নিজের মেয়ে ভেবে কাকে টুইট করলেন ট্রাম্প!

যুক্তরাজ্যের ব্রাইটন এলাকার ইভানকা ম্যাজিক ঘুম ভেঙে দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁর প্রশংসা করে টুইট করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইট দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন তিনি। এ কারণে এক দিনেই ৩ হাজার ৩৮৪ ফলোয়ার থেকে তরতর করে বেড়ে যাচ্ছে তাঁর ফলোয়ারের সংখ্যা। এই টুইটের কারণে ইভানকা ম্যাজিকের ফলোয়ারের সংখ্যা বেড়ে গেলেও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ট্রাম্প। কারণ, মেয়ে ইভানকা ট্রাম্পকে টুইট করতে গিয়ে ভুল করে তিনি অন্য ইভানকাকে এই টুইটটি করেছেন।

আজ মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প টুইটারে একই ইউজার নামের কারণে ভুল করে ইভানকা ট্রাম্পের বদলে ইভানকা ম্যাজিককে ট্যাগ করে টুইট করেছেন। ওই টুইটে ট্রাম্প বলেছেন, ‘ইভানকা ট্রাম্প সেরা। সত্যিকারের দৃঢ় চরিত্রের এক নারী ইভানকা।’ টুইটটি করার সঙ্গে সঙ্গেই অনেকেই তা রিটুইট করা শুরু করেন। এক রাতেই ওই টুইটটি প্রায় চার হাজার বার রিটুইট হয়েছে। একপর্যায়ে তা ৬ হাজার ২৬-এ পৌঁছে। জানার পরেও ওই টুইটটি সংশোধন বা সরিয়ে ফেলা হয়নি।
ইভানকা ম্যাজিক যুক্তরাজ্যের স্থানীয় সরকারের অধীনে সামাজিক উন্নয়নমূলক কাজ করেন। ট্রাম্পের টুইটের জবাবে আজ তিনি লিখেছেন, ‘আপনি অনেক দায়িত্ববান একজন মানুষ। আমি পরামর্শ দেব, টুইটারে আরও মনোযোগী হন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আরও অনেক কিছু জানার চেষ্টা করুন।’

ইভানকা ম্যাজিক বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ইভানকা ট্রাম্প ভেবে তাঁর কাছে বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করা নতুন কিছু নয়। এর আগেও তিনি এই বিভ্রান্তিতে পড়েছিলেন। মার্কিন নির্বাচনের সময় ইভানকা ট্রাম্প ভেবে তাঁকে যাঁরা টুইট করতেন, তিনি তাঁদের হিলারি ক্লিনটনকে ভোট দিতে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেন।
ইভানকা ম্যাজিক আরও বলেন, ‘এটা খুবই আনন্দদায়ক যে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এভাবে জেনে যাচ্ছি।’

ডোনাল্ড ট্রাম্পের মেয়ে সাবেক মডেল ইভানকা ট্রাম্প হোয়াইট হাউসের ফার্স্ট ডটার হতে যাচ্ছেন। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর স্বামী মার্কিন রিয়েল এস্টেট ডেভেলপার ও ধনকুবের জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা হতে যাচ্ছেন।