নিরাপদে থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সাল। জীবনের সবচেয়ে আনন্দের বছর। এ বছর প্রথম মা হয়েছি। পৃথিবীর সব সম্পর্কের চেয়ে শক্তিশালী সম্পর্ক হলো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক।
মায়ের কাছে প্রিয় হলো তাঁর সন্তান। মা আর সন্তানের সম্পর্ক জন্মের আগ থেকে শুরু হয়। আর তা পূর্ণতা পায় সন্তানের বড় হওয়ার সঙ্গে সঙ্গে। আমি সুস্বাস্থ্যের অধিকারী। এ কারণে আমাকে যতটা না চিন্তা করতে হয়েছে, তার চেয়ে বহুগুণ বেশি চিন্তা মানুষ করেছে। যেখানেই যাই মানুষ নিজ দায়িত্বে ডায়েট বা ব্যায়ামের জন্য গানের মতো গাইতে থাকে। এ কারণে কেউ মোটা বললে দুঃখ লাগে না বরং তার জন্যই কষ্ট হয়। আহা আমার জন্য কত কষ্ট করেই না চিন্তা করছে!
একদিন রাতে আইল্যান্ডে থাকেন এক আন্টি দাওয়াত করেছিলেন। খাওয়া শেষ করে হাত ধুয়ে আসার সময় হঠাৎ মনে হলো মাথাটা শূন্যে ভাসছে। এক মিনিটের মধ্যে ধপাস। সবাই ধরাধরি করে তুলল। আন্টি মুখে পানির ছিটা দিতে লাগলেন। ভাগ্যিস খুব অল্প সময়ে জ্ঞান ফিরেছিল। সবাই যে যার মতো নিজ দায়িত্বে রাগ দেখাল। আমি নাকি ঠিকমতো খাই না। নিজের খেয়াল রাখি না। আমিও নিজেও কিছুটা অবাক হয়েছি নিজের পড়ে যাওয়া দেখে।
চিকিৎসকের কাছে গেলাম দুদিন পর। ডাক্তার সুখবরটা দিলেন, আমি মা হব। এতক্ষণে রহস্য উন্মোচন হলো। সেদিন বাংলা সিনেমার মতো, মা হওয়ার আগাম বার্তায় আমি পড়ে গিয়েছিলাম!
আরও একটা মজার বিষয় ছিল, হঠাৎ হঠাৎ কেমন জানি লাগত। যখনই সিনেমার নায়িকাদের মতো টক কিছু খাই, একদম সুস্থ আমি। এরপর অফিসে যাওয়ার সময় সঙ্গে তেঁতুল নিয়ে যেতাম।
১১ সপ্তাহ হলো। একদিন সকালে বাথরুমে গিয়ে দেখি ব্লিডিং। কী পরিমাণ ভয় সেদিন পেয়েছিলাম লিখে বোঝানো যাবে না। সঙ্গে সঙ্গে হাসপাতালে। অবশেষে জানতে পারলাম রক্তের গ্রুপ বি নেগেটিভ হওয়ায় আমার বাচ্চার ইনফেকশন হয়েছে। ডাক্তাররা ইনজেকশন দিলেন। অনেক বড় সুচ। আরও দুবার দিতে হবে। ত্রিশ সপ্তাহের পর একটা, অন্যটা বাচ্চা হওয়ার পর। এতে পরবর্তীতে বাচ্চা হতে সমস্যা হবে না।
চার মাসের সময় পেট ব্যথা করতে লাগল। কিছুক্ষণ থামছে তো আবার শুরু হতে থাকল। আবারও হাসপাতালে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন। ডাক্তার যা বললেন, তা বিশ্বাস করতে কষ্ট লাগছিল। বললেন, কন্সট্রাকশন ব্যথা শুরু হয়েছে। মনে হয় না, বাচ্চা রাখতে পারবে। মাথায় তখন আকাশ পড়লেও এত ব্যথা পেতাম না।
