নিরাপদ সড়ক চাই আন্দোলন আরও বেগবান হবে
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন আরও বেগবান হবে যদি এর গুরুত্ব আমরা সবাই উপলব্ধি করতে পারি এবং দেশে ও প্রবাসে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
নিসচা যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৮ আগস্ট জুম কনফারেন্সে আয়োজিত আলোচনা সভায় ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া। সভায় নিসচা কেন্দ্রীয় কমিটি থেকে আরও উপস্থিত ছিলেন নিসচা বাংলাদেশের মহাসচিব সৈয়দ এহসানুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
আলোচনা সভায় নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিসচা যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ইসমাইল হোসেনকে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করার ঘোষণা দেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই এমন একটি সংগঠন, যার উদ্দেশ্য ও লক্ষ্য প্রতিটি মানুষ যেন সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করা। পাশাপাশি এই করোনা মহামারিতে কর্মহীন সাধারণ গরিব মানুষের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে নিসচা। এই সবকিছুই সম্ভব হচ্ছে আপনাদের সহযোগিতার কারণে। ভবিষ্যতেও এই নিসচার উদ্যোগে যেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করে যেতে পারি এবং দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারি সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।
নিসচা বাংলাদেশের মহাসচিব সৈয়দ এহসানুল হক বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সতর্কতা আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং নিসচা সংগঠনকে দেশে বিদেশে আরও সম্প্রসারিত কীভাবে করা যায় সেই ব্যাপারে সবার সুচিন্তিত মতামত ও প্রস্তাব গ্রহণ করেছি। তিনি করোনা মহামারির পর ওই প্রস্তাব বিবেচনা সাপেক্ষে কার্যকরী করার উদ্যোগ নেবেন বলে জানান।
নিসচা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন দেশে ও প্রবাসে সড়ক দুর্ঘটনা ও করোনা মহামারিতে নিহত সবার আত্মার শান্তি কামনা করেন। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের দীর্ঘ যাত্রায় দেশে ও প্রবাসে যারা সঙ্গে ছিলেন এবং আছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভায় নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনকে যেন বাংলাদেশের আনাচকানাচে আরও সম্প্রসারিত করা যায় সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নিসচা নিউজার্সি শাখার আহ্বায়ক আবুল কালাম বলেন, এই সংগঠন মানবতার সংগঠন। আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আজীবন এই সংগঠনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। তিনি নিসচা-এর একটি অনলাইন টিভি চ্যানেল চালু করার প্রস্তাব রাখেন এবং এই লক্ষ্যে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আলোচনা সভায় ২০০ ডলার অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন—নিসচা যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য যথাক্রমে এ বি এম ওসামান গনী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, ফাহিম রেজা নূর, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু ও আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক আল আমিন রাসেল, নিসচা সদস্য মুস্তাফিজুর রহমান প্রমুখ।