নিউজার্সি শাখা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা
নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা

নিউজার্সি স্টেট বিএনপির উদ্যোগে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর রাতে আটলান্টিক সিটির মিস্টার স্টেক রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাউছার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবদুর রহমান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ। এতে বাংলাদেশের বন্যা কবলিত মানুষ ও মিয়ানমারের আরাকানে নিপীড়িত রোহিঙ্গাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। এর পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগরের সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন। অতিথি আবদুস সালামকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা মো. ইসমাইল। আর বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নিউজার্সি স্টেট যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকাশ। এ সময় নিউজার্সি স্টেট বিএনপির উপদেষ্টা ছমির উদ্দিন মাস্টার এবং সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, মোহাম্মদ সেলিম, মিরাজ খান ও সহসভাপতি হোসেন পাঠান বাচ্চু মঞ্চে উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট বিএনপির সহসাধারণ সম্পাদক এমএইচ রেজা। সভায় আলোচকেরা বলেন, দেশে বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। গুম-খুন চলছে অহরহ। বিচার বিভাগ আজ হুমকির সম্মুখীন। আর এসব থেকে মুক্ত হতে হলে এ সরকারকে সরাতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনের জন্য নিউজার্সি স্টেট বিএনপির প্রশংসা করেন বক্তারা।