নিজের পাঁচ সন্তানকে হত্যা করেছেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এক সন্দেহভাজন ব্যক্তি তাঁর পাঁচ শিশুসন্তানকে হত্যা করে তাদের মরদেহ অন্যত্র ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশের বরাতে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টিমোথি রে জোনস নামের ওই ব্যক্তি গত শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি নিজ অঙ্গরাজ্যে একাধিক অভিযোগের মুখোমুখি হচ্ছেন।
এক থেকে আট বছর বয়সী ওই পাঁচ শিশু গত বুধবার নিখোঁজ হয়। এ বিষয়ে তাদের মা পুলিশের কাছে অভিযোগ জানান। তিনি তাঁর সাবেক স্বামী টিমোথির খোঁজ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।
গতকাল মঙ্গলবার দিনভর তল্লাশির পর শিশু পাঁচটির লাশ আলাবামার একটি মহাসড়কের পাশে মাটিচাপা অবস্থায় উদ্ধার করে কর্তৃপক্ষ।
আলাবামার জননিরাপত্তা দপ্তরের মুখপাত্র সার্জেন্ট স্টিভ জারেট গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, টিমোথিকে জিজ্ঞাসাবাদ করে পাঁচ শিশুর মরদেহের সন্ধান পান তদন্ত কর্মকর্তারা।
মিসিসিপির পুলিশ জানায়, গত শনিবার একটি নিরাপত্তা তল্লাশি কেন্দ্র থেকে টিমোথিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির ভেতরে রক্তসহ অপরাধ সংঘটনের অন্যান্য আলামত পাওয়া গেছে।