নিউজউইকের টুইটারে মার্টিন লুথার কিংয়ের বিতর্কিত ছবি

কফিনে শায়িত মার্টিন লুথার কিং জুনিয়রের একটি ছবি টুইটারে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক। ১ জানুয়ারি ২০১৮ সালের গুরুত্বপূর্ণ বিভিন্ন বর্ষপূর্তির কথা তুলে ধরতে গিয়েই কিংয়ের ছবিটি পোস্ট করে নিউজউইক। পরে কিছুক্ষণের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে টুইটার থেকে ছবিটি সরিয়ে নেয় জনপ্রিয় এই সংবাদমাধ্যম। কিন্তু ততক্ষণে যা বিতর্ক হওয়ার, তা শুরু হয়ে গেছে।
ছবিটি পোস্ট করায় নিউজউইক-এর তীব্র সমালোচনা করেছেন কিং জুনিয়রের মেয়ে বার্নিস কিং। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি টুইটারে লেখেন, ‘কেন, নিউজউইক? বাহ...।’
ততক্ষণে অবশ্য ছবিটি টুইটার থেকে সরিয়ে নিয়েছে নিউজউইক। একই সঙ্গে কিং পরিবারের কাছে ক্ষমাও চেয়েছে সংবাদমাধ্যমটি।
বার্নিস কিং পরে আরও বলেন, সংবাদমাধ্যমের উচিত কিংয়ের কোনো ছবি প্রকাশের আগে তাঁর পরিবারের কথা বিবেচনা করা। নাগরিক অধিকার আদায়ে এই নেতার ভূমিকাকে সম্মান জানানো। বিশেষত যখন তাঁর ৫০তম হত্যা দিবসটি এগিয়ে আসছে।
এদিকে ১ জানুয়ারি বিকেলেই ক্ষমা চেয়ে দেওয়া বিবৃতিতে নিউজউইক বলে, ‘আজ আমরা একটি মন্তব্য প্রকাশ করেছি, যেখানে মার্টিন লুথার কিংয়ের একটি অসংবেদনশীল ছবি প্রকাশ করা হয়েছে। আমরা এই ভয়াবহ ভুলের জন্য হৃদয়ের গভীর থেকে ক্ষমা চাই কিং পরিবারের কাছে।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভেও গেছেন বার্নিস কিং। সেখানে তিনি বলেন, ‘আজ আমার বাবার একটি অসংবেদনশীল ছবি প্রকাশ করেছে নিউজউইক। আমাদের ভুলে গেলে চলবে না যে, কিং একজন বাবা ছিলেন, একজনের স্বামী ছিলেন, তাঁর একটি পরিবার ছিল, যার সদস্যরা এখনো বেঁচে আছে। আমরা সব সময় তাঁর মহান কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে চাই। নিউজউইক খুব দ্রুত বিষয়টি অনুধাবন করে ছবিটি সরিয়ে নেওয়ায় তাদের ধন্যবাদ। তাদের চাওয়া ক্ষমা গ্রহণ করা হলো।’
এ সময় তিনি অন্যদের উদ্দেশে বলেন, ‘এ বছর আমার বাবার মৃত্যুর ৫০ বছর পূর্তি হচ্ছে। অনেকেই হয়তো তাঁকে স্মরণ করবেন। তাঁর ছবিও দেবেন। শুধু একটাই অনুরোধ এ সময় তাঁর পরিবারের সদস্যদের অনুভূতির কথাটি একটু মাথায় রাখবেন আপনারা।