নিরাপত্তা চুক্তিতে বাদ সাধে হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ কর্মকর্তারাই ইরাকের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে বাদ সাধেন। চুক্তিটি হলে মার্কিন সেনাবাহিনীর কিছু সদস্য ইরাকে থেকে যেতে পারতেন। তা হলে আজকে ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক প্রধান লিওন প্যানেট্টা এ মন্তব্য করেছেন। খবর এএফপি ও রয়টার্সের।

‘ওয়ার্দি ফাইটস’ নামে লিওন প্যানেট্টার প্রকাশিতব্য এক বইতে এ অভিমত দেওয়া হয়েছে। বইটির অংশবিশেষ গত বৃহস্পতিবার টাইম সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে ইরাকসংক্রান্ত নিরাপত্তা চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এ সামরিক কর্মকর্তা। প্যানেট্টা লিখেছেন, ‘২০১১ সালের শেষের দিকে আমিসহ অনেকের কাছে এ বিষয়টা স্পষ্ট ছিল যে সব সেনা প্রত্যাহার করা হলে তা ইরাকের ভঙ্গুর স্থিতিশীলতাকে হুমকিতে ফেলবে। তখন দেশটি খণ্ডবিখণ্ড হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।’ ইরাকের বেশির ভাগ নেতা চুক্তির পক্ষে ছিলেন বলে জানিয়েছেন প্যানেট্টা।

 প্যানেট্টা জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দপ্তরও বাগদাদের নেতৃত্বের সঙ্গে একটি চুক্তির পক্ষে ছিল। তবে হোয়াইট হাউস এ ধরনের চুক্তির ব্যাপারে সামান্যই আগ্রহ দেখিয়েছিল। ফলে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত আলোচনা চললেও চুক্তির বিষয়টি আর বাস্তবে রূপ নেয়নি।

প্যানেট্টা আরও লিখেছেন, ‘আমি মনে করি, যদি মার্কিন সেনাবাহিনীর ছোট একটা অংশও ইরাকে থাকত, তবে সেখানে আজকে এই পরিস্থিতি হতো না। তারা কীভাবে আল-কায়েদার জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সহিংসতাকে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে ইরাকি বাহিনীকে কার্যকরভাবে পরামর্শ দিতে পারত।’

তুর্কি পার্লামেন্টের সমর্থন: জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার ব্যাপারে তুরস্কের পার্লামেন্টের সমর্থন পেয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। পার্লামেন্টে ভোটাভুটির পর দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, আইএসের হুমকির মুখে থাকা সিরীয় কুর্দি শহর কোবানকে রক্ষায় তাঁরা ‘সাধ্যের ভেতরে সবকিছুই’ করবেন।

অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক যোগদান: অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা গতকাল শুক্রবার আইএসকে রুখতে বিশেষ বাহিনী মোতায়েন ও বিমান হামলা অনুমোদন করেছে। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ কথা জানিয়েছেন।

সাবেক মার্কিন সেনা কুর্দি বাহিনীতে: মার্কিন সেনাবাহিনীর সাবেক একজন সদস্য আইএসের বিরুদ্ধে লড়াই করতে কুর্দি বাহিনীতে যোগ দিয়েছেন। কুর্দি বাহিনীর একজন মুখপাত্র বৃহস্পতিবার এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির নাম জর্ডান ম্যাটসন।