নিউইয়র্কের স্কুলগুলোয় শিক্ষার্থী পীড়ন বেড়েছে
নিউইয়র্কের স্কুলগুলোয় শিক্ষার্থী পীড়নের ঘটনা বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠী কিংবা অন্য কারও দ্বারা বিভিন্ন ধরনের পীড়নের ঘটনা আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। নিউইয়র্কের বিভিন্ন স্কুলে পরিচালিত জরিপের তথ্য বিশ্লেষণ করে ২০ আগস্ট এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজ।
নিউইয়র্কের শিক্ষা বিভাগের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছর মোট ৪ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী জরিপে অংশ নিয়েছে। এর মধ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে বিভিন্ন ধরনের হেনস্তা ও পীড়নের শিকার হয় বলে জানিয়েছে ৮১ শতাংশ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর বয়স ৬-১২ বছরের মধ্যে। গত বছর এ হার ছিল ৭১ শতাংশ। ওই বছর জরিপটিতে অংশ নেয় ৪ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। জরিপে চার ধরনের পীড়নের বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়েছিল।
নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা রয়েছে। সাম্প্রতিক এ তথ্য এ সমালোচনাকে আরও উসকে দিয়েছে। সরকারি স্কুলে শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে কাজ করা একটি গ্রুপের সিইও জেরেমিয়াহ কিটরেজ এ বিষয়ে ডেইলি নিউজকে বলেন, ‘ডি ব্লাজিওর নেতৃত্বে নিউইয়র্কের স্কুলগুলোর পরিবেশের তেমন কোনো উন্নতি হয়নি। বরং ক্রমেই এসব স্কুলের নিরাপত্তা আরও সংকটের মুখে পড়ছে। এ সংকট নিরসনে মেয়রকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। শিশুদের নিরাপত্তা সাধারণ কোনো বিষয় নয়।’
শহর কর্তৃপক্ষ পরিচালিত এ জরিপে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মতামতও নেওয়া হয়। পূর্ণাঙ্গ প্রতিবেদনটি ৮ আগস্ট অনলাইনে প্রকাশ করেছে শহরের শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের মুখপাত্র উইল ম্যানটেল বলেন, এ বছর জরিপের প্রশ্নে কিছু পরিবর্তন আনা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান সঠিকভাবে নিরূপণের স্বার্থেই এটি করা হয়। যদিও কিছু বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান নির্ণয়ের এ পদ্ধতি নিয়েও সংশয় রয়েছে।
এ বছরের জরিপে বেশ কিছু পীড়নের ধরনের তথ্যও উঠে এসেছে, যা আশঙ্কাজনক। উইল ম্যানটেল জানান, ২০১৬ সালের জরিপের তথ্যমতে, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে পীড়নের শিকার হয় বলে জানিয়েছিল ৫১ শতাংশ শিক্ষার্থী। চলতি বছর এ হার বেড়ে ৬৫ শতাংশে দাঁড়িয়েছে। এসব শিক্ষার্থী ধর্ম, বর্ণ, জাতীয়তা ও নৃতাত্ত্বিক ভিন্নতার কারণে সহপাঠীসহ বিভিন্ন জনের কাছ থেকে পীড়নের শিকার হয় বলে জানিয়েছে। একইভাবে ২০১৬ সালে ৫৫ শতাংশ শিশু পরস্পরকে শারীরিক গঠন ও অক্ষমতা নিয়ে হেনস্তা করে বলে জানিয়েছিল। চলতি বছর এ হার বেড়ে ৭৩ শতাংশে দাঁড়িয়েছে।
এ ধরনের পীড়নের ঘটনা বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, শৈশবেই এ ধরনের পীড়নের শিকার হলে প্রাপ্ত বয়সে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনে চর্চা পীড়িতর পাশাপাশি পীড়ন চালানো শিশুটির মানসিক গঠনেও ভীষণ রকম নেতিবাচক পরিবর্তন আনতে পারে।