নিউজার্সিতে রোহিঙ্গা সহায়তায় ৫০ হাজার ডলার সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ রোহিঙ্গার সাহায্যে এগিয়ে এসেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন প্রবাসী বাংলাদেশিরা। গত আড়াই মাসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে নিউজার্সি প্রবাসী বাংলাদেশিরা ইউনাইটেড ফর রোহিঙ্গার ব্যানারে ৩ নভেম্বর তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন। প্যাটারসনের সেন্ট জেরার্ড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নিউজার্সির বিভিন্ন এলাকার প্রবাসীরা। এতে প্রায় দুই শতাধিক প্রবাসী, কয়েকটি মুসলিম দেশের প্রতিনিধি ও মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা যোগ দেন।
আমেরিকা ও বাংলাদেশ ভিত্তিক ইউনাইটেড মুসলিম রিলিফের মাধ্যমে এই সাহায্য রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।
প্রবাসীরা কোনো সংগঠনের ব্যানারে না গিয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ইউনাইটেড ফর রোহিঙ্গা নাম দিয়ে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজকেরা নিজেরা ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনুষ্ঠানের আগেই পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন। ৩ নভেম্বর তহবিল সংগ্রহ অনুষ্ঠানের মাধ্যমে আরও পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন।
আয়োজকেরা তহবিল সংগ্রহের জন্য হলের ভাড়া, রাতের খাবার ও লাইট-সাউন্ডসহ সব খরচ নিজেরা বহন করেন। তহবিল সংগ্রহের শতভাগ অর্থ তারা রোহিঙ্গাদের জন্য ইউনাইটেড মুসলিম রিলিফ ফান্ডে জমা দেন। আয়োজকেরা জানান তারা মানবেতর জীবনযাপন করা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য এ অর্থ সংগ্রহ করেছেন এবং তারা এই মানবিক সাহায্যের কাজ চালিয়ে যাবেন I
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত ও লন্ডন থেকে আশা নাশিদ পরিবেশক ইসহাক আইয়ুবীর হামদ ও নাত ছিল। অনুষ্ঠানে শুধু রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে ও আয়োজকদের আবেদনে সাড়া দিয়ে প্রবাসীরা মুক্ত হাতে তহবিলে দান করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের পর সবাইকে উদার হস্তে অর্থ দিয়ে সাহায্যের আবেদন জানান প্রসপেক্ট পার্কের মেয়র মোহাম্মদ টি খাইরুল্লাহ, রাটগার্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ আবাসি, ইউনাইটেড মুসলিম রিলিফের পরিচালক (যোগাযোগ) মনসুর সাখি ও হিউমান রাইটস লবিস্ট ফিলিস্তিনের খালিদ তুররানী।
লন্ডন থেকে আশা ইসহাক আইয়ুবীর ইংরেজিতে নাশিদ পরিবেশনা শুনে ও কয়েকটি সংবাদমাধ্যম থেকে সংগৃহীত রোহিঙ্গাদের বর্তমান অবস্থার প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র দেখে উপস্থিত সবাই রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসেন। আয়োজকেরা জানান, তাদের এই সাহায্যের কাজ চলবে এবং অন্য কোথাও এ ধরনের আয়োজনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে যাবেন।