নিজেই সমালোচিত হলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ সপ্তাহে কোন রাজনীতিকের সবচেয়ে খারাপ দিন গেছে? এ প্রশ্ন করা হলে উত্তর যে ডোনাল্ড ট্রাম্প হবে, সে ব্যাপারে কার্যত সবাই একমত। ‘ট্রাম্প ইউনিভার্সিটি’ নিয়ে বিতর্ক শেষ না হতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে থাকা এই নেতা একজন মেক্সিকান-আমেরিকান বিচারকের বিরুদ্ধে বিষোদ্গার করলেন।
এই বিষোদ্গার করে ট্রাম্প কার্যত একজন ‘বর্ণবাদী’র খাতায় নিজের নামটি লেখালেন। সমালোচিত করলেন নিজেই নিজেকে। তাঁর বক্তব্যের প্রতিবাদে একাধিক রিপাবলিকান নেতা তাঁর প্রতি তাঁদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন।
যে বিচারকের বিরুদ্ধে ট্রাম্প সমালোচনা করলেন তিনি হলেন ক্যালিফোর্নিয়ার অন্যতম ফেডারেল বিচারক গনজালো কুরিয়েল। ‘ট্রাম্প ইউনিভার্সিটি’ নিয়ে মামলা পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। মেক্সিকো বংশোদ্ভূত এই বিচারকের বিরুদ্ধে ট্রাম্প তাঁর প্রতি বৈষম্যের অভিযোগ করেছেন। ‘আমি মেক্সিকোর সঙ্গে দেয়াল তুলতে চাই। ফলে এই বিচারকের হাতে সুবিচার পাওয়া অসম্ভব—দাবি ট্রাম্পের। পরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মুসলিমদের বিরুদ্ধে তাঁর সমালোচনাপূর্ণ বক্তব্যের জন্য একজন মুসলিম বিচারকের কাছ থেকেও তিনি একইভাবে সুবিচার পাওয়ার আশা করেন না।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী বিচারক কুরিয়েলের বিরুদ্ধে বর্ণগত কারণে বিষোদ্গার করায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার পল রায়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘খোলামেলা বর্ণবাদী মন্তব্য’ বলে অভিহিত করেন। ওয়াশিংটনে দারিদ্র্যবিরোধী নতুন এক কর্মসূচি ঘোষণার জন্য মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রায়ান। কিন্তু সে বিষয়ে আলোচনার বদলে তাঁকে প্রায় পুরোটা সময় ট্রাম্পের বিষয়ে মন্তব্য করায় ব্যয় করতে হয়।