নিউইয়র্কের সাবওয়েতে হামলায় জড়িত সন্দেহে একজনের নাম প্রকাশ
নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির নাম প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম ফ্রাঙ্ক আর জেমস। তাঁর বয়স ৬২ বছর। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর হামলায় আহত হন ২০ জনের বেশি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারী। এরপর মঙ্গলবার রাতে একটি সংবাদ সম্মেলন করে নিউইয়র্ক পুলিশ। তারা জানায়, হামলার ঘটনায় ‘পারসন অব ইন্টারেস্ট’ হিসেবে ফ্রাঙ্ক আর জেমসকে শনাক্ত করেছে তারা। এর মানে হলো এ হামলার সন্দেহভাজন হিসেবে ফ্রাঙ্ক আর জেমসের নাম প্রকাশ করা হয়নি।
পারসন অব ইন্টারেস্ট হিসেবে শনাক্ত করার মানে হলো এ অপরাধের ঘটনার ব্যাপারে এ ব্যক্তির কাছে তথ্য থাকতে পারে। ফ্রাঙ্কের দুটি ছবিও প্রকাশ করেছে পুলিশ। ছবিতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দেখা গেছে। দুটি ছবির একটিতে তিনি কমলা রঙের টি-শার্ট পরে আছেন। আরেকটি ছবিতে তাঁকে গাড়িতে ওঠার পর সিট বেল্ট বাঁধতে দেখা যাচ্ছে।
পুলিশের তথ্য অনুসারে গাড়িটি ফিলাডেলফিয়া থেকে ভাড়া করা হয়েছিল। হামলাস্থল থেকে গাড়ির চাবি উদ্ধার করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগে গোয়েন্দাপ্রধান জেমস এসিগ বলেন, ‘ট্রেনের সঙ্গে তাঁর (হামলাকারীর) কোনো সংযোগ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।’
পুলিশ বলেছে, হামলাকারীর হাতে একটি গ্লক নাইন এমএম আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছিল। নিউইয়র্ক পুলিশের প্রধান এসিগ বলেন, তিনি (হামলাকারী) ওই অস্ত্র থেকে অন্তত ৩৩টি গুলি ছুড়েছেন। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ ছাড়া স্মোক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ার কারণে কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে লাফ দেওয়ার কারণে আরও ১৩ জন আহত হয়েছে। তবে আহত ব্যক্তিরা সবাই শঙ্কামুক্ত বলে আশা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে গ্লক হ্যান্ডগানসহ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ফ্রাঙ্ককে ধরার চেষ্টা করছে। কেউ তাঁর সন্ধান জানলে হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কেউ ফ্রাঙ্কের ব্যাপারে তথ্য দিতে পারলে ৫০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। পুলিশের তথ্যানুসারে বন্দুকধারীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ওজন ৭৭ কেজি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উইসকনসিন ও ফিলাডেলফিয়ায় জেমসের বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু বিদ্বেষমূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি। খুব সম্প্রতি নিউইয়র্ক শহরের মেয়র এরিক এডামসের সমালোচনা করতেও দেখা গেছে তাঁকে।