বাজারের হালচাল জানতে এবার ঘুরে দেখা হয়েছে নিউজার্সির বাঙালি অধ্যুষিত প্যাটারসনের বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি দোকান। ডিসেম্বরের শীত, তার ওপর বৃষ্টি। এসব উপেক্ষা করেই পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যাচ্ছেন ক্রেতারা। গ্রোসারি দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ ভালোই। প্রয়োজনীয় পণ্যসামগ্রী, সবজি, মাছ, মাংস এবং অন্যান্য পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা।
নিউজার্সিতে বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন এলাকায় স্বল্প সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসীদের মালিকানাধীন গ্রোসারি রয়েছে। এর মধ্যে নয়াবাজার সুপার মার্কেট, টোটওয়া সুপার মার্কেট, ইউনিয়ন সুপার মার্কেট ও বাংলা টাউন গ্রোসারি ঘুরে জানা গেল ক্রেতাদের কেনাকাটার সুবিধা–অসুবিধা। এসব গ্রোসারিতে প্যাটারসনবাসী বাঙালি ক্রেতা ছাড়াও অন্যান্য দেশের অভিবাসী এবং আমেরিকান ক্রেতারা কেনাকাটা করতে আসেন। নিউজার্সির ওয়াইন, বুল্মফিল্ড, টোটোয়া, ক্লিফটনের মতো শহরের বাসিন্দারাও এসব গ্রোসারিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে আসেন। বিশেষ করে এসব দোকানে হালাল পশুর মাংস ও বাংলাদেশি মাছ, সবজি পাওয়া যায় বলে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের অনেককে এসব গ্রোসারিতে বাজার করতে আসতে হয়।
প্যাটারসনের বাজার ঘুরে দেখা গেল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর। নিউইয়র্কের বাজারের সঙ্গে তুলনা করে দেখা গেল, কিছু কিছু পণ্যের দামে সামঞ্জস্য থাকলেও কোন কোন পণ্যের মূল্যে অনেক পার্থক্য রয়েছে। নিউজার্সির গ্রোসারিতে প্রতি পাউন্ড বরবটি বিক্রি হচ্ছে ৩.৯৯ ডলার, বড় আকারের বেগুন ২ ডলার, চাল কুমড়া ১.৭৫ ডলার, গাজর ১.৫০ ডলার, কাচা মরিচ ৩.৪৯ ডলার, টমেটো ১.৭৯ ডলার, করলা ২.৪৯ ডলার, মিষ্টি কুমড়া ১.৫০ ডলার, শিম ৩.৯৯ ডলার, পটল ৩.৯৯ ডলার, মুলা ১.৫৯ সেন্ট, আলু ১.২৯ ডলার, চিচিঙ্গা ২.৯৯ ডলার, ঝিঙে ৩.৪৯ ডলার, বেগুন ২.২৫ ডলার, পেঁপে ১.৪৯ সেন্ট, লাউ ২.৫৯ ডলার, শালগম ১.৪৯ ডলার, আলু ১.৪৯ ডলার, শসা ২.২৯ ডলার, শিম ২.৯৯ ডলার, ব্রোকোলি ২.৪৯ ডলার এবং ঢ্যাঁড়স ২.৪৯ ডলার, লেটুস ১টি ২.৯৯ ডলার, ফুলকপি প্রতি পিস ৩.৯৯ ডলার, বাঁধা কপি ১টি ৩.৫০ ডলার, পুঁই শাক প্রতি আঁটি ২.৪৯ ডলার, পালঙ্ক শাক এক আঁটি ১.৭৯ ডলার, ধনে পাতা এক আঁটি ২ ডলার, হলুদ লেবু ২টি ১ ডলার, সবুজ লেবু ৩টি ১ ডলার। এ ছাড়া পেঁয়াজ ১০ পাউন্ড ৩.৯৯ ডলার, রসুন ৫টির এক রোল ১.২৫ ডলার ও বোম্বাই (নাগা) মরিচ ১টি ১.৫০ ডলারে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংস: মধ্যম আকারের চিংড়ি এক ব্লক (এক ব্লকে ১০টি চিংড়ি) ৫.০০ ডলার, বড় আকারের ৯.৯৯ ডলার, গলদা চিংড়ি ১৫ ডলার, পাবদা মাছ ১৫ ডলার, শোল মাছ ৭ ডলার ও বোয়াল মাছ ৭.৫০ ডলার, তেলাপিয়া ফিলেট ১টি ২.৪০ ডলার, সরপুঁটি ৩টির দাম ৭.৯৯ ডলার, ২ কেজি ওজনের মৃগেল মাছ প্রতি পাউন্ড ৩.৯৯, ৩ কেজি ওজনের ৪.৫০ ডলার, তেলাপিয়া (রেগুলার) ৩.৪৯ ডলার, মাঝারি ইলিশ একসঙ্গে ৩টি ২৫.০০ ডলার, মাঝারি থেকে একটু বড় আকারের ইলিশ প্রতি পাউন্ড ৮ ডলার, ১২০০ থেকে ১৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২.৯৯ ডলার এবং রূপচাঁদা ৮.৯৯ ডলারে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ব্রয়লার মুরগি প্রতি পাউন্ড ২.৫৯ ডলার, গরুর মাংস হাড্ডিসহ ৩.৫০ ডলার ও হাড্ডি ছাড়া ৪.৫০ ডলার। কোয়েল পাখি ১০টির এক ব্লক ১৩ ডলার, ডিম মধ্যম আকার ১ ডজন ২.৭৫ ডলার, বড় আকারের ডিম ডজন ৪ ডলার ও ভোজ্যতেল ৩ গ্যালন ৭.৯৯ ডলার দামে বিক্রি হচ্ছে।
ফলের মূল্য: সবুজ আঙুর প্রতি পাউন্ড ৩.৪৯ ডলার, পাকা পেঁপে ২.৪৯ ডলার, আপেল ২.৪৯ ডলার ও বড় কলা ০.৫৯ সেন্ট, ডালিম ৩টি ৫.৫০ ডলার, কিউঈ ৫টা ৫.৯৯ ডলার, আম ৮টির ১ বাক্সের দাম ১৭.৯৯ ডলার, আনারস ১ পিস ৩.৪৯ ডলার, কমলা ২টির দাম ১.৪৯ ডলার ও জাম্বুরা একটি ৩.৯৯ ডলারে বিক্রি হচ্ছে।
গ্রোসারিতে কথা হয় প্যাটারসনে ইউনিয়ন অ্যাভিনিউয়ের কুসুম বেগমের সঙ্গে। তিনি বললেন, সব সময় না হলেও মাঝে মধ্যে সংসারের প্রয়োজনে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মালিকাধীন গ্রোসারিগুলোতে বাজার করতে আসেন।
শাহনাজ চৌধুরী বলেন, নিজের প্রয়োজনেই এখানে বাঙালি গ্রোসারিতে নিয়মিত বাজার করে থাকেন। সাইফুল ইসলাম বলেন, তিনি বাংলাদেশি গ্রোসারিতে সব সময় বাজার করেন। ওয়াইন সিটি থেকে আসা পেরুর বংশোদ্ভূত এক মার্কিন মহিলা ক্রেতা ক্যারামেল লিকুদ বলেন, তিনি এখানে মাঝেমধ্যে ফল কিনতে আসেন।
প্রায় সব বাঙালি ক্রেতাই বললেন, অন্যান্য বাজারের তুলনায় এখানকার বাজারগুলোতে দাম একটু বেশি হলেও স্বদেশি হওয়ায় এসব গ্রোসারিতে বাজার করতে তারা স্বাচ্ছন্দবোধ করেন।