যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিজ ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেছেন। দলীয় নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।
ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন। অভিবাসন ও মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়াসহ বিভিন্ন কারণে তিনি বিতর্কিত হয়ে উঠেছেন। প্রাথমিক বাছাইয়ে তাঁর ব্যাপক সাফল্যে নিজের দলের অনেক নেতাই উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, ট্রাম্পের বক্তব্যের ভাষা এবং নীতির কারণে ভোটাররা নির্বাচনে রিপাবলিকান দল থেকে মুখ ফিরিয়ে নেবেন।
বৃহস্পতিবারের বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের সহযোগীরা বলেন, জ্যেষ্ঠ রিপাবলিকান নেতারা ট্রাম্পের জন্য ‘একটি ভাবমূর্তি’ নির্ধারণ করে দিয়েছেন। আর সেটি অনুসরণ করেই এ মনোনয়নপ্রত্যাশী নিজেকে বদলাতে শুরু করেছেন।
ট্রাম্পের নবনিযুক্ত সহযোগী পল ম্যানাফোর্ট রিপাবলিকান ন্যাশনাল কমিটির সদস্যদের বলেন, নির্বাচনী প্রচারের জন্য ট্রাম্পের ব্যক্তিত্ব এক ধরনের, আর ব্যক্তিগত জীবনের জন্য আরেক ধরনের। তিনি নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করে কিছুটা উদার ভাবমূর্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা বোঝেন।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে আগামী মঙ্গলবার ভোটাভুটি হবে। এ পর্যন্ত প্রাপ্ত ডেলিগেটের হিসাবে দলের অন্য নেতাদের চেয়ে ট্রাম্প অনেক এগিয়ে রয়েছেন।