নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান

নিউজার্সি অঙ্গরাজ্যের বার্গেনফিল্ডে পুলিশ প্রধান হিসেবে এই প্রথম কোন মুসলিম নিয়োগ পেয়েছেন। ইতিমধ্যে ২০ আগস্ট তিনি পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন। নিয়োগ পাওয়া এই ব্যক্তির নাম মোস্তফা রাব্বো। নিউজার্সির কোনো শহরে তিনিই যে প্রথম পুলিশ প্রধান তা নয়। এর আগে অঙ্গরাজ্যের কোনো নগরের প্রথম পুলিশ প্রধান হয়েছিলেন আহমেদ নাগা। তিনি হয়েছিলেন লংহিল নগরের।
২০ আগস্ট রাতে কাউন্সিলের বৈঠকে শপথ নেওয়ার পর মোস্তফা রাব্বো আনুষ্ঠানিকভাবে বার্গেনফিল্ডের নতুন পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আহমেদ নাগা ওইদিন রাব্বোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বার্গেন কাউন্টিতে প্রথম মুসলিম পুলিশ প্রধানও ছিলেন।
বরো কাউন্সিলের চেম্বারে রাব্বো তাঁর স্ত্রী, সন্তান, সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধু পরিবেষ্টিত হয়ে পুলিশ প্রধান হওয়ার শপথ গ্রহণ করেন। ক্লিফটন ও নিউইয়র্ক সিটিসহ পুলিশ বিভাগের মুসলমান কর্মকর্তা ও সদস্যরা এতে যোগ দেন।
প্যাটারসন পৌর আদালতের প্রধান বিচারক জন আবদুল হাদী রাব্বোর ছোট বেলার বন্ধু, যিনি পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে তাঁকে শপথ করিয়েছেন। রাব্বোর ভাই মাহমুদও প্যাটারসন পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ২০০১ সালে রাব্বো এই প্যাটারসনে পুলিশ বাহিনীতে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন।
প্যাটারসনের স্থানীয় বাসিন্দা রাব্বো ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে সার্জেন্ট হন। ২০১২ সালে লেফটেন্যান্ট এবং ২০১৫ সালে অধিনায়ক হন। বার্গেনফিল্ডের প্রথম মুসলিম পুলিশ প্রধান রাব্বো বলেন, তিনি একজন আমেরিকান হিসেবে এ দেশকে সেবার স্বপ্ন নিয়ে বাস করছেন।
মোস্তফা রাব্বো তাঁর স্ত্রী ইভা ও তিন সন্তান আইডেন, আমির ও আদমসহ বার্গেনফিল্ডের পুলিশের সহকর্মী এবং তার নিয়োগের পক্ষে যারা ভোট দিয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমি যে সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমি মেয়র ও কাউন্সিল সদস্যদের আমার প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার আত্মবিশ্বাসের প্রতি তাদের আস্থা জন্য ধন্যবাদ জানিয়ে কাজ শুরু করতে চাই।’
বার্গেনফিল্ডে ঐতিহাসিক এই মুহূর্তটি প্রত্যক্ষ করতে স্থানীয়, কাউন্টি ও অঙ্গরাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের একজন ছিলেন নিউজার্সির অ্যাটর্নি জেনারেল গুরবীর গ্রেওয়াল। তিনি আমেরিকার ইতিহাসে প্রথম শিখ অ্যাটর্নি জেনারেল।
গ্রেওয়াল এই দেশে ক্রমবর্ধমান মুসলিমবিরোধী মনোভাবের সময়ে রাব্বোর এই নিয়োগ উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজ এখানে, এই বার্গেনফিল্ডে, আমরা দেশটির বাকি অংশকে দেখিয়ে দিচ্ছি, সব ঘৃণা সত্ত্বেও, সব বৈরী কথাবার্তা সত্ত্বেও আমেরিকান সমঅধিকারের স্বপ্নটি বেঁচে আছে।