নিরাপদে আছেন ফ্লোরিডার ৬০ হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় ৪ মাত্রার শক্তি নিয়ে ১০ সেপ্টেম্বর আঘাত করে ঘূর্ণিঝড় ইরমা। আগেই অঙ্গরাজ্যটির উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় মানুষদের l ছবি: এএফপি
ফ্লোরিডায় ৪ মাত্রার শক্তি নিয়ে ১০ সেপ্টেম্বর আঘাত করে ঘূর্ণিঝড় ইরমা। আগেই অঙ্গরাজ্যটির উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় মানুষদের l ছবি: এএফপি

ঘূর্ণিঝড় ইরমার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ফ্লোরিডা। বিশেষত ফ্লোরিডার ছোট ছোট দ্বীপগুলো ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ‘কি’ নামে পরিচিত এসব দ্বীপের এক চতুর্থাংশই আক্ষরিক অর্থে ধ্বংস করেছে ইরমা। তবে ইরমার কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হলেও তা হয়নি। ফলে ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থান থেকে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন উপদ্রুত অঞ্চলের অধিবাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরমার কারণে মোট ৪৬ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু ফ্লোরিডাতেই নিহত হয়েছে ১২ জন। তবে নিরাপদে আছেন ফ্লোরিডায় থাকা প্রায় ৬০ হাজার বাংলাদেশির সবাই।

১০ সেপ্টেম্বর রাতে ফ্লোরিডার মধ্যাঞ্চল অতিক্রম করে ইরমা। এর আগেই অবশ্য ফ্লোরিডার উপকূলে আঘাত হানে ঝড়টি। পুরো ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০ হাজার বাংলাদেশির বাস। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন মায়ামি, ওয়েস্ট পাম বিচ ও ফোর্ট লডারডেল অঞ্চলে। এ ছাড়া মধ্য ফ্লোরিডায় থাকেন আরও প্রায় ৫ হাজার বাংলাদেশি। ঝড়টি ব্যাপক আতঙ্কের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ফ্লোরিডায় অবস্থানরত সব বাংলাদেশি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
আটলান্টিক মহাসাগরে সাম্প্রতিককালে সৃষ্ট ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ইরমা ৬ সেপ্টেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত করে। পুয়ের্তো রিকোয় ঝড়টি ব্যাপক তাণ্ডবলীলা চালায়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঝড়টি ৫ মাত্রার শক্তি নিয়ে আঘাত হানে। এ সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৭ কিলোমিটার। বারবুডা, সেন্ট মার্টিন, পুয়ের্তো রিকোয় ঝড়টি এ শক্তিতেই আঘাত করে। শুধু ক্যারিবীয় অঞ্চলেই ইরমার কারণে নিহত হন ২৮ জন। পরে কিছুটা শক্তি হারিয়ে ৪ মাত্রার শক্তি নিয়ে আঘাত হানে কিউবায়। কিন্তু কিউবা অতিক্রম করে ফ্লোরিডার দিকে অগ্রসর হওয়ার সময় এর শক্তি আবারও বাড়তে শুরু করে, যা আতঙ্কিত করে ফ্লোরিডাবাসীকে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি মায়ামি ও টাম্পা বিচ হয়ে মধ্য ফ্লোরিডা অতিক্রমের কথা থাকলেও কিছুটা দিক পরিবর্তন করে। ফলে মায়ামি ও টাম্পা ইরমার ধ্বংসলীলা থেকে কিছুটা ছাড় পায়। মায়ামিতে ঝড়টি ৪ মাত্রার শক্তি নিয়ে আঘাত করে। পরে ১১ সেপ্টেম্বর এর মাত্রা কমে ৩ এ নেমে আসে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯০ কিলোমিটার। আর মধ্য ফ্লোরিডা অতিক্রমের সময় এর গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারে নেমে আসে। কিন্তু এ খর্বশক্তির ঝড়ও যথেষ্ট তাণ্ডব চালায় অঞ্চলটিতে। গাছপালা উপড়ে ফেলার পাশাপাশি বহু এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়। ইরমার আঘাতে ১০ সেপ্টেম্বরই ফ্লোরিডার প্রায় ৫০ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু মধ্য ফ্লোরিডার অধিবাসীদের একটি বড় অংশই গড়ে ৫০-৬০ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ট্রাফিক লাইটগুলো। ইরমার কারণে মোট ৩৮৫টি আশ্রয়কেন্দ্রে ২ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিরাপদ আশ্রয় হিসেবে অরল্যান্ডোর বিভিন্ন হোটেলেও আশ্রয় নেয় মানুষ। এ অঞ্চলের বিভিন্ন হোটেলের ১ লাখ ১০ হাজার হোটেল রুম বুকড হয় এ সময়। আতঙ্কে একযোগে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে যাওয়ায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের। ফলে অনেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
সিলেটের কানাইঘাটের মিলন আহমদ কিসিমিতে আছেন ২২ বছর ধরে। এ দীর্ঘ সময়ে ফ্লোরিডায় বহু ঘূর্ণিঝড় দেখলেও এবার ভীষণ ভয় পেয়েছিলেন তিনি। মা, স্ত্রী সন্তানসহ হোটেলে ওঠার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত উঠতে পারেননি। পরে নিজের ঘর কাঠ দিয়ে আবৃত করে ইরমা থেকে রক্ষার চেষ্টা করেন। কিসিমির আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী মুন্না প্রথম আলোকে বলেন, ইরমার শক্তির মাত্রা ২ এ নেমে আসায় আল্লাহর ওপর ভরসা করে বাসাতেই ছিলাম। তেমন কোনো ক্ষতি হয়নি। তবে অভিজ্ঞতা ছিল ভয়াবহ। ভবিষ্যতে ৩ বা ৪ মাত্রার ঝড় হলে ফ্লোরিডা ত্যাগ করতে হবে। ৪ মাত্রার ঝড়ে ঘর তো দূরের কথা জীবন বাঁচানোই অসম্ভব হয়ে পড়বে।
ফ্লোরিডার গভর্নর শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। অনেক আগে থেকেই নাগরিকদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের বাড়ি-ঘর ফিরিয়ে দিতে পারব। কিন্তু আপনাদের জীবন ফিরিয়ে দিতে পারব না। তিনি তার সব বাহিনীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। প্রস্তুত ছিল কয়েক হাজার স্বেচ্ছাসেবক আর রেডক্রসসহ সব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। কিন্তু সংকট হয় সড়কের যানজট ও নিত্যপণ্যের সরবরাহে। জ্বালানি তেলে সংকটও ছিল উল্লেখযোগ্য মাত্রায়। প্রচণ্ড ভিড় ছিল নির্মাণ সামগ্রী ও নিত্যপণ্যের দোকানগুলোয়। ৮ সেপ্টেম্বর থেকেই পূর্বসতর্কতা হিসেবে বন্ধ রাখা হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্রের পাশাপাশি মধ্য ফ্লোরিডার বিভিন্ন মসজিদও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। দুর্যোগ মোকাবিলায় এ মসজিদগুলো সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আক্রান্ত মানুষদের সহায়তার হাত বড়িয়ে দেন বাংলাদেশিরা।
মায়ামির বিশিষ্ট কমিউনিটি নেতা ও ফোবানা ২০১৭ সম্মেলনের আহ্বায়ক এম রহমান জহির রহমান বলেন, মায়ামিতে আমরা সবাই আতঙ্কিত ছিলাম। আবহাওয়ার পূর্বাভাসগুলো অনুসরণ করছিলাম। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষের খোঁজখবর নিচ্ছিলাম। ঝড়ের মাত্রা কমে আসায় আমরা মায়ামিতেই থেকে যাই। এখানকার দু-একজন বাংলাদেশি ঝুঁকিপূর্ণ এলাকায় ছিলেন। আমরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনি। এখন সবাই নিরাপদে আছেন।
একইভাবে সেন্ট পিটে বসবাসকারী শ’খানিক বাংলাদেশিও নিরাপদে আছেন বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দা জুলফিকার। প্রথম আলোকে তিনি বলেন, ভয় ও আতঙ্ক তো ছিলই। তারপরও আমরা সবার সমন্বিত চেষ্টায় তেমন বড় কোনো ক্ষতি হয়নি।
একই কথা জানান টাম্পার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মধ্য ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিলন। তিনি জানান, টাম্পা অনেকটা ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় থাকায় অনেকেই অন্যত্র চলে যান। এখানকার হাজারখানেক বাংলাদেশির অধিকাংশই অরল্যান্ডোর হোটেলগুলোয় অবস্থান নেন। এখানকার বাংলাদেশিদের অনেকেই গ্যাস স্টেশন ব্যবসার সঙ্গে জড়িত। তারা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে তা আরও বেশি হতে পারতো।
১১ সেপ্টেম্বর মধ্য ফ্লোরিডা ছাড়িয়ে ইরমা আঘাত করে জেকসনভিলে। সেখানে ইরমার প্রভাবে বন্যাও হয়েছে। তবে এখানকার প্রায় ২০০ বাংলাদেশির সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে।
ইরমার আঘাতের পর এখন আক্রান্ত অঞ্চলে উদ্ধারকাজ পরিচালনা করছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এরই মধ্যে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন গ্যাস স্টেশন বন্ধ থাকায় এবং বিদ্যমান বিদ্যুৎ সংকটের কারণে উদ্ধার তৎপরতা কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইরমার ক্ষতি পরিদর্শনের জন্য ১৪ সেপ্টেম্বর ফ্লোরিডা সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে তিনি এ ঝড়কে ‘দানবের’ সঙ্গে তুলনা করেছিলেন। সে সময় ফ্লোরিডাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।