নিজেকে সমকামী ঘোষণা টিমোথি কুকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিমোথি ডি কুক
টিমোথি ডি কুক

অ্যাপলের প্রধান নির্বাহী টিমোথি ডি কুক প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্লুমবার্গ বিজনেস উইকে প্রকাশিত এক লেখায় তিনি এ কথা জানান।
টিম লিখেছেন, ‘আমি একজন গর্বিত সমকামী। অনেক কিছুর মধ্যে সমকামী হওয়াটা স্রষ্টার সেরা দান বলে তিনি উল্লেখ করেন।’ মার্কিন সমাজে সমকামিতা এখন প্রকাশ্য হলেও এই প্রথমবার টিমোথি কুকের মতো ব্যক্তিত্ব প্রকাশ্যে এ ধরনের ঘোষণা দিলেন। অ্যাপেলের মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর এ ঘোষণা পশ্চিমা সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে অ্যাপলপ্রধানের এমন ঘোষণা তাঁদের ব্যবসায় তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমের দেশগুলোতে এখন সমলিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা পর্যন্ত দেওয়া হচ্ছে। যদিও এশিয়া ও প্রাচ্যের দেশগুলোতে এখনো সমকামিতা অনেকটাই নিষিদ্ধ।
টিম কুকের আগে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহী নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেননি। অ্যাপেলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস সবকিছুতেই গোপনীয়তা পছন্দ করতেন। ব্যবসার ক্ষেত্রে গোপনীয়তা ছাড়াও নিজের স্বাস্থ্যগত সমস্যাও তিনি দীর্ঘদিন ধরে গোপন রাখেন। তিন বছর আগে স্টিভ জবস মারা যান। পরে অ্যাপেলের হাল ধরেন টিমোথি কুক। তিনি মানবাধিকার, সমকামীদের আন্দোলন, জলবায়ুর পরিবর্তন রোধের মতো বিষয় নিয়ে কয়েক বছর ধরে সক্রিয় ছিলেন।
বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের আগের নির্বাহী স্টিভ জবসকে সিলিকন ভ্যালির রহস্যমানব হিসেবে দেখা হতো। বর্তমান নির্বাহী টিম কুককে মাটির মানুষ হিসেবে দেখা হয়। যুক্তরাষ্ট্রের বাসিন্দারা, বিশেষ করে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানেরা টিম কুকের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ অ্যাপলপ্রধানের ঘোষণাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।