নিউইয়র্কের সাবওয়েতে এ কোন বিকৃতি!

রিগি ফ্র্যাংক। নিউইয়র্ক নগরের পাতালরেলের নিয়মিত এই যাত্রীর চোখ সব সময় নারী খুঁজে বেড়ায়। না প্রেমের প্রস্তাব দিতে নয়। এমনকি কোনো নারীকে শারীরিকভাবে পীড়নও করেন না তিনি। কিন্তু যা করেন, তা আরও ভয়াবহ। তিনি পাতালরেলের নারী যাত্রীদের সামনে বসে হস্তমৈথুন করেন। এটাই তাঁর একমাত্র উদ্দেশ্য। নিউইয়র্ক শহরের পাতালরেলে এই ধরনের বিকৃত মস্তিষ্কের লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
গত বছর পাতালরেলে এ ধরনের অসুস্থ ক্রিয়াকলাপের অভিযোগে মোট ৩৭৬টি মামলা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কর্তৃপক্ষ। আগের বছর এ ধরনের ঘটনা ঘটেছিল ২৯৬টি। অর্থাৎ এক বছরে এমন যৌন বিকৃতির ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। অভিযোগ দায়ের হয়েছে শুধু এমন ঘটনাকে বিবেচনায় নিয়ে এই হিসাব দিয়েছে এনওয়াইপিডি। বলার অপেক্ষা রাখে না যে পাতালরেলে সংঘটিত এসব বিকৃতির অভিযোগ সব সময় পুলিশ পর্যন্ত গড়ায় না।
এনওয়াইপিডির তথ্যমতে, ১০ বছর ধরেই নিউইয়র্ক শহরে এ ধরনের যৌন বিকৃতির ঘটনা বাড়ছে। এখন পর্যন্ত ২০১৭ সালেই এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে, যা ২০১২ সালের চেয়ে ৯৮ শতাংশ বেশি। আর ২০০৭ সালের হিসাব ধরলে এই বৃদ্ধি প্রায় ১২০ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, যৌন বিকৃতির কারণে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর এ কারণেই এ ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে।
এ বিষয়ে যৌন বিকৃতি নিয়ে কাজ করা সংগঠন মাস্টার্ড সিডের সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম ফোর্ড নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এই ধরনের ব্যক্তির যৌন চাহিদা এতটাই বেশি হয় যে, তা অন্যকে পীড়নের দিকে তাকে নিয়ে যায়। ফলে তারা জনসমাগমস্থলকেই বিকৃতি প্রদর্শনের স্থান হিসেবে বেছে নেয়। তারা এটি ধারাবাহিকভাবে করতে থাকে। এ ধরনের ব্যক্তির বিকৃত কর্মকাণ্ডের শিকার হয় হাজার হাজার মানুষ।’
এনওয়াইপিডির কর্মকর্তারা বলছেন, দশ বছর ধরেই ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা বাড়ছে। এটা হঠাৎ করে হয়নি। এর সঙ্গে অনেক কিছু জড়িত।
অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ) সাধারণ মানুষকে এ সম্পর্কে সচেতন করে তুলতে বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে গণপরিবহনে যেকোনো ধরনের যৌন অপরাধ সংঘটনরোধে সংশ্লিষ্ট ঘটনার প্রমাণ রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ জন্য সবাইকে স্মার্টফোন ব্যবহারের অনুরোধ করছে এমটিএ কর্তৃপক্ষ।
অপরাধের বিপরীতে পুলিশের কাছে জমা পড়া অভিযোগের সংখ্যা দিয়ে এই ধরনের বিকৃতির বিস্তৃতি সম্পর্কে যথার্থ ধারণা পাওয়া সম্ভব নয়। এটা এখন অনেকটা নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিউইয়র্কে। এমনকি একই অভিযোগে একই ব্যক্তি বারবার ধরা পড়ছে। ফিরে এসে ফের একই কাণ্ড ঘটাচ্ছে সেই ব্যক্তি। রিগি ফ্র্যাংকের কথাই ধরা যাক। এখন পর্যন্ত পাতালরেলে বিকৃত যৌন আচরণ করে সাতবার ধরা পড়েছেন তিনি। এর মধ্যে গত মাসেই দুবার।
২০১৫ সালে ফ্র্যাংকের আচরণে ভুক্তভোগী হয়েছিলেন টিফানি জ্যাকসন। নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, ‘সে (ফ্র্যাংক) এখনো পথেঘাটে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন ট্রেনে চড়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এটা রীতিমতো ভয়ংকর।’
