নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা দেশে শান্তি চাই, যা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। গত ২২ ডিসেম্বর নিউইয়র্কে ‘ভগোসি’ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা হারুন অর রশিদ এ মন্তব্য করেন।

নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ভয়েস অব গ্লোবাল সিটিজেন-ভগোসি এর প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সামসুল ইসলাম মজনুর পরিচালনায় অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘স্বাধীনতার চেতনা ও বিপর্যস্ত গণতন্ত্র’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ সৈয়দা আসিবা আশরাফী পাপিয়া। ফারুক হোসেন মজুমদার পবিত্র কোরআন তিলাওয়াত করার পর তাঁদের ফুল দিয়ে সম্মান জানানো হয়।
নিউইয়র্ক নগরীর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে দর্শক সারি থেকে বক্তৃতা করেন ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ কামাল সাঈদ মোহন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্শাল মুরাদ, আবুল বাশার, গিয়াস মজুমদার, ডা. জাহিদ দেওয়ান শামীম, বাকের আজাদ, রোকনুজ্জামান, হাসিন কনা, আফরিন হক, আসমা খাতুন, আমিনুল ইসলাম, রাহুল, নাসিম আহমেদ, মোতাহের হোসেন, আবুল কালাম, আব্বাসউদ্দিন দুলাল, জামাল উদ্দিন আহমেদ জনি, বদরুল হক আজাদ, পারভেজ সাজ্জাদ, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম ডালিম, সিরাজুল ইসলাম, আখতারুজ্জামান, সাইদুল হক, নিয়াজ আহমেদ, রাফেল তালুকদার, শাহাদাত হোসেন রাজু, উিউক প্রমুখ।
প্রধান অতিথি হারুন অর রশিদ তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রই এখন দেশে নেই। মানুষের কোনো অধিকার নেই। বিনা ভোটে বিনা নির্বাচনে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। পুলিশ এমন আচরণ করে, যা পাকিস্তানি হানাদারদের চেয়েও জঘন্য।
দেশে আইনের শাসন নেই অভিযোগ করে সাবেক এ সাংসদ বলেন, কেবল রাজনৈতিক নেতা-কর্মীরাই নন, বাংলাদেশে বর্তমানে প্রায়ই শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষও অপহৃত হচ্ছেন। অপহরণের শিকার ব্যক্তিদের কেউ কেউ ফিরে এলেও তাঁদের এমন ভয় পাইয়ে দেওয়া হয় যে তাঁরা কোথায় ছিলেন, কেমন ছিলেন কিংবা তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে কোনো তথ্যই প্রকাশ করেন না।
বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার চাইতে দ্বিগুণ বেশি একই ধরনের মামলা ছিল। শেখ হাসিনা তাঁর নিজেরসহ তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা সাড়ে আট হাজারের বেশি মামলা প্রত্যাহার করে বেগম জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা অব্যাহত রাখেন। এ মামলার বাদী, তদন্তকারী, সাক্ষী, বিচারপতি সবই সরকারি দলের সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। সর্বোপরি যে দেশে প্রধান বিচারপতিকে ভয় দেখিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়, সেখানে কেমন বিচার হতে পারে তা সহজেই অনুমেয়। দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ২/৩ মাস পর পর তেল গ্যাসের বিদ্যুতের দাম বাড়ানো হয়। যদিও বিশ্ব বাজারে এগুলোর দাম কমছে। মানুষ এসবের বিরুদ্ধে কথা বলতে পারছে না।
হারুন অর রশিদ অভিযোগ করেন, ১৬ টাকা দিয়ে এক লিটার ডিজেল এনে তা ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিনা লাইসেন্সে, বিনা টেন্ডারে দলীয় নেতা-কর্মীদের রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিয়ে দেশের চরম ক্ষতি করা হচ্ছে। তিনি বলেন, একমাত্র সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই বহুদলীয় গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে।
সাবেক সাংসদ সৈয়দা আসিবা আশরাফী পাপিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা করে বলেন, দেশের স্বাধীনতা ঘোষণাসহ শহীদ জিয়া দেশবাসীর মনে যে চেতনা দিয়ে গেছেন, তা ইতিহাস বিকৃত করে মুছে ফেলা যাবে না। আজ মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হয়। এ প্রসঙ্গে প্রথম আলোতে প্রকাশিত জামালপুরের জনৈক মুক্তিযোদ্ধাকে উদ্ধৃত করে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ওই মুক্তিযোদ্ধা মৃত্যুর পর মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সম্মান নিতে চান না।
৭ মার্চ নিয়ে সরকারের নানা ধরনের তৎপরতার প্রতি ইঙ্গিত করে পাপিয়া বলেন, ৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে পরের দিন থেকেই কেন যুদ্ধ শুরু হয়নি। আওয়ামী লীগ নেতারা ছিলেন না বলেই জিয়া জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র কারও পৈতৃক সম্পত্তি নয়। এখন দেশে গণতন্ত্র নেই। কথা বলার অধিকার নেই। কথা বললেই মামলা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা দেশের সম্পদ প্রতিদিন বাইরে নিয়ে যাচ্ছেন। দেশের দুর্দিনে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আন্তর্জাতিক পর্যায়ে লবিং করুন। রেন্টাল বিদ্যুৎসহ সব ধরনের দুর্নীতি ও অপশাসনের কথা বিশ্ববাসীর কাছে তুলে দরুন’।
সভাপতির ভাষণে ডা. মুজিবুর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বাধীনতাকে রক্ষা আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা পাশাপাশি চলে। সরকার গণতন্ত্রকে ধ্বংস করায় দেশের অস্তিত্বও বিপদের মুখে রয়েছে।