আরেকবার অভিশংসনের মুখে পড়লে নিজের আইনজীবী কারা হবে, তা ঠিক করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের আইনজীবী হিসেবে রুডি জুলিয়ানি ও অ্যালান ডারশোইটজকে নিযুক্ত করার কথা ট্রাম্প ভাবছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে দুটি সূত্র।
সিএনএন জানায়, গত বুধবার ক্যাপিটল হিল হামলার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের বিষয়টি আলোচনায় আসে জোরেশোরে। এ অবস্থায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দিক থেকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়টি নিয়ে আলোচনা ওঠে। কিন্তু পেন্স এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে এখনো সম্মতি না জানানোয় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমারের পক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর বেরিয়েছে ডেমোক্রেটিক দল আগামীকাল সোমবার এ ধরনের পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে নিতে পারে। এই প্রেক্ষাপটেই নিজের আইনজীবী হিসেবে জুলিয়ানি ডারশোইটজকে নিযুক্ত করার কথা ভাবছেন ট্রাম্প।
একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি তাঁর হয়ে লড়তে পারেন। এ ক্ষেত্রে অ্যালান ডারশোইটজকেও বিবেচনা করা হচ্ছে, যিনি নানা কারণে বিতর্কিত।
এ বিষয়ে কথা বলতে চাইলে অ্যালান ডারশোইটজ সিএনএনকে বলেন, ‘আমি সিএনএনের সঙ্গে কথা বলি না। আমি তাদের বিরুদ্ধে মামলা করেছিলাম।’
পরে অবশ্য বিষয়টি নিয়ে ডারশোইটজ আরেক মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করতে পারলে তিনি গর্ববোধ করবেন। এই মন্তব্য প্রচারের পর তিনি আবার সিএনএনের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন, তিনি প্রেসিডেন্টকে নয়, সংবিধানের কথা বলেছেন। পরিবর্তিত বক্তব্যে ডারশোইটজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষার সুযোগ পেলে আমি সম্মানিত বোধ করব। বিশেষত সংবিধানের প্রথম সংশোধনীকে রক্ষার সুযোগ পেলে, যেখানে সংবিধানকে দলীয় কাজে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে বলা হয়েছে।’
এ বিষয়ে রুডি জুলিয়ানির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দ্বিতীয়বার অভিশংসন প্রক্রিয়া মোকাবিলায় ট্রাম্প যে দল গোছাচ্ছেন, তাতে এটা পরিষ্কার যে, প্রথমবার তাঁর হয়ে যারা লড়েছিলেন, তাঁরা আর এই দলে থাকার সম্ভাবনা কম। সেবার এই দলে ছিলেন সংবিধান বিষয়ক আইনজীবী জে সেকুলো, হোয়াইট হাউসের কৌঁসুলি প্যাট সিপোলোন ও আইনজীবী জেন রাসকিন।