নিউইয়র্কের হামলাকারীকে 'যোদ্ধা' দাবি আইএসের

নিউইয়র্কে ট্রাক নিয়ে হামলা চালানো সাইফুল্লা হাবিবুলেভিক সাইপোভকে (২৯) নিজেদের ‘যোদ্ধা’ দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় আটজন মারা যায়।
এই জঙ্গিগোষ্ঠীর সংবাদপত্রের বরাত দিয়ে জঙ্গিদের ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, আইএসের সাপ্তাহিক পত্রিকা আল-নাবার সর্বশেষ সংখ্যার প্রতিবেদনে বলা হয়েছে যে আইএসের একজন ‘যোদ্ধা’ নিউইয়র্কে গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন।
সাইফুল্লা উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসী। তিনি ২০১০ সালে যুক্তরাষ্ট্রে যান। তখন তিনি ওহাইওতে থাকতেন। সেখান থেকে তিনি ফ্লোরিডায় যান। পরে নিউজার্সিতে থাকতে শুরু করেন। ৩১ অক্টোবর তিনি হোম ডিপো নামের দোকান থেকে ভাড়া করা ট্রাক নিয়ে ব্যস্ত ম্যানহাটনে হামলা চালান। হামলার ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্রোপচারের পর ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার দিন বেলা ৩টার দিকে ট্রাক নিয়ে সাইফুল্লা ম্যানহাটনের পশ্চিম দিক থেকে বাইক লেনে ঢুকে পড়েন। পরে চেম্বার স্ট্রিটের মোড়ে একটি স্কুলবাসের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। সাইফুল্লা গাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেলেও পরে জানা গেছে, সেটি ছিল খেলনা বন্দুক। এলাকায় টহলে থাকা পুলিশ গুলি করলে সাইফুল্লার পেটে লাগে। পুলিশ তখন তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সাইফুল্লা বলেছেন যে তিনি আইএসের আদর্শের অনুসারী। এ হামলার ঘটনায় তিনি অনুতপ্ত নন, বরং তিনি যা করেছেন, তা ভালো করেছেন বলে মনে করেন। এমনকি তিনি তাঁর হাসপাতালের কক্ষে আইএসের পতাকা টাঙাতে চেয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের কর্মকাণ্ডের দ্বারা উদ্বুদ্ধ হন বলে পুলিশ প্রমাণ পেয়েছে। তাঁর কাছ থেকে এমন কিছু প্রমাণ পুলিশ উদ্ধারও করেছে।
আল-নাবার প্রবন্ধে আইএস বলছে, হামলাটি সফল হয়েছে। এর মাধ্যমে মার্কিনিদের মনে ভীতি জেগেছে।
এর আগে গত মাসে লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় ৫৮ জন নিহত হয়। আইএস তখন দাবি করেছিল, তাদের একজন যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ ধরনের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে নিউইয়র্কে হামলার দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।