নিজেদের কৌশল নিয়ে ভাবছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের লিলি ফোয়ারা চত্বর থেকে ভাস্কর্য স্থানান্তর করার বিষয়টিকে সরকারের রাজনীতি বলে মনে করছে বিএনপি। দলটি মনে করছে, ভোটের হিসাব মাথায় রেখে সরকার ইসলামি দলগুলোর একটি অংশকে নিজেদের কাছে রাখতে চায়। বিষয়টি নিয়ে নিজেদের কৌশলও ঠিক করার চিন্তা করছে দলটি।
বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মনে করেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং ধর্মভিত্তিক দলগুলোর বড় অংশ বিএনপির সঙ্গে আছে বলে একটি শ্রেণির মানুষের মধ্যে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ে। বিপরীতে ধর্ম নিয়ে আওয়ামী লীগের একটি নেতিবাচক ভাবমূর্তি আছে। সরকার এখন বিএনপির এই জায়গাটি নষ্ট করে নিজেদের দখলে নিতে চায়। এ জন্য ২০১৩ সালের ৫ মের পর থেকে হেফাজতে ইসলামকে চাপ ও টোপ দিয়ে নিজেদের কাছে রাখার চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে সর্বশেষ তাদের দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য স্থানান্তর করা হয়েছে।
আবার কেউ কেউ মনে করেন, বড় ধরনের প্রতিবাদের মুখে যাতে পড়তে না হয়, সে জন্য সরকারের কৌশল এটি। দলের ঘোষিত অবস্থানের কারণে বিএনপির পক্ষে এই সিদ্ধান্তের বিরোধিতা করার সুযোগ নেই বা করবে না, সেই সঙ্গে এটি নিয়ে উচ্ছ্বাসও দেখাচ্ছে না। তাঁরা মনে করেন, এটি সরকারের রাজনীতি। এ কারণে লিলি ফোয়ারা চত্বর থেকে সরিয়ে সেটি এনেস্ক ভবনের সামনে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সরকার হেফাজতে ইসলাম ও প্রগতিশীল সংগঠনগুলোকে খুশি করার চেষ্টা করেছে। এটি সরকারের ভোটের রাজনীতি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ভোট পাওয়ার জন্য হেফাজতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। ২০০৮ সালে ভোটের আগেও তারা সবচেয়ে দক্ষিণপন্থী দল খেলাফতে মজলিশের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল। আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে সুবিধাবাদী দল। তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। তারা পঞ্চদশ সংশোধনী এনেছে কিন্তু সংবিধান থেকে বিসমিল্লাহ বা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারেনি।
বিএনপির নেতাদের একটি অংশ মনে করে, ভাস্কর্যের বিষয়ে বেশি কথা বলতে গেলে বিএনপি ক্ষতির মুখে পড়বে। সরকারের এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালে সরকার লাভবান হবে। এটি নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করলে অনেকে বিএনপিকে নিয়েও প্রশ্ন তুলতে পারেন। এ কারণে শুরু থেকে ভাস্কর্য ইস্যুতে চুপ ছিল বিএনপি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, শুরু থেকে এই ইস্যুতে বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, ধর্মীয় মূল্যবোধের দিক থেকে ভাস্কর্য সরানোর সিদ্ধান্তটি ঠিক আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারের নির্দেশে নয়, প্রধান বিচারপতি নিজে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এটি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছিলেন।