্কে প্রাণ অনেক বেশি।’
হাসন রাজার গান যারা ভালোবাসেন, তাদের কাছে সেলিম চৌধুরী পছন্দের একটি নাম। অন্যান্য ফোক ধরনের এবং আধুনিক গানও তিনি করেন। দুই সপ্তাহ হলো আমেরিকায় এসেছেন তিনি। অত্যন্ত বিনয়ী ও লাজুক এই মানুষটি এরই মধ্যে এসে আড্ডা দিয়ে গেলেন প্রথম আলো কার্যালয়ে। ১৭ এপ্রিল আটলান্টিক সিটিতে ঢালিউড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গান গেয়েছেন।
ইশতিয়াক আহমেদ রূপুর গাওয়া দুটি গান সম্প্রতি গেয়েছেন সেলিম। গান দুটি বেশ ভালো বাজার পেয়েছে। ইউটিউবেও শোনা যাচ্ছে। ‘আয়নার জলে ভেসে বেড়ায় বাউল সাধুর মন’ আর ‘না ভাসাইবো জলে কন্যা যদি ডুইবা যাও’—গান দুটি এখন সবার মুখে মুখে ফিরছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রো বায়োলোজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেছেন সেলিম চৌধুরী। তখন ভাবেননি পেশাদার গায়ক হবেন। কিন্তু শেষ পর্যন্ত তাই হলেন। সেলিম চৌধুরী হেসে বললেন, ‘এত কষ্ট করে পড়াশোনা করলাম, কিন্তু সেটা কোনো কাজেই লাগল না। তার চেয়ে মিউজিকের ওপরে পড়লে অনেক ভালো করতাম।’
ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত সেলিম চৌধুরী সময় কাটে গানবাজনা নিয়ে। পরিবার ও বন্ধুদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করেন এই শিল্পী। এ ক্ষেত্রে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অবদানের কথা বেশ শ্রদ্ধাভরে স্মরণ করেন সেলিম। কারণ তাঁর এক নাটকে সেলিম চৌধুরীর গাওয়া ‘আইজ পাশা খেলবো রে শ্যাম’ আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। ওটাই ছিল সেলিম চৌধুরীর সংগীত জীবনের টার্নিং পয়েন্ট।