নিরাপত্তা জোরদার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুমার নামাজের পর ব্রঙ্কসে বাংলাদেশিদের বিক্ষোভ মিছিল
নিউইয়র্ক বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুমার নামাজের পর ব্রঙ্কসে বাংলাদেশিদের বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও শোভাযাত্রা বের করেছেন প্রবাসীরা। ২০ অক্টোবর জুমার নামাজের পর ব্রঙ্কসের বাঙালি অধ্যুষিত স্টার্লিং বাংলাবাজার এলাকায় বাংলাদেশি কমিউনিটি অব ব্রঙ্কস এই কর্মসূচির আয়োজন করে।
বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নপোর্ট রোডে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। জুমার নামাজের পরপরই কর্মসূচিতে বাংলাবাজার জামে মসজিদের মুসল্লিরাসহ জড়ো হন বিপুলসংখ্যক প্রবাসী। তাঁরা ছিনতাইসহ বাংলাদেশিদের ওপর বিভিন্ন সময়ে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। শোভাযাত্রা থেকে ‘ছিনতাইকারী-সন্ত্রাসীমুক্ত ব্রঙ্কস চাই’ স্লোগানসহ নানা স্লোগান দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে গ্লিব অ্যাভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিন, নিউইয়র্ক নগরের সাবেক পুলিশ কমিশনার জো রামোস ও সন্ত্রাসী হামলার শিকার মুশফিকুর চৌধুরী রাহাত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো, ৪৫ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তা জন সাউহরাডাসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে গিয়াস উদ্দিন ব্রঙ্কসে সম্প্রতি ঘটে যাওয়া ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী হামলার উল্লেখ করে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত তাঁর ওপর ছিনতাইকারীদের হামলার বিবরণ দিয়ে এই শোভাযাত্রা ও সমাবেশ আয়োজনের জন্য বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানান।
সমাবেশে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। বর্ণবৈষম্যমূলক হামলা, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরামর্শও দেন তাঁরা। এ সময় পুলিশি টহল বাড়ানো, পুলিশের নজরদারি জোরদারসহ অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনেরও আশ্বাস দেন কর্মকর্তারা।
ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত নামে এক বাংলাদেশি তরুণ ছিনতাইকারীর হামলার শিকার হন ১৪ অক্টোবর। রাত প্রায় সাড়ে ১০টার দিকে ব্রঙ্কসের গ্লিব অ্যাভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় কিউ এনালিস্ট মুশফিকুর চৌধুরী রাহাতকে (২৬) তিন স্প্যানিশ বংশোদ্ভূত যুবক এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। সেন্ট রেমন্ড ও গ্লোভার স্ট্রিট অ্যাভিনিউ এলাকায় বসবাস করেন রাহাত। তার দেশের বাড়ি সিলেটের আম্বরখানায়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. খবির উদ্দিন ভূঁইয়া (৫৮) সন্ত্রাসী হামলার শিকার হন। ওই দিন রাত প্রায় আটটায় ব্রঙ্কসের ক্যাসলহিল সাবওয়ের অদূরে ক্যাসলহিল ও স্টার্লিং অ্যাভিনিউর কর্নারে মো. খবির উদ্দিন ভূঁইয়াকে ৪/৫ জন যুবক এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। খবির উদ্দিনের দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সপরিবারে দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন।