নিউজার্সি রাজ্য প্রশাসনের সঙ্গে কমিউনিটি নেতাদের মতবিনিময়

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির একটি প্রতিনিধি দল রাজ্য প্রশাসনের ডেপুটি কমিশনার রবার্ট জে লং, রাজ্যের পক্ষে আটলান্টিক সিটির কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা রাজ্য মনিটর রিক রিকাডেলার সঙ্গে মতবিনিময় করেছে।
৩ জুলাই বিকেলে আটলান্টিক সিটির সিটি হল সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আটলান্টিক সিটির ব্যবসা প্রশাসক জেসন হল্টও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল ইসলাম বাবুল, সুরজিৎ চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন, সাংবাদিক মো. শাহীন, মো. কবির ও সাংবাদিক সুব্রত চৌধুরী, জে সোধা, সাই ম্যাক, ফনি হাউ, ক্রিস্টিয়ান মরেনো, চার্লস গুডম্যান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কমিউনিটি নেতারা আটলান্টিক সিটির পুলিশ ও ফায়ার বিভাগে কর্মরত এশিয়ান এবং লাতিনোদের দক্ষতা-যোগ্যতার যথাযথ মূল্যায়নপূর্বক তাঁদের পদোন্নতি, অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিউজার্সি রাজ্য সরকারের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপস্থাপন করেন। রাজ্য সরকারের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা কমিউনিটি নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এই ব্যাপারে তাঁদের গৃহীত কার্যক্রম ও কার্য প্রক্রিয়া সভায় উপস্থিত কমিউনিটি নেতাদের জানান।
কমিউনিটি নেতারা রাজ্য সরকারের দুই কর্মকর্তার বিশদ ব্যাখ্যা শুনে আশ্বস্ত হন। সাক্ষাতের সময় দেওয়া ও বক্তব্য শোনার জন্য নিউজার্সি রাজ্য সরকারের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধন্যবাদ জানান কমিউনিটি নেতারা।