নিজ প্রজন্মের মুখপাত্র বব ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাহিত্যে এবারের নোবেল পুরস্কার পেলেন কিংবদন্তিপ্রতিম মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলান। বিশ্বজুড়ে এক ডাকে বব ডিলান নামে চেনা হলেও এই সংগীতশিল্পীর প্রকৃত নাম কিন্তু রবার্ট আলেন জিমারম্যান। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ডালুস এলাকায় ১৯৪১ সালে জন্ম তাঁর। জন্মের পর পরিবার ওই লম্বা নামটিই রেখেছিল। বড় হয়ে সংগীতজগতে প্রবেশের পর নিজের নাম বদলে ফেলেন তিনি।
আত্মজীবনীতে বব ডিলান লিখেছেন, তাঁর দাদা-দাদি জিগম্যান ও আনা জিমারম্যান ১৯০৫ সালে ইহুদিবিরোধী নির্যাতনের কারণে বর্তমান ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর নানা-নানি বেন ও ফ্লোরেন্স স্টোন লিথুয়ানিয়া থেকে ১৯০২ সালে যুক্তরাষ্ট্রে যান।
সংগীতজগতে বব ডিলানের প্রবেশ মাত্র ১০ বছর বয়সে। ওই বয়সেই তিনি কবিতা লেখায় এবং পিয়ানো আর গিটার বাজানোয় হাত পাকিয়ে ফেলেন। এলভিস প্রিসলি, জেরি লি লুইস এবং লিটল রিচার্ড ছিলেন তাঁর অনুপ্রেরণা। হাইস্কুলে পড়ার সময় তো বব ডিলানের জীবনের লক্ষ্যই ছিল লিটল রিচার্ডের দলে যোগ দেওয়া।
তরুণ বব ডিলান ১৯৫৯ সালে ভর্তি হন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। এ সময় লোকজ এবং রক সংগীতের কিংবদন্তি হ্যাঙ্ক উইলিয়ামস, রবার্ট জনসন ও উডি গাথরি তাঁকে ব্যাপকভাবে প্রভাবিত করেন। খুব শিগগির বব ডিলানকে শ্রেণিকক্ষে কম এবং কাছের কফি হাউসে বেশি দেখা যেতে লাগল। ঠিক এই সময়টাতেই তিনি ‘বব ডিলান’ নাম নেন। ধারণা করা হয়, জনপ্রিয় কবি ডিলান টমাসের নাম থেকে তিনি নিজের নতুন নামটা পছন্দ করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পড়া অসমাপ্ত রেখেই ১৯৬০ সালে বব ডিলান ভাগ্যের সন্ধানে নিউইয়র্ক পাড়ি জমান। সেখানে কলাম্বিয়া রেকর্ডস প্রকাশ করে তাঁর দ্বিতীয় অ্যালবাম দ্য ফ্রিহুইলিঙ বব ডিলান। এই অ্যালবামে দেশজুড়ে পরিচিতি পেয়ে যান বব ডিলান। এ দশকে তাঁর গানে গানে উঠে আসতে থাকে মার্কিন দেশের ইতিহাস। উঠে আসে যুদ্ধ, বর্ণবাদ এবং নানা সামাজিক অসংগতির কথাও। বব ডিলান খ্যাতি পেয়ে যান ‘নিজ প্রজন্মের মুখপাত্র’ হিসেবে।
দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পর খুব শিগগির বব ডিলানকে নাগরিক অধিকার রক্ষায় তৎপর হয়ে উঠতে দেখা যায়। এ নিয়েই গান লিখতে এবং গাইতে শুরু করলেন তিনি। ১৯৯১ সালে প্রকাশ করেন ব্লাইন্ড উইলি ম্যাকটেল শীর্ষক অ্যালবাম। এতে তিনি গানের ভাঁজে ভাঁজে যুক্তরাষ্ট্রের নিন্দিত দাসপ্রথার গল্প বুনেছেন।
৭৫ বছর বয়সী এই সংগীতশিল্পী জীবনভর সাহিত্য এবং সংগীতের মিশ্রণ ঘটানোর পরীক্ষা চালিয়েছেন। চলতি বছরের প্রথম দিকে বব ডিলান তাঁর ৩৭তম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন। এখানেও তিনি সংগীত এবং সাহিত্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এ বছর নোবেল পুরস্কারও জিতেছেন তিনি এ কারণে। মার্কিন সংগীতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির কারণে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।