নিপীড়ক ল্যারি নাসারকে আক্রমণ সংক্ষুব্ধ বাবার পক্ষে মার্কিন জনগণ

আমেরিকার মিশিগানের ইটন কাউন্টি আদালতে বিচার চলছে। আসামির নাম ল্যারি নাসার। মামলার বাদী দুই শতাধিক নারী, যাঁরা তাঁদের জীবনের কোনো না কোনো সময়, কেউ কেউ আবার দীর্ঘসময় ধরে ল্যারি নাসারের কাছ থেকে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অনেকই আবার বুঝ হওয়ার আগেই নিতান্ত শিশু বয়সে। এর মধ্যে অনেকেই আমেরিকার জাতীয় নারী জিমন্যাস্ট দলে থাকার সময়, যেখানে নাসার ছিলেন চিকিৎসক। সবই নাসার করেছেন, ভুক্তভোগী নারীরা যখন তাঁর কাছে চিকিৎসা নিতে এসেছেন। আর চিকিৎসার সুযোগ নিয়ে সেসব নারীদের নিপীড়নে নাসার হয়ে উঠেছিলেন রীতিমতো ‘দানব’। ইতিমধ্যে বিচারে ১৭৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। কিন্তু এতে ভুক্তভোগী, তাদের পরিজনসহ অনেকেই তৃপ্ত হতে পারছেন না।
নাসারের নিপীড়নের শিকার এ রকমই তিন মেয়ের বাবা র্যান্ডল মারগ্রেভস। মারগ্রেভসের তিন মেয়েকেই নাসার তাঁর চিকিৎসক রূপের আড়ালে শিকার বানিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি আদালতে মেয়েদের জবানবন্দি শুনতে শুনতে মারগ্রেভস যেন কোনোভাবেই আর স্থির থাকতে পারছিলেন না। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ধৈর্য আর সহ্যের বাঁধ ভেঙে মারগ্রেভস বিচারকের উদ্দেশ্যে পাঁচ মিনিট সময় ভিক্ষা চাইলেন। শর্ত- রুদ্ধদ্বার ঘরে এই ‘দানব’কে পাঁচ মিনিটের জন্য তাঁর কাছে ছেড়ে দিতে হবে।
বিচারক জানালেন, মারগ্রেভস এ রকম অন্যায় দাবি করতে করতে পারেন না। আসামির বিচার ও তাকে শাস্তি দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। তাঁর মেয়েদের ও অন্যান্য নারীদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তার ন্যায্য বিচার অবশ্যই করা হবে।
মারগ্রেভসের তারপরও মিনতি, ‘মাননীয় আদালত, মাত্র এক মিনিট!’ দাবি সুস্পষ্ট, তাঁর মেয়েদের সঙ্গে বছরের পর বছর করা অন্যায়ের জন্য এই ‘দানব’কে কি তিনি মাত্র একটি মিনিটের জন্য পেতে পারেন না? আদালত এ আবেদন আবারও খারিজ করে দিলে মারগ্রেভস হঠাৎ কাঠগড়া থেকে বিদ্যুতের গতিতে বের হয়ে আসামি ল্যারি নাসারের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। নাসারের আইনজীবী ও নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ মারগ্রেভসকে ধরে না ফেললে এক বাবার ক্রোধের আগুনেই পুড়ে হয়তো ছাই হতে হতো লম্পট নাসারকে। কিন্তু আদালতে এমন কাণ্ড ঘটিয়ে ততক্ষণে ফৌজদারি অপরাধ করে ফেলেছেন মারগ্রেভস। যদিও মারগ্রেভস নিরাপত্তারক্ষীদের কাছে প্রশ্ন রেখেছেন, একজন সংক্ষুব্ধ পিতার জায়গায় তাঁরা থাকলে কি হাত গুটিয়ে বসে থাকতে পারতেন? মেয়েদের তিনি সুরক্ষা দিতে পারেননি এ অপরাধবোধে তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
নিরাপত্তা রক্ষীরা যদিও মারগ্রেভসকে হাতকড়া পরিয়েছিলেন, বিচারক একজন বাবার মনোঃতাপকে বিবেচনায় নিয়ে তাঁকে কারাগারে পাঠাননি। ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইটনের আদালতে ঘটা এ ঘটনায় আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। নিপীড়নের শিকার তিন মেয়ের বাবা র্যান্ডল মারগ্রেভসের আবেগের বাঁধ ভেঙে আসামি ল্যারি নাসারের ওপর হামলে পড়াকে অধিকাংশ লোকজন ‘বীরত্ব’ হিসেবেই সমর্থন করছেন। প্রায় সবাই চিকিৎসকরূপী নাসারের এই নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। নাসারের ১৭৫ বছর সাজাকে লোকে কম হিসেবেও উল্লেখ করছেন। আদালত অবশ্য বলছে, ‘আমরা চোখের বিনিময়ে চোখ, দাঁতের বিনিময়ে দাঁত- এমন সিদ্ধান্তে আসতে পারি না। নাসার যা সাজা ঘোষণা হয়েছে, তা যথেষ্ট ন্যায্যতার ভিত্তিতেই করা হয়েছে।’
আমেরিকার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাজার রায়ে সন্তোষ প্রকাশ করছেন। অবশ্য মারগ্রেভসের উত্তেজিত হওয়ার জন্য, যাতে তাঁকে ফৌজদারি শাস্তির সম্মুখীন হতে না হয়, এ জন্য ক্যাম্পেইনও শুরু করে দিয়েছেন অনেকে। মারগ্রেভস অবশ্য আদালতে তাঁর কৃতকর্মের জন্য একাধিকবার ক্ষমা প্রার্থনা করেছেন। আর ইন্টারনেটে যে তাঁকে ‘হিরো’ বানানো হচ্ছে, তার বিরোধিতা করে মারগ্রেভস সাংবাদিকদের জানান, ‘আমি বীর বা হিরো নই। যদি কেউ হিরো হওয়ার দাবি রাখে, সে আমার মেয়েরাসহ অন্য মেয়েরাও, যারা সাহস করে এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে। যদিও আমি বলছি, ওরা হিরো বনে যেতে সত্যিই এসব করেনি।’