নিকটবর্তী শৌচাগারের খোঁজ দেবে মোবাইল অ্যাপস
পথে-ঘাটে ব্যস্তভাবে কাজে যাওয়ার সময় বেরসিকের মতো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়েনি, এমন অভিজ্ঞতা কারও নেই বললেই চলে। কি ঢাকা, কি নিউইয়র্ক—সবখানেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন পথচলতি মানুষ। আর অবশ্যম্ভাবীরূপে অনেক সময় কিংকর্তব্যবিমূঢ় হতে হয়। তবে এখন অন্য শহরগুলো থেকে নিউইয়র্ক আলাদা হয়ে গেছে বলা যায়। কারণ, শহরটির পথচারীদের নিকটবর্তী শৌচাগারের খোঁজ দিতে একটি অ্যাপস বাজারে এনেছে এক প্রযুক্তি প্রতিষ্ঠান।
নিউইয়র্কের প্রযুক্তি প্রতিষ্ঠান রকালু এ বিশেষ অ্যাপটি বাজারে এনেছে। জিপিএস প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি নিকটবর্তী শৌচাগারের খোঁজ দেবে। শুধু তা-ই নয়, এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দিতে পারবেন বুকিংও। ফলে তাড়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর লাইনে দাঁড়াতে হবে না। এ বুকিং সুবিধাকে প্রতিষ্ঠানটি বলছে ‘শহরের সবচেয়ে অভাবনীয় ভিআইপি ই-টিকিট সেবা’।
এনওয়াইবিজ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ডেভিড সিরিয়েক্স, ভ্যান বেডোয়েট ও বিনয় উইলসন নামের তিন উদ্যোক্তা এ অ্যাপ বাজারে এনেছেন। এর মাধ্যমে নিকটস্থ কোনো শৌচাগারকে এক ঘণ্টার জন্য বুক করা যাবে। এ জন্য ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্সের রেস্তোরাঁ, বারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩০টি শৌচাগারের
সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির সুবিধা নিতে ব্যবহারকারীকে ব্যয় করতে হবে ৯৯ সেন্ট থেকে ৮ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত। অ্যাপের মাধ্যমে বুকিং দেওয়ার পর সেলফোনে একটি পাস আসবে, যা দেখালে কোনো কিছু কেনা ছাড়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহার করা যাবে।