নির্ঘুম নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি-২০ সম্মেলনের প্রতিবাদ জানাতে জার্মানির হামবুর্গে প্রতিবাদে যোগ দেন নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও (মাঝে)
জি-২০ সম্মেলনের প্রতিবাদ জানাতে জার্মানির হামবুর্গে প্রতিবাদে যোগ দেন নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও (মাঝে)

এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ
কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য নিহত
৫ জুলাই সকালে নিউইয়র্ক সিটির ৪৮ বছর বয়স্ক মহিলা পুলিশ অফিসার মইসোটিস ফেমেলিয়া কর্তব্যরত অবস্থায় এক আততায়ীর গুলিতে প্রাণ হারান। সে সময় তিনি ব্রঙ্কসে পার্ক করা পুলিশের একটি মোবাইল কমান্ড ইউনিটে কাজ করছিলেন। জানালার ফাঁক দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যা তা মাথায় আঘাত করে এবং হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ফেমেলিয়া ১২ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করছিলেন। মৃত্যুকালে তিনি ২০ বছর বয়সী এক কন্যা এবং ১২ বছরের যমজ আরেক কন্যা ও পুত্র রেখে যান।
তাঁকে গুলি করে বন্ড নামের ৩৪ বছর বয়স্ক মানসিক ভারসাম্যহীন এক যুবক, ঘটনার পরপরই যিনি পুলিশের গুলিতে নিহত হন।
১৯৮৪ সালের পর তিনিই দ্বিতীয় মহিলা পুলিশ অফিসার, যিনি কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন। এর আগে ১৯৮৪ সালে ইরমা লযাডা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছিলেন। তখন ১৯৮০ সাল, নিউইয়র্ক সিটির সাবওয়ে ছিল চোর, ডাকাত, ছিনতাইকারী আর ঠগের আস্তানা। সাবওয়ের বগিগুলো গ্রফিডিতে ভরা থাকত। খুব কম মহিলা অফিসারকে তখন পেট্রল ডিউটিতে দেখা যেত। তখন লযাডা ছিনতাইকারীদের আকৃষ্ট করতে ছদ্মবেশে গলায় নকল সোনার মালা পরে ব্রুকলিনে সাবওতে ঘুরছিলেন। যথারীতি তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ঘটনাচক্রে তিনি তাঁর পুরুষ পুলিশ সদস্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং ছিনতাইকারী তাঁর পিস্তল ছিনিয়ে নিয়ে তাঁকে দুবার গুলি করে। উল্লেখ্য বর্তমানে নিউইয়র্ক সিটির ৩৬ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৬ হাজার ৩৯৪ জন হলেন নারী।

মেয়র ডি ব্লাজিও সংবাদ
জি-২০ সম্মেলনের প্রতিবাদ জানাতে জার্মানির হামবুর্গে প্রতিবাদকারীরা সমবেত হয়েছিল। কোনো কোনো প্রতিবাদ হিংসাত্মক রূপ নিয়েছিল। পুলিশের ওপর নানা রকম আক্রমণ হয়েছে এবং পুলিশও প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করেছে। তবে একটি অহিংস প্রতিবাদে যোগ দিতে নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও সেখানে হাজির হয়েছিলেন। এই নিয়ে নিউইয়র্কের স্থানীয় রাজনীতিকেরা মেয়রকে উদ্দেশ করে কড়া মন্তব্য করছেন। তাঁদের বক