নিউইয়র্কের স্বাস্থ্যবিধি উঠে যাচ্ছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে করোনা মহামারিতে সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি আরও শিথিল করা হয়েছে। ১৪ জুন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পুরো স্বাস্থ্যবিধি যেকোনো সময় তুলে নেওয়া হবে। আগামী ৪ জুলাইয়ের পর থেকে স্বাভাবিক হবে নিউইয়র্ক।
যুক্তরাষ্ট্রে ১৫ জুন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ছয় লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনার টিকাদান কর্মসূচিও চলছে বিপুল হারে। বিপুল হারে টিকা দেওয়ায় করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। এ অবস্থায় দেশটির অধিকাংশ অঙ্গরাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেত গ্রীষ্মের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে এরই মধ্যে বিধিনিষেধ শিথিল করেছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া। এর ফলে অনেক মার্কিনরা এবার একটি স্বাভাবিক গ্রীষ্ম উপভোগ করতে পারে।
গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে করোনার টিকাদান শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যে হারে কমে গেছে। দেশটিতে এখন গড়ে দৈনিক করোনায় মৃত্যু ৩৪০ জন। মধ্য জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৩ হাজার ৪০০-এর বেশি। এ ছাড়া সোয়া এক লাখ থেকে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৪ হাজারে এসে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউরোপ সফরকালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃত্যু নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে। তবে এখনো অনেক লোকের মৃত্যু হচ্ছে। এখনো আমাদের সুরক্ষাব্যবস্থা উঠিয়ে নেওয়ার সময় হয়নি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ৬৫ শতাংশ আমেরিকান টিকার অন্তত এক ডোজ পেয়েছেন। এঁদের মধ্যে ৪০ শতাংশ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। তবে টিকা নেওয়ার ব্যাপারে মার্কিনদের আগ্রহের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। জুলাই পর্যন্ত টিকা দেওয়ার জন্য বাইডেন প্রশাসন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১১ লাখ মানুষ টিকা গ্রহণ করছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে দৈনিক এই সংখ্যা ছিল ৩৩ লাখের বেশি। তবে সামগ্রিক চিত্র দ্রুত উন্নতির কারণে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া তাদের বিধিনিষেধ শিথিল করেছে। করোনার কারণে দেশটিতে সর্বপ্রথম লকডাউন জারি করা হয়েছিল এই অঙ্গরাজ্যে। সামাজিক দূরত্বসহ রেস্তোরাঁ, বার, সুপারমার্কেট, জিম, স্টেডিয়াম এবং অন্যান্য জায়গাগুলোতে লোকজনের প্রবেশের যে সীমাবদ্ধতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। গ্রীষ্মের ছুটিতে পুরোপুরি খুলে গেছে ক্যালিফোর্নিয়া।
এ ছাড়া ডিজনিল্যান্ডে আগে শুধু ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এখন এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ১৫ জুন বলেছেন, রাজ্যের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। এর ফলে রাজ্যের বিধিনিষেধ শিথিল হতে চলেছে। এই নতুন পরিস্থিতি ও বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি আতশবাজি ফুটিয়ে উদ্যাপন করা হবে।
গভর্নর বলেন, ৭০ শতাংশ লোক টিকা পাওয়ার অর্থ হলো আমরা এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, তাপমাত্রা মাপা ও জমায়েতের ওপর যেসব বিধিনিষেধ ছিল তার সবই তুলে নেওয়া হবে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এ উপলক্ষে আতশবাজি ফোটানো হবে। আগামী ৪ জুলাইয়ের পর থেকে স্বাভাবিক হবে নিউইয়র্ক।