এ ধরনের আচরণের অভিযোগে একাধিকবার ধরা পড়েছে এমন ব্যক্তিদের একটি তালিকা রয়েছে এনওয়াইপিডির কাছে। তাদের ওপর নজরদারি করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ট্রেনে এ ধরনের কর্মকাণ্ডের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতেনাতে ধরতে সাদাপোশাকে কর্মকর্তারাও কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কিন্তু পুলিশের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপকেই যথেষ্ট মনে করছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, এই সমস্যা ফৌজদারি বিচার ব্যবস্থায় বিদ্যমান সংকটকেই সামনে আনছে। বিদ্যমান আইনে এই ধরনের কর্মকাণ্ডকে লঘু অপরাধ হিসেবে দেখা হয়। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড কিংবা এক বছরের পর্যবেক্ষণের বিধান রয়েছে। আর একই বছরে একই অপরাধে দ্বিতীয়বার ধরা পড়লে রয়েছে সর্বোচ্চ এক বছরের করাদণ্ড। এই আইন জনসমাগমস্থলে যৌন বিকৃতি রোধে কোনোভাবেই যথেষ্ট নয়।
নিউইয়র্ক নগরের স্বাস্থ্য ও হাসপাতাল বিভাগের মুখপাত্র জানান, এমন অপরাধের দায়ে কারাভোগ করা বন্দীদের মানসিক চিকিৎসা দিতে ব্যবস্থা রয়েছে। নিয়মিতভাবে তা দেওয়াও হয়। কিন্তু তারপরও এই অপরাধ রোধ করা যাচ্ছে না।
তার এই বক্তব্যের প্রমাণ পাওয়া যায় রিগি ফ্র্যাংকের ঘটনায়। বহুবার কারাভোগ ও সেখানে মানসিক চিকিৎসা পেলেও এই ব্যক্তি বিকৃতি কাটিয়ে উঠতে পারেনি। অর্থাৎ এই ধরনের বিকৃতিরোধে নগর কর্তৃপক্ষ যেসব উপসমের কথা ভাবছে তা কাজ করছে না।
ম্যানহাটনের আইনজীবী ম্যাথিউ গালুজ্জু নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এই সমস্যার সমাধান এত সহজ নয়। তাদের কারাভোগের মেয়াদ বাড়ালে, তারা হয়তো পথ ও পাতালরেল থেকে দীর্ঘ সময় দূরে থাকবে, কিন্তু তাদের সমস্যার সমাধান হবে না।’
সংকট নিরসনে নগর কর্তৃপক্ষ মানসিক চিকিৎসার ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কিন্তু তারপরও এর সমাধান না হওয়ার পেছনে চিকিৎসাপদ্ধতি ও এর সময়সীমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিশেষজ্ঞরা। মাস্টার্ড সিডের সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম ফোর্ড বলেন, ‘এসব ব্যক্তির নিবিড় চিকিৎসা প্রয়োজন। আমাদের বিচারে অন্তত এক বছর তাদের নিরবচ্ছিন্ন চিকিৎসার অধীনে রাখা উচিত। বর্তমানে আমার অধীনে একজন চিকিৎসাধীন রয়েছে। ওই ব্যক্তি দশ বছর ধরে এই কাজ করে আসছে। তার আচরণে ভুক্তভোগীর সংখ্যা ১০ হাজারেরও বেশি হবে। এখন সে মানসিক সহায়তা নিতে এসেছে। ফলে তার অবস্থার উন্নয়ন রাতারাতি সম্ভব নয়।’
এই ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করছেন ড. রিচার্ড ক্রুয়েগার। ২০ বছর ধরে তিনি এমন বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের মানসিক চিকিৎসা দিচ্ছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এই সহযোগী অধ্যাপক নিউইয়র্ক ডেইলিকে বলেন, এই চিকিৎসার পদ্ধতির সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসাপদ্ধতির সাদৃশ্য রয়েছে। এই ক্ষেত্রে একটু একটু করে প্রস্তুত করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। কিন্তু এটি কাজ না করলে তখন ওই ব্যক্তির টেস্টোস্টেরন হরমোনের মাত্রা নিরূপণ করে, তা নিয়ন্ত্রণে আনতে পৃথক চেষ্টা করা হয়। যথাযথ ওষুধ প্রয়োগের মাধ্যমে এই নিয়ন্ত্রণ করা হয়। এটি সফল হলে সংশ্লিষ্ট ব্যক্তি বিকৃত আচরণ থেকে সরে আসতে পারে।