
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউজার্সির প্যাটারসনে তৃতীয়বারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা পুরস্কার ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সন্ধ্যায় প্যাটারসন পাবলিক স্কুল ২৭-এর অডিটোরিয়ামে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজি আলম ও সোনিয়া সিরাজ।
এ বছর শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্পকলা, শান্তি, চিকিৎসা, উদ্যোক্তা ও রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ৬৫ জন নারীকে এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি স্টেটের ডিস্ট্রিক্ট ৩৫-এর লেজিসলেটর, সিনেটর নেলি পো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ফ্রি হোল্ডার ডিরেক্টর স্যান্ডি লাজারা, ফ্রি হোল্ডার জন বার্টলেট, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রেঁ সায়াহ, প্রসপেক্ট পার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিল প্রেসিডেন্ট আলা মাতারি, প্যাটারসন সিটি কাউন্সিলওমেন অ্যাট লার্জ লিলিসা মিমস, কাউন্সিলওমেন রুবি কটন, কাউন্সিলম্যান আনন্দ শাহ, প্যাটারসন দ্বিতীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কারের জন্য মনোনীত নারীদের হাতে সম্মাননা স্মারক ও নিউজার্সি স্টেট সিনেট থেকে ইস্যু করা সাইটেশন তুলে দেন।
অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিলেন তাজ ডায়মন্ড জার্সি সিটি, অফিশিয়াল স্পনসর সিল্ক সিটি প্ল্যাটারস, পাওয়ার স্পনসর উৎসব ডট কম, বেঙ্গল ইনস্যুরেন্স এজেন্সিজ, ফাহাদ সোলায়মান, আহসান হাবীব, জার্সি কিডস, লিবার্টি হোম কেয়ার, নিকোলাস রিয়েল এস্টেট, ম্যাকডার্মট ফার্মেসি ও রিয়েলটি ওয়ান গ্রুপ।
মাল্টিকালচারাল এ অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্য পারফরমাররা পারফর্ম করেন। বাংলাদেশ থেকে আগত নাজু আখন্দ, হিউস্টন থেকে আগত লাবণী, নিউইয়র্কের রাহমি খান, নিউজার্সির এম এ জুয়েল, নাহিদ বাংলাদেশি জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।