নিউইয়র্কের হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক দিয়ে হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা হাবিবুলেভিক সাইপোভ। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক দিয়ে হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা হাবিবুলেভিক সাইপোভ। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাক দিয়ে হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার সাইফুল্লা হাবিবুলেভিক সাইপোভের (২৯) বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলের এ হামলায় আটজন নিহত হয়। এর মধ্যে পাঁচজন আর্জেন্টিনার নাগরিক। ১০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা ঘটনা ঘটে। সেই সন্ত্রাসী হামলার স্মৃতিজড়িত গ্রাউন্ড জিরো এলাকার কাছাকাছি এবারের হামলার ঘটনা ঘটল।

সাইফুল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উজবেকিস্তান থেকে আসা অভিবাসী। গ্রেপ্তারের পর তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। যে ট্রাক নিয়ে তিনি হামলা চালিয়েছেন, সেই ট্রাকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা, ‘আইএসের (ইসলামিক স্টেট) পক্ষ থেকে এ হামলা।’

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাইফুল্লা ২০১০ সালে যুক্তরাষ্ট্রে যান। তখন তিনি ওহাইওতে থাকতেন। সেখান থেকে তিনি ফ্লোরিডায় যান। পরে নিউজার্সিতে থাকতে শুরু করেন।

ওই দিন বেলা তিনটার দিকে হোম ডিপো নামের দোকান থেকে ভাড়া করা ট্রাক নিয়ে সাইফুল্লাকে ব্যস্ত ম্যানহাটনের পশ্চিম দিক থেকে বাইক লেনে প্রবেশ করতে দেখা যায়। পরে চেম্বার স্ট্রিটের মোড়ে একটি স্কুলবাসের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। সাইফুল্লা গাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেলেও পরে জানা গেছে, সেটি ছিল খেলনা বন্দুক। এলাকায় টহলে থাকা পুলিশ গুলি করলে সাইফুল্লার পেটে লাগে। পুলিশ তখন তাঁকে গ্রেপ্তার করে।