নিউজার্সির স্কুলে টহলে থাকবে সশস্ত্র পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সির ইস্ট ব্রানসউইক হাইস্কুল ছুটির পর অন্যদিনের মতোই ২০ ফেব্রুয়ারিও হইহই করতে করতে বেরিয়ে আসছিল শিশুরা। কিন্তু এই দিনটি অন্য দিনের মতো ছিল না। স্কুল ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা তিনটি পুলিশের গাড়ির হেডলাইটের জ্বলা-নেভা অন্তত তাই জানান দিচ্ছিল। হেডলাইট জ্বালিয়ে ওই তিন গাড়ি থেকে পুলিশ সদস্যরা সব শিশুকে নিজেদের পরিচয়পত্র গলায় পরে নিতে বলছিলেন। শুধু ইস্ট ব্রানসউইক হাইস্কুল নয়, শহরটির সব স্কুলের সামনেই এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুধু স্কুলের সামনে পুলিশের গাড়ি রেখেই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হতে পারছে না নিউজার্সির স্কুল বোর্ড। সম্প্রতি স্কুলের ভেতরেও সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এ নিয়ে এক ধরনের সমালোচনাও শুরু হয়েছে।

এ বিষয়ে নিউজার্সি স্টুডেন্ট কাউন্সিলের সদস্য ফেইথ হাটসন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এটা (সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েনের) দুঃখজনক। একই সঙ্গে প্রয়োজনীয়। আমাদের নিরাপত্তার জন্য সত্যিই এমন কিছু করার প্রয়োজন থেকে থাকলে আমি এতে কোনো সমস্যা দেখছি না।’
স্থানীয় সময় ১৫ ফেব্রুয়ারি রাতে স্কুলে সশস্ত্র বাহিনী মোতায়েনের এই সিদ্ধান্ত নেয় নিউজার্সি স্কুল বোর্ড। ২০ ফেব্রুয়ারি তা প্রথমবারের মতো বাস্তবায়ন করা হয়। শুরুতেই বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয় ইস্ট ব্রানসউইকের হাইস্কুলগুলো। এ জন্য শহরের স্কুল কর্তৃপক্ষের নিয়মিত নিরাপত্তাকর্মীর সংখ্যা ৭১ থেকে বাড়ানো হয়েছে। আর বাড়তি এই নিরাপত্তা নিশ্চিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর আস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে এ জন্য তাদের কোনো সুনির্দিষ্ট পদায়ন করা হয়নি। এই কর্মকর্তারা নিয়মিত টহলের কাজটি করবেন। এর মধ্য দিয়ে ফ্লোরিডার পার্কল্যান্ডে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে হামলার ঘটনার পর নিউজার্সিরই কোনো শহর প্রথম কোনো কার্যকর ব্যবস্থা নিল।
তবে নিউজার্সি অঙ্গরাজ্যের অন্য শহরগুলো এতটা দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারেনি। অনেক প্রতিষ্ঠানই বরং হামলার ভুয়া সতর্কতা সামাল দিতে নাকাল হচ্ছে। এর মধ্যে টাউন অব নাটলি অন্যতম। ১৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এ ধরনের একটি ভুয়া সতর্কতার দরুন শহরটির সব স্কুল বন্ধ রাখতে হয়েছিল।
২০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে নিউজার্সির গভর্নর ফিলিপ ডি মারফি বলেন, এখন থেকে নিরাপত্তার স্বার্থে নিউজার্সির বিভিন্ন স্কুলে নিয়মিতভাবে টহল দেবে পুলিশ। তবে এটা করা হবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। তিনি বলেন, ‘অভিভাবকদের আমি এই বলে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সাধ্যমতো সব চেষ্টা করছি।’
আমেরিকায় যে কয়টি অঙ্গরাজ্যে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে, তার মধ্যে নিউজার্সি অন্যতম। এই আইনকে আরও কঠোর করার অঙ্গীকার জানিয়ে গভর্নর মারফি বলেন, ‘অস্ত্র আইন আরও কঠোর করা প্রয়োজন। এ নিয়ে উদ্যোগ নেওয়া হলেও তা রিপাবলিকানদের ভেটোর কারণে তা আটকে গিয়েছিল। কিন্তু এখন এ বিষয়ে কাজ করার সময় এসেছে।’
ইস্ট ব্রানসউইক বোর্ড কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বাড়ানোর এই উদ্যোগের পেছনে ৪ লাখ ৩৪ হাজার ডলারের বাজেট প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। তবে এই ব্যবস্থা চালিয়ে নিতে হলে অন্তত ১৫ কোটি ডলারের বাজেটের প্রয়োজন হবে বলেও তারা জানিয়েছে।
ইস্ট ব্রানসউইকের মেয়র ব্র্যাড জে কোহেন বলেন, ‘এটা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত দীর্ঘ সময়ের জন্যই নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। সামনেও এ নিয়ে আলোচনা করে আরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে। অনেকে বলছে আমরা স্কুলকে সশস্ত্র করে তুলছি। শিক্ষার্থীদের মধ্যে একটি সহিংস পরিবেশ সৃষ্টি করছি, আতঙ্ক ছড়াচ্ছি। কিন্তু এসব নেতিবাচক লোককে আমি বলতে চাই, স্কুল প্রাঙ্গণে কেউ গুলিবিদ্ধ হয়ে মারা পড়লে, তা সব শিক্ষার্থীর জন্য সারা জীবনের আতঙ্ক হয়ে থাকবে।’
ইস্ট ব্রানসউইকের স্কুলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমেরিকার অনেক স্কুলেই আগে থেকেই ছিল। ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিকসের এক হিসাবে দেখা গেছে, আমেরিকার ৪২ শতাংশ স্কুলে নিরাপত্তার জন্য নিজস্ব লোক রয়েছে, যাদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ রয়েছে।
বিভিন্ন দিক থেকে সমালোচনা এলেও ইস্ট ব্রানসউইকের এ উদ্যোগের প্রশংসাই করেছেন নিউজার্সি অ্যাসোসিয়েশন অব রিসোর্স অফিসার্সের নির্বাহী পরিচালক প্যাট্রিক কিস্যান। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘তারা এর মাধ্যমে একটি রোল মডেল সৃষ্টি করেছে। অন্যদেরও তাদের অনুসরণ করা উচিত।