নিউইয়র্কের সেরা ৫ স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক শহরের পাঁচটি বোরোতে স্কুল রয়েছে অনেক। এসব স্কুলের মধ্যে সেরা কোনটি? এ প্রশ্নের উত্তর খুঁজতে যৌথভাবে কাজ করেছে ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুলের সাফল্য-ব্যর্থতার হিসাব করে এই তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠান দুটি।

সেরা স্কুলের তালিকা তৈরিতে শুরুতেই নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরীক্ষায় স্কুলগুলোর শিক্ষার্থীদের সাফল্য বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে অ্যাডভান্সড প্লেসমেন্ট টেস্টে কতজন অংশ নিয়েছে তা-ও বিবেচনা করা হয়েছে। আর স্কুলের পরিবেশ, বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য গৃহীত ব্যবস্থা ইত্যাদিও ছিল বিচার-বিশ্লেষণের আওতায়। সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে সেরা ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তুলে ধরা হয়েছে। এর মধ্যে সেরা পাঁচ বিদ্যালয়ের তথ্য এখানে উপস্থাপন করা হলো—

হাইস্কুল অব আমেরিকান স্টাডিজ অ্যাট লেহমান কলেজ
হাইস্কুল অব আমেরিকান স্টাডিজ অ্যাট লেহমান কলেজ

হাইস্কুল অব আমেরিকান স্টাডিজ অ্যাট লেহমান কলেজ
ব্রংকসের গোল্ডেন অ্যাভিনিউয়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে তালিকার শীর্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাসের হার ৯৯ শতাংশ। প্রতিবছর গড়ে ৩৬৯ জন শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে পাস করে বের হয়। স্নাতক পর্যায়ে ভর্তির জন্য প্রয়োজনীয় স্যাট পরীক্ষায়ও স্কুলটির শিক্ষার্থীরা যথেষ্ট ভালো সাফল্য দেখাচ্ছেন। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১ হাজার ৬০০ নম্বরের এই পরীক্ষায় গড়ে ১ হাজার ৩৮৯ নম্বর পান। সংবিধান থেকে ফৌজদারি আইন কিংবা মনোদৈহিক বিজ্ঞান থেকে শুরু করে সাংবাদিকতা প্রায় সব ধরনের বিষয় সম্পর্কে শিক্ষার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতি নিতে হয়। ভর্তির জন্য নিউইয়র্ক শহরের বিশেষায়িত উচ্চবিদ্যালয়ের জন্য নির্ধারিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। আর ভর্তির বিষয়টি নির্ভর করে ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর।

প্যান আমেরিকান ইন্টারন্যাশনাল হাইস্কুল অ্যাট মনরো
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিও ব্রংকসেই। ব্রংকসের ১৩০০ বয়টোন অ্যাভিনিউয়ের এই বিদ্যালয়ে শিক্ষার্থী অংশগ্রহণের হার ৪৪১। পাসের হার ৮৪ শতাংশ। এর শিক্ষার্থীদের মধ্যে গড়ে ৩৯ শতাংশেরই কলেজে প্রবেশের যোগ্যতা রয়েছে। স্যাট স্কুলের দিক থেকেও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। স্যাট পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে ৭০০ নম্বর পায়। এ স্কুলে ভর্তির ক্ষেত্রে নেওয়া হয় ইংরেজি ভাষায় দক্ষতাবিষয়ক পরীক্ষা। স্কুলটির সব শিক্ষার্থীই হয় হিসপানিক অথবা স্প্যানিশ ভাষাভাষী হওয়ায় এই ব্যবস্থা। মূলত অভিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফল করছে। গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, চারুশিল্পসহ বিচিত্র সব বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয়, যা অভিবাসী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মজবুত ভিত তৈরি করে দেয়।

প্যান আমেরিকান ইন্টারন্যাশনাল হাইস্কুল অ্যাট মনরো
প্যান আমেরিকান ইন্টারন্যাশনাল হাইস্কুল অ্যাট মনরো

হাইস্কুল ফর ম্যাথমেটিকস, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট সিটি কলেজ
ম্যানহাটনের ২৪০ কনভেন্ট অ্যাভিনিউয়ের এই প্রতিষ্ঠানে বছরে শিক্ষার্থী অংশগ্রহণের হার ৪৭৫। আর বছরে গড়ে ৯৯ শতাংশ শিক্ষার্থীই সাফল্যের সঙ্গে তাদের শিক্ষা সম্পন্ন করতে পারে। স্যাট পরীক্ষায়ও শিক্ষার্থীরা বেশ সফল। এই পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে ১ হাজার ৩৭১ নম্বর পেয়ে থাকে। আর কলেজ পর্যায়ের শিক্ষার জন্য গড়ে ৯৯ শতাংশ শিক্ষার্থী যোগ্যতা অর্জন করে। স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান, ভাষা, প্রযুক্তিসহ বিচিত্র সব উন্মুক্ত রয়েছে এই প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা চাইলে নিজের পছন্দমতো বিভিন্ন বিষয় বেছে নিতে পারে। প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য নিউইয়র্ক শহরের বিশেষায়িত উচ্চবিদ্যালয়ের জন্য নির্ধারিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। আর ভর্তির বিষয়টি নির্ভর করে ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর।

স্ট্যাটন আইল্যান্ড টেকনিক্যাল হাইস্কুল
স্ট্যাটন আইল্যান্ডের ৪৮৫ ক্লসন স্ট্রিটের এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণের হার ১ হাজার ২৭৯। গড়ে শতভাগ পাসের হার রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। স্যাট পরীক্ষায় গড়ে ১ হাজার ৩৬৯ নম্বর পাওয়ার সাফল্য রয়েছে স্কুলটির শিক্ষার্থীদের। আর কলেজে প্রবেশের যোগ্যতার বিচারেও শতভাগ সফল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রয়েছে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, চারুশিল্পসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ। বাড়তি হিসেবে রয়েছে বিভিন্ন ভাষা ও লেখার ওপর চার বছর মেয়াদি কোর্স। বিশেষায়িত অন্য উচ্চবিদ্যালয়ের মতোই এ প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে হয়। এ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই প্রতিষ্ঠানে ভর্তি করা হয় শিক্ষার্থীদের।

হাইস্কুল ফর ডুয়েল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এশিয়ান স্টাডিজ
ম্যানহাটনের এই বিদ্যালয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম দুটি ভাষায় পরিচালিত হয়। এর একটি ইংরেজি, অন্যটি মান্দারিন। ম্যানহাটনের ৩৫০ গ্র্যান্ড স্ট্রিটের এই শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে গড়ে ৪২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর অর্ধেক ইংরেজি ভাষাভাষী, বাকি অর্ধেক মান্দারিন ভাষাভাষী। ৯৯ শতাংশ পাসের হারের এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য বেশ ঈর্ষণীয়। কলেজে প্রবেশযোগ্যতার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ সফল। গড়ে প্রতিবছর ৯২ শতাংশ শিক্ষার্থীই এই যোগ্যতা অর্জন করেছে। আর গড় স্যাট স্কোর ১ হাজার ৭৫। স্কুলটিতে ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ভর্তি পরীক্ষা না থাকলেও আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য শিক্ষার্থীদের বেছে নিতে গ্রেড, মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। এটি মূলত স্কুল কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।