নিউইয়র্কের সংস্কৃতি খাতে কন এডিসনের আট লাখ ডলার অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন (কনসোলিডেটেড এডিসন) নগরের শিল্প সংস্কৃতি খাতে চলতি মৌসুমে আট লাখ ডলার অনুদান ঘোষণা করেছে।

করোনা মহামারির বিপর্যয় থেকে বেরিয়ে আসা নগরের শিল্প সংস্কৃতির লোকজন গত দেড় বছর থেকে চরম অর্থনৈতিক চাপে আছেন। নগরের বৈচিত্র্যময় নানা সাংস্কৃতিক তৎপরতা, শিল্প প্রদর্শনী বন্ধ ছিল। আগামী সেপ্টেম্বর পর্যন্ত নানা প্রদর্শনী, নাটক ও উন্মুক্ত অনুষ্ঠানের জন্য কন এডিসন এ অর্থ ব্যয় করবে বলে জানিয়েছে।

নগরের অর্কেস্ট্রা অব সেন্ট লিউকসের প্রেসিডেন্ট জেমস রাওই জানিয়েছেন, এবারের গ্রীষ্মে নগরের শিল্প সংস্কৃতিতে কন এডিশন জ্বালানি সরবরাহ করার প্রয়াস নিয়েছে। পাঁচটি বরোর পার্কগুলোতে উন্মুক্ত অনুষ্ঠান হবে। টিকিট ছাড়াই এসব অনুষ্ঠান দেখতে পারবে নগরবাসী। মহামারির বিপর্যয় কাটিয়ে নগরের লোকজনের উচ্ছ্বাস ফিরিয়ে আনার এখন সময় বলে তিনি মন্তব্য করেছেন।

৪০টির বেশি অনুষ্ঠানের মাধ্যমে কন এডিসন নগরের শিল্প সংস্কৃতির এ কোলাহলে অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। ব্রুকলিন আর্ট এক্সচেঞ্জ, ম্যাডিসন স্কয়ার পার্ক কনজারভেটরি এবং কুইন্স থিয়েটার এসব অনুষ্ঠান করবে। উন্মুক্ত উদ্যানের এসব মনকাড়া অনুষ্ঠান উন্মুক্ত থাকবে সর্ব সাধারণের জন্য। নগরের ঐতিহ্যবাহী শেক্‌সপিয়ার মঞ্চের প্রদর্শনীও এবার দেখা যাবে উন্মুক্ত উদ্যানের অনুষ্ঠানমালায়।

কুইন্স থিয়েটারের নির্বাহী পরিচালক তারিন সেক্রেমোর বলেন, তিন শতাধিক শিল্পী এসব প্রদর্শনীতে অংশ দেবেন। কন এডিসনের এ বদান্যতা কৃতজ্ঞতার। এর মাধ্যমে শিল্প সংস্কৃতির প্রতি প্রতিষ্ঠানটি তাদের ভালোবাসা ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কন এডিসনের দেওয়া অর্থ সাহায্য থেকে শিল্পীদের সম্মানী ও মজুরি দেওয়া হবে। যেহেতু উচ্চমূল্যের টিকিট বিক্রি করে এসব প্রদর্শনী করা হয়ে আসছে নিউইয়র্কে। মহামারিতে প্রদর্শনী বন্ধ থাকায় এসবের সঙ্গে জড়িত শিল্পী ও শিল্প কর্মীরা কার্যত কর্মহীন হয়ে পড়েন। কন এডিশনের বদান্যতায় এসব শিল্পের সঙ্গে জড়িত লোকজন আবার কাজে নেমে পড়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নগরের সব পর্যায়ের লোকজন প্রদর্শনীগুলো দেখারও সুযোগ পাবে।

জুন থেকে চালু হওয়া প্রদর্শনীগুলো সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। নগরব্যাপী বিভিন্ন প্রদর্শনীর সময়সূচি কন এডিসন ও নগরের পার্ক বিনোদনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।