নিজ দলের নারীদের চোখে হিলারি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রধান রাজনৈতিক দলের নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিলারি ক্লিনটন। তাঁর এই মনোনয়ন মার্কিন বামপন্থীদের মাঝেও সাড়া ফেলেছে। অনেকে তাঁকে সমর্থন করছেন। পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ তাঁর প্রার্থিতার বিষয়টি পছন্দ করছেন না।
হিলারি সম্পর্কে তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির তিনজন নারী কর্মীর মূল্যায়ন:
ডায়ানা ফস্টার: ৩৬ বছরের ডায়ানা ২০০৮ সালের প্রাইমারিতে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী বারাক ওবামা ও হিলারির মধ্যে ওবামাকে সমর্থন করেছিলেন। তবে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এবার তিনি হিলারির ডেলিগেট হিসেবে অংশ নিচ্ছেন। ডায়ানার মতে, দলে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স অনেক বেশি ভাববাদী। অন্যদিকে, হিলারি অনেক বেশি বাস্তববাদী।
ডায়ানা বলেন, ‘হিলারি অনেক বুদ্ধিমান। তিনি ভারসাম্য রেখে চলতে পারবেন। প্রয়োজনে নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে আপস করতে পারবেন। আমার কাছে তাঁকে অনেক বাস্তববাদী মনে হয়।’ তিনি বলেন, স্যান্ডার্স আদর্শবান। তবে বিভক্ত অবস্থায় তাঁর পক্ষে বেশি কিছু করার সুযোগ কম।’
পাওলা ইসেলা: মার্কিন রাজনীতিতে চরম বামপন্থীদের অনেকে অবশ্য হিলারির ওপর প্রচণ্ড বিরক্ত। তাঁদের একজন ৬১ বছরের পাওলা। তিনি স্যান্ডার্সের সমর্থক। তাঁর দৃষ্টিতে, হিলারি একজন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ। তিনি ডেমোক্র্যাট নেতৃত্বের ওপরও বিরক্ত। পাওলা বলেন, ‘ডেমোক্র্যাট নেতৃত্ব বহুদিন ধরে হিলারিকে পুষে রাখছে। বড় করছে। হিলারির কি পরিস্থিতি উত্তরণের কোনো যোগ্যতা আছে? আমার মনে হয় না।’
পাওলা বলেন, এটা সত্য যে হিলারি দেশের নারীদের অধিকার আদায়ের জন্য অনেক কাজ করেছেন। কিন্তু তাঁর ক্লিনটন ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে অনুদান নেয়। অথচ সে দেশগুলোতে নারী অধিকার প্রচণ্ডভাবে লঙ্ঘিত হয়।

প্যাট্রিসিয়া: ক্যালিফোর্নিয়ার প্যাট্রিসিয়া অ্যাকোস্টা (৫০) হিলারির একজন অনুরাগী ও ভক্ত। ১৯৯২ সালে তিনি বিল ক্লিনটনের নির্বাচনী প্রচারাভিযানে ছিলেন। তখন থেকেই হিলারির ভক্ত। তিনি হিলারিকে প্রকৃত নেতা মনে করেন। এবারের সম্মেলনে ক্যালিফোর্নিয়া থেকে ডেলিগেট হিসেবে এসেছেন। প্যাট্রিসিয়া বলেন, ‘তিনি (হিলারি) অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। তিনি শিক্ষিত, বুদ্ধিমান ও ধীরস্থির।’
প্যাট্রিসিয়া বলেন, অনেক দিন বিভিন্ন দায়িত্বশীল পদে থাকার ফলে হিলারি এখন অনেক বেশি পেশাগত যোগ্যতা অর্জন করেছেন। ফলে সরকারকাঠামোতে তিনি সবচেয়ে যোগ্যতাপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
হিলারি ক্লিনটন
২৬ অক্টোবর, ১৯৪৭ ইলিনয়ের শিকাগোয় জন্ম
১৯৬৯ ইয়েল ল স্কুলে বিল ক্লিনটনের সঙ্গে দেখা
১৯৭৫ বিল ক্লিনটনকে বিয়ে
১৯৮০ একমাত্র সন্তান চেলসির জন্ম
১৯৯৩-২০০১ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি
২০০১-২০০৯ নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর
২০০২ ইরাক যুদ্ধের পক্ষে ভোট
আগস্ট, ২০০৮ প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার কাছে দলীয় মনোনয়নের দৌড়ে পরাজয়
২০০৯-২০১৩ পররাষ্ট্রমন্ত্রী
মার্চ, ২০১৫ সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ঘটনায় বিতর্ক
এপ্রিল, ২০১৫: ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিজের প্রার্থিতা ঘোষণা
জুন, ২০১৬: মনোনয়নের দৌড়ে জয়
২৭ জুলাই, ২০১৬: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম বড় কোনো দলের নারী প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ
সূত্র: এএফপি