নিজের শক্তির পরিচয় দিতে হবে নারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর বিরুদ্ধে সহিংসতা আজ নতুন নয়। বর্তমানে সারা বিশ্বে এর বিস্তৃতি বেড়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে অন্তত একজন তাঁর জীবদ্দশায় যৌন সহিংসতার শিকার হন। নারীর প্রতি এই বিধ্বংসী আচরণ মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ছে। নারীর প্রতি সহিংসতার অনেক গল্প পারিবারিক ও সামাজিক চাপের কারণে অনেকাংশেই অপ্রকাশিত রয়ে যাচ্ছে।
মানবাধিকার কী? মানব বলতে হোমো স্যাপিয়েন্সের প্রজাতির একজন সদস্যকে বোঝায়। সে হিসেবে মানুষ হিসেবে একজন ব্যক্তির প্রাপ্য অধিকার ও স্বাধীনতাকেই মানবাধিকার বলা হচ্ছে। রাষ্ট্র, অর্থনীতি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১৯৭৯ সালের ডিসেম্বরে জাতিসংঘে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহীত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হয়। ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হয়।
বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ ২৮(২) অনুচ্ছেদে আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন।’ ২৮(৩)-এ আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।’
আমাদের সংবিধান নারীর অধিকারের প্রশ্নে আইনগত সমর্থন নিশ্চিত করলেও পুরুষতান্ত্রিক সমাজে পুরুষালি কর্তৃত্ব, আইনের প্রয়োগগত সীমাবদ্ধতা, নারীর অধিকার সচেতনতার অভাব ও বৈষম্যমূলক আইনের উপস্থিতির কারণে নারীর সমানাধিকার এখনো অর্জন করা যায়নি। এখনো রোজ অসংখ্য নারীর অধিকার লঙ্ঘন হচ্ছে। নারীদের অসহায়ত্ব বেড়েই চলেছে। এখনো প্রতি দিন নারীরা ধর্ষিত হচ্ছে। অ্যাসিড নিক্ষেপে মুখ ঝলসে চিরতরের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। বাসের ভিড়ে এখনো নারী-পুরুষের বিকৃত যৌন স্পর্শ সয়ে যাচ্ছে। অসহায়ত্বের সুযোগে কিংবা সাহায্যের নামে এখনো নারীরা ক্ষমতাধরদের ভোগের বস্তুতে পরিণত হচ্ছে।
কোনো নারী জিনস পরে বের হলে, কোনো নারীর হাতে সিগারেট জ্বলতে দেখলে, এখনো কতিপয় পুরুষ ভাবে, ‘ওই নারী সহজলভ্য।’ মুখ বুজে বছরের পর বছর স্বামীর অত্যাচার মেনে নিয়ে ঘর করলেই আমাদের সমাজ ও সমাজের ব্যক্তিবর্গ বলেন, ‘আহারে! মাইয়াডা কত লক্ষ্মী।’ আর যখন সেই নারী স্বামীর অন্যায়ের প্রতিবাদ করেন, তখন এই লোকগুলোই তাকে হেনস্তা করতে ছাড়ে না।
অনেক পুরুষকে বলতে শুনি, ‘আমি আমার বউকে পূর্ণ স্বাধীনতা দিই।’ অবাক হই। যে স্বাধীনতা জন্মগত অধিকার, তা একজনকে অন্যজন কীভাবে দেয়? অনেক পুরুষ ভাবেন, ‘শিক্ষিত মেয়ে বিয়ে করে সুখী হয় না।’ অনেকেই ভাবেন, ‘মেয়েরা বেশি শিক্ষিত হলে স্বামীর অনুগত থাকে না।’ তাই দেখা যায় অনেকেই বিয়ের পর তাদের স্ত্রীর পড়াশোনা বন্ধ করে দেয়। আসল কথা হচ্ছে, শিক্ষিত স্ত্রীকে পশুর মতো পেটাতে এবং মৌখিকভাবে গালি দিতে অনেক পুরুষের সাহসে কুলায় না। তাই তারা স্ত্রীকে নিজের মতো করে দাবিয়ে রাখতেই অশিক্ষিত বা কম শিক্ষিত করে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তারা ভুলে যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারা ভুলে যায়, একজন শিক্ষিত মা-ই পারেন তাঁর ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে।
কখনো কখনো দেখা যায় স্বাস্থ্যবতী বা কালো মেয়ে দেখলে অনেক পুরুষ কটু মন্তব্য করে। এমনকি অনেক নারীকেও এসবে অংশ নিতে দেখা যায়। অথচ তারা একবারও ভেবে দেখে না যে, কারও দৈহিক গঠন বা রূপ নিয়ে বাজে মন্তব্য করার কোনো অধিকার তাদের নেই। রয়েছে এমন হাজারো বিষয়, যা প্রতি পদে পদে নারীর অগ্রযাত্রাকে থমকে দেয়। আটকে দিতে চায় নারীকে। এমন হাজারটা বাধা ডিঙিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও নারীর রক্ষা নেই। সমাজে প্রতিষ্ঠিত হয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শুরু করা নারীটির দিকে সমাজের অনেকেই বাঁকা চোখে তাকায়। কত অমানবিক আমরা, কত ছদ্মবেশী আমরা। আমাদের বিচারক্ষমতা কত দুর্বল। অথচ কত অবলীলায় আমরা আমাদেরই একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই।
হ্যাঁ, এটা কে বলেছে যে, নারীদের মধ্যে অপরাধী নেই। আছে। ঠিক যেমনটা আছে পুরুষের মধ্যেও। কিন্তু একজন নারীর অপরাধের প্রমাণ পেলেই সমাজকে যেমন হামলে পড়তে দেখা যায়, সব নারীকে কাঠগড়ায় দাঁড় করাতে দেখা যায়, তেমনটি তো পুরুষের ক্ষেত্রে দেখা যায় না। একজন পুরুষের অপরাধে যেমন সব পুরুষ অপরাধী হয় না, তেমনি একজন নারীর অপরাধেও সব নারী অপরাধী হতে পারে না। কিন্তু এমনটিই হচ্ছে। এখানে দেশ-কালের কোনো ব্যবধান নেই। আর এটি তত দিন হতে থাকবে, যত দিন নারী স্বমহিমায় মাথা তুলে না দাঁড়াচ্ছে।
নারী দুর্বল নয়। নারীর নির্ভরশীলতা তাকে দুর্বল করে রাখে। বিশ্বের প্রতিটি নারীর আত্মনির্ভর হওয়া জরুরি। স্বশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা জরুরি। পায়ের তলার ভিত যত শক্ত হবে, মনের জোরও তত বাড়বে। আর মনোবল পোক্ত হলে ও গন্তব্য নিশ্চিত হলে পৃথিবীর কোনো শক্তি নেই যা নারীকে খাটো করতে পারে। নিঃসন্দেহে বিশ্বের প্রতিটি নারীর এই শক্তি রয়েছে।