নিজেই ফেঁসে যাচ্ছেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

গত বছরের নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ওবামা তাঁর কথাবার্তায় আড়িপাতার ব্যবস্থা করেছিলেন, কোনো প্রমাণ ছাড়া এ অভিযোগ তুলে নিজেই ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তিনি এখন সে কথা না পারছেন গিলতে, না পারছেন উগরাতে।
প্রেসিডেন্ট হিসেবে ওবামা আড়িপাতার নির্দেশ দিতে পারেন না, বা তিনি নিজের লোক লাগিয়ে সে কাজ করতে পারেন না। সে কাজের দায়িত্ব এফ বি আইয়ের। ওয়াটারগেট কেলেঙ্কারির পর ১৯৭৮ সালে কোনো মার্কিন নাগরিক বা সংস্থার কথাবার্তায় আড়িপাতার জন্য একটি বিশেষ আদালতের অনুমতি গ্রহণের আইন হয়। ফাইসা (ফরেন ইন্টেলিজেন্স সারভেইলেন্স অ্যাক্ট) নামে পরিচিত এই আইনে ১১-জন ফেডারেল বিচারক নিয়ে গঠিত ফাইসা আদালতের অনুমতি ছাড়া ‘ওয়্যারট্যাপিং’ বা টেলিফোনে আড়িপাতা বেআইনি।
ওবামা এফবিআইকে আড়িপাতার অনুরোধ করে থাকলেও সে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এফ বি আই প্রধানের। তবে এ জন্য তাঁকে অবশ্যই ফাইসা আদালতের অনুমতি নিতে হবে। সে জন্য আদালতকে তাকে প্রমাণ দাখিল করতে হবে যে, এক বা একাধিক মার্কিন নাগরিক রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত। তা সত্যি হয়ে থাকলে এই খবর প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য মোটেই প্রীতিকর নয়।
গত শনিবার ভোরে ট্রাম্প যখন পর পর চারটি টুইটের মাধ্যমে ওবামার বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ তোলেন, তিনি সম্ভবত এই ফাইসা আদালতের বিষয়টি জানতেন না। প্রমাণ জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট হিসেবে এমন অনেক তথ্য ট্রাম্পের আছে যা অন্য অনেকের কাছে নেই। তাহলে সে প্রমাণ দিচ্ছেন না কেন, এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউস বলেছিল, বিষয়টি তদন্তের ভার দেওয়া হয়েছে কংগ্রেসের ওপর, তারাই সে প্রমাণ খুঁজে বের করুক।
মার্কিন কংগ্রেস ইতিমধ্যেই ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাতের অভিযোগ তদন্ত করে দেখছে। বিচার বিভাগও স্বতন্ত্রভাবে একই তদন্ত করে দেখছে। এ অবস্থায় আড়িপাতা ইস্যুতে তিনি গোয়েন্দা কর্তৃপক্ষের সমর্থনও পাচ্ছেন না। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রাক্তন প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, তাঁর সময়ে ট্রাম্প টাওয়ারে আড়িপাতার কোনো চেষ্টা হয়নি। এই অনুরোধ নিয়ে তাঁরা কখনো ফাইসা আদালতের অনুমতি চাননি। একই কথা বলেছেন এফ বি আইয়ের চলতি প্রধান জেমস কোমি। এমন কোনো ঘটনা ঘটেনি, সে কথা প্রকাশ্যে বলতে তিনি বিচার বিভাগকে অনুরোধ করেছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জেফ সেশনস সে অনুরোধে কান দেননি। জেমস কোমির এই বক্তব্যের জন্য ট্রাম্প রুষ্ট হয়েছেন, কিন্তু তাঁর নিজের গোয়েন্দা বিভাগ যে তাঁর দাবি সত্যি নয় বলে মনে করে, এমন ধারণা এড়ানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিচ্ছে টের পেয়ে হোয়াইট হাউস এখন সব দায়-দায়িত্ব চাপাচ্ছে কংগ্রেসের ওপর। আড়িপাতার প্রমাণ দেওয়ার বদলে ট্রাম্প দৃশ্যত দীর্ঘসূত্রতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন। অভিজ্ঞ মহলের ধারণা, তিনি হয়তো আশা করছেন অন্যান্য ঘটনার ডামাডোলে এই বিষয়টি হারিয়ে যাবে। এর আগে গত নির্বাচনে তিরিশ লাখ জাল ভোট পড়েছে, এমন একটি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। একের পর এক ঘটনার ডামাডোলে ভিত্তিহীন সে দাবি ঢাকা পড়ে গেছে।
কিন্তু ট্রাম্প চাইলেও আড়িপাতার অভিযোগ হুট করে ঢাকা দেওয়া সম্ভব হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ডেমোক্রেটিক প্রেসিডেন্টের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন। ডেমোক্র্যাটরা তার শেষ না দেখে ছাড়বে না। তা ছাড়া এই অভিযোগের সঙ্গে রাশিয়া ও ট্রাম্প ক্যাম্পেইনের গোপন আঁতাতের বিষয়টি জড়িত, যা এখন চলতি কংগ্রেসের জন্য অনুসন্ধানের একটি প্রধান বিষয়। ইতিমধ্যে একের পর এক প্রমাণ মিলেছে ট্রাম্পের বিভিন্ন সহযোগী নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করেছিল।
মাটি খুঁড়তেই কেঁচো বেরিয়েছে, আরেকটু খুঁড়লে হয়তো সাপও বেরিয়ে আসবে।