নিজেদের স্বার্থে বাংলাদেশিদের সচেতন হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত কমিউনিটি বোর্ড সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান মঈন চৌধুরী
নবনির্বাচিত কমিউনিটি বোর্ড সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান মঈন চৌধুরী

ডেমোক্র্যাট দোলের ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বলেছেন, বাংলাদেশিরা নিউইয়র্কে ক্রমশ নিজেদের দৃশ্যমান করতে পেরেছেন বলেই রাজনীতিতে আমাদের অবস্থান স্পষ্ট হচ্ছে। তিনি সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
৪ এপ্রিল রাতে নবনির্বাচিত কমিউনিটি বোর্ড সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মঈন চৌধুরী এ কথা বলেন। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় নতুন ৫ বোর্ড সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন ফাহাদ সোলায়মান।
বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ কুইন্সে বেশ কজন বাংলাদেশিকে কমিউনিটি বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন, শাহ নেওয়াজ, আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, আবদুল মুকিত চৌধুরী, নাসিমা সুলতানা, হুসমান চৌধুরী, জগলু বক্স প্রমুখ।
মনোনয়নপত্রে বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ বলেন, কুইন্স বরোর সার্বিক উন্নয়নে আমাদের চলমান পারস্পরিক স্বার্থসহ কমিউনিটি ও মানুষের কল্যাণমূলক কাজে সংশ্লিষ্টতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশিদের কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বোর্ড সদস্য হিসেবে তাঁদের কার্যক্রম শুরু হয়েছে ১ এপ্রিল। মেয়াদ শেষ হবে ২০২১ সালের ৩১ মার্চ।
কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানিয়েছেন। অন্যতম মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন:
শাহ নেওয়াজ
ব্যবসায়ী ও সংগঠক। এন ওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ কুইন্স কমিউনিটি বোর্ড ১২ এর সদস্য মনোনীত হয়েছেন। জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে নিউইয়র্কসহ গোটা আমেরিকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শাহ নেওয়াজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার ওপর দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। মূলধারার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত করা, সেই সঙ্গে আরও বেশি সম্মানের আসনে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’
তৈয়েবুর রহমান হারুন
কমিউনিটি নেতা ও আমেরিকার মূলধারার রাজনীতিবিদ। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন জ্যামাইকা কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্‌কের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা। তিনি নিউইয়র্ক সিটির কুইন্স বোরোর কমিউনিটি বোর্ড ৮ এর সদস্য মনোনীত হয়েছেন।
আব্দুর রহিম হাওলাদার
নিউইয়র্কে কমিউনিটির পরিচিত মুখ বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) প্রাক্তন নির্বাচিত সহসভাপতি, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের বর্তমান ডিরেক্টর, জ্যাকসন হাইটস মসজিদের প্রাক্তন খাদেম কমিটির দুইবারের সভাপতি, বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং পপুলার ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী আব্দুর রহিম হাওলাদার নিউইয়র্ক কুইন্স বরোর কমিউনিটি বোর্ড ৩ (জ্যাকসন হাইটস, ইস্ট এলমহার্স্ট ও নর্থ করোনা) সদস্য নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ আলী
বাংলাদেশ সোসাইটির দুই বারের নির্বাচিত কোষাধ্যক্ষ, নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৮ এর বাজেট কমিটির ডেলিগেট, রিয়াজুল জান্নাহ সেন্টারের সহসভাপতি, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ও অসহায় শিশুদের সাহায্যার্থে পরিচালিত এনজিও দি অপটিমিস্টের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী নিউইয়র্ক কুইন্স কমিউনিটি বোর্ড ১২ এর সদস্য নির্বাচিত হয়েছেন।
আবদুল মুকিত চৌধুরী
বিএলএফের হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন আবদুল মুকিত চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ডের কমান্ডার। তিনি সাবেক প্রেসিডেন্ট, সিলেট এমসি গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই, সাবেক প্রেসিডেন্ট রোটারি ক্লাব মতিঝিল। আবদুল মুকিত চৌধুরী সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ঢাকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন । তিনি আমেরিকার সেনাবাহিনীর পদাতিক বাহিনীর গর্বিত সদস্য হিসেবে ৮ বছর কাজ করেছেন জার্মানের অগ্নিনির্বাপক পরিদর্শক হিসেবে।