নিখোঁজ শিশু আলভারেজের জন্য 'অ্যাম্বার অ্যালার্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া আলভারেজ
মারিয়া আলভারেজ

খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ বছরের শিশু ডুলসে মারিয়া আলভারেজকে। ১৬ সেপ্টেম্বর বিকেলে নিউজার্সির ব্রিজেটন সিটি পার্কে সর্বশেষ দেখা গিয়েছিল ডুলসে মারিয়া আলাভারেজকে। এখনো তার কোনো খোঁজ মেলেনি। এ জন্য কর্মকর্তারা ‘অ্যাম্বার অ্যালার্ট’ জারি করেছেন।
ডুলসে প্রায় ৩ ফুট লম্বা, ৫০-৬০ পাউন্ড ওজনের, বাদামি চোখ এবং বাদামি চুলের হিস্পানিক মেয়ে। সর্বশেষ ডুলসেকে হলুদ টি-শার্টের ওপর কোয়ালা বিয়ার আঁকা টপস, সাদা-কালো প্যান্ট ও সাদা স্যান্ডেল পরা দেখা গেছে।
তদন্তকারীদের মতে, ১৬ সেপ্টেম্বর বিকেলে অজ্ঞাতনামা শীর্ণকায় শ্বেতাঙ্গ এক হিস্পানিক ব্যক্তি ব্রিজেটন পার্কের খেলার মাঠ থেকে ডুলসকে একটি স্লাইডিং দরজা ও রং লাগানো উইন্ডোর লাল ভ্যানে করে নিয়ে যায়। ওই ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৬-৮ ইঞ্চি। ডুলসেকে পেছনের সিটে বসিয়ে সন্দেহভাজন ওই লোক গাড়িটি নিয়ে যায়। অজ্ঞাত ব্যক্তির মুখে কোনো চুল নেই কিন্তু প্রচুর ব্রণ আছে। লোকটি সে সময় কমলা রঙের স্নিকার্স, লাল প্যান্ট ও একটি কালো শার্ট পরে ছিল। পুলিশ জানিয়েছে, ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটে খেলার সময় মেয়েটিকে উঠিয়ে নেওয়া হয়।
ডুলসের মা নওমা পেরেজ বলেন, পুলিশ কল করার ৪৫ মিনিট আগে তিনি তাঁর বাচ্চাদের আইসক্রিম খাওয়াতে লোকাল কাস্টার্ড আইল্যান্ড দোকানে যান। এরপর বাচ্চাদের সঙ্গে নিয়ে তিনি পার্কে যান। বাচ্চাদের পার্কে দৌড়ঝাঁপ করতে দিয়ে তিনি তাঁর আত্মীয়ের সঙ্গে গাড়িতে বসে গল্প করছিলেন। কিছুক্ষণ পর বাচ্চাদের খোঁজ নিতে গিয়ে দেখেন ডুলসে নেই। এরপর থেকে আর খোঁজ নেই।
নওমা পেরেজ বলেন, ‘ডুলসে ও ছেলেকে খুঁজতে গিয়ে দেখি আমার ছেলের আইসক্রিম নিচে গলে পড়ে আছে এবং কাঁদছে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, তোমার বোন কোথায়? সে ইশারায় শুধু পেছনের ভবনগুলোর দিকে ইঙ্গিত করেছিল। আমি আমার মেয়ের সন্ধান চাই এবং আমি নিশ্চিত হতে চাই যে, সে ঠিক আছে। তার খারাপ কিছু হয়নি।’
পুলিশকে জানানোর পরই তারা অনুসন্ধানকাজ শুরু করে। দু দিন ও দু রাত পুলিশ ও স্থানীয় কমিউনিটির লোকজন পার্কের আশপাশের বন-জঙ্গল ও সম্ভাব্য সব জায়গায় ডুলসের খোঁজ করেন। এত খুঁজেও এখনো কেউ উদ্ধার করতে পারেনি তাকে। ডুলসে মারিয়া আলাভারেজকে খুঁজতে পুলিশ হেলিকপ্টার, ডুবুরি ও কুকুর ব্যবহার করছে। নেওয়া হচ্ছে নিকটস্থ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের সহায়তা। এ বিষয়ে কেউ কিছু জানলে নিউজার্সি রাজ্য পুলিশ মিসিং পারসন ইউনিটে (৮৫৬-৪৫১-০০৩৩) ফোন করে বা টিআইপি ৪১১-এ টেক্সট করে জানানোর অনুরোধ করা হয়েছে।