আমি কেঁদেই চললাম। ওরা আমার হাতে স্যালাইন লাগাল। আমার কান্না দেখে স্বামীও কাঁদছে। কিছুক্ষণ লাগল নিজেকে সামলাতে। চোখ মুছে তাঁকে বললাম, নিশ্চয়ই আল্লাহ কোনো ভালোর জন্যই করছেন। মনে মনে চোখ বন্ধ করে পেটে হাত রেখে বললাম, আল্লাহ তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তোমার যদি মনে হয় এই বাচ্চা না থাকলে ভালো তাহলে তুমি নিয়ে যাও। আর যদি মনে করো থাকলে কোনো সমস্যা নেই, তাহলে আল্লাহ তুমি ওকে নিয়ো না।
ঠিক ১০ মিনিট পর পর ব্যথা হতে লাগল। চুপচাপ শুয়ে আছি বিছানায়। পেটে হাত দিয়ে বাচ্চার সঙ্গে কথা বলতে থাকলাম। একটু পর পর নার্স আসে জানতে চায় কোনো ব্যথা হচ্ছে কিনা। যতটা সম্ভব হেসে উত্তর দিলাম নেই। যতবার নেই বলি, ওরা আমার দিকে অবাক হয়ে তাকায়। আমি ভাবছি ওরা তো বুজবে না। তখনো জানা ছিল না, কন্সট্রাকশন পেইন হলে মেশিনে দেখে ওরা বুঝতে পারে। এক সময় ব্যথাটার সময় বাড়তে থাকল। ১০ মিনিটের পরিবর্তে ২০ মিনিট পর হতে লাগল।
তিন দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলাম। আমার ডিউ ডেট ছিল ১২ জানুয়ারি। ডাক্তাররা বারবার বলছেন, আর ছয় সপ্তাহ পার করতে পারলেও বাচ্চাকে বাঁচাতে পারবে। আমি আল্লাহর কাছে চাইতে লাগলাম। ও ১২ তারিখের জায়গায় আরও তিন দিন পিছিয়ে ১৫ জানুয়ারি আমাদের জীবনে এল। ওকে বাসায় নিয়ে আসলাম।
সাড়ে চার মাস হলো দেখতে দেখতে। ম্যাটারনিটি লিভ শেষ। বাচ্চাকে ওর দাদির কাছে রেখে ৫ মে কাজে যোগ দিলাম। নাইট শিফট। রাত ১২টা থেকে সকল আটটা পর্যন্ত। অনেক দিন পর কাজ করার কারণে ক্লান্ত লাগছিল। গাড়ির সিট নামিয়ে আধশোয়া হয়ে থাকলাম। শ্বশুর বাড়ির কাছাকাছি চলেও এসেছি। অল ওভার স্টপ সাইনে আমরা থেমেছি। এখন আমরা যাব। ডান পাশের গাড়ি থামার কথা কিন্তু গাড়ি এসে আমার দিকে ধাম করে মেরে দিল ৩০ সেকেন্ডের মধ্যে। প্রথমেই আমার স্বামীকে দেখলাম, ও ঠিক আছে কিনা। ও বলল, ঠিক আছে। আমিও ঠিক আছি। ও গাড়ি থেকে নেমে দেখতে গেল গাড়ির কী অবস্থা। ততক্ষণে বুঝতে পারলাম আমি আসলে ঠিক নেই। মাথা ঘুরছে, বমি বমি লাগছে। অ্যাম্বুলেন্স কল করল স্বামী। কিছুক্ষণ জ্ঞান ছিল না। জ্ঞান যখন ফিরল, দেখি চোখের সামনে আমার স্বামী কাঁদছে। আমি ওর কান্না দেখেই প্রথমে আমার দুই পা ওপরে তোলার চেষ্টা করলাম। বেঁচে গিয়েছি। আমার দুই পা ভালোই আছে।
তবে পা কাটা না গেলেও শরীরের অনেক ইন্টারনাল ক্ষতি হয়ে গিয়েছিল। পাঁচ পাউন্ডের বেশি কিছু নেওয়া নিষেধ হয়ে গেল। এরপর থেকে আমার ছোট বাচ্চাকে আর কোনো দিন কোলে করে নিয়ে ঘুম পাড়াতে পারিনি। ১০ মিনিটের বেশি এক জায়গায় বসতে পারতাম না। ব্যথা শুরু হয়ে যেত। হাঁটা, বসা সবকিছুই কঠিন হয়ে গিয়েছিল। চাকরি ছেড়ে দিতে হলো। ছোট সহজ কাজগুলো কঠিন হয়ে যেতে লাগল। তবে সুন্দর পৃথিবীতে বেঁচে আছি—এটাই বড় কথা!
আমার জীবন বদলে দিল একটা অ্যাক্সিডেন্ট! প্রতিনিয়ত কামনা করি, সবাই নিরাপদ থাকুন। অন্যদের নিরাপদ রাখুন।