নিজের অর্থেই এফ-১৬ বিমান কিনতে হবে পাকিস্তানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কিনতে হলে পাকিস্তানকে নিজে অর্থের ব্যবস্থা করতে হবে। কংগ্রেস সদস্যরা যুক্তরাষ্ট্র সরকারের তহবিল বরাদ্দ অনুমোদন করতে অস্বীকৃতি জানানোর পর দেশটি এ কথা জানিয়ে দিল। এদিকে পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র অর্থের ব্যবস্থা না করলে পাকিস্তান অন্য কারও কাছ থেকে এ যুদ্ধবিমান কিনতে পারে।
যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারি মাসে বলেছিল, তারা পাকিস্তানের কাছে রাডার ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। এ চুক্তির অর্থমূল্য প্রায় ৭০ কোটি ডলার।
তবে বুধবার কংগ্রেসে এক শুনানিতে মার্কিন আইনসভার সদস্যরা স্পষ্ট বলে দেন, তাঁরা ওবামা সরকারকে পাকিস্তানের বিমান কেনায় অর্থায়ন করতে দেবেন না। সোমবার রিপাবলিকান পার্টির নিটের বব কর্কার বলেছেন, তিনি সিনেট পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে মার্কিন তহবিল ব্যবহার বন্ধের জন্য নিজের ক্ষমতা লাগাবেন। এর উদ্দেশ্য হবে পাকিস্তানকে এটাই বোঝানো যে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইতে তাদের আরও বেশি কাজ করতে হবে। আফগান ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের কথিত সমর্থন নিয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির মধ্যে যে অসন্তোষ, বব কর্কারের বক্তব্যে সেটাই প্রতিফলিত হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি সোমবার বলেন, কংগ্রেসের বিরোধিতার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সামরিক অর্থায়নের আওতায় কোনো অর্থ ওই যুদ্ধবিমান কেনায় ব্যয় করা যাবে না।
এদিকে ডন পত্রিকা জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, যুক্তরাষ্ট্র অর্থের ব্যবস্থা না করলে পাকিস্তান অন্য কারও কাছ থেকে তুলনীয় ক্ষমতার যুদ্ধবিমান কিনতে পারে। সারতাজ বলেন, পাকিস্তান কার্যকারিতার জন্য এফ-১৬ যুদ্ধবিমানকে গুরুত্ব দেয় বটে, তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে জেএফ-১৭ থান্ডার জেট দিয়েও কাজ চলতে পারে। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তিতে উদ্বেগ প্রকাশ করে সারতাজ বলেন, এটা বন্ধ না হলে পাকিস্তানও তার ‘কৌশলগত ক্ষমতা বাড়াতে বাধ্য হবে’।

রয়টার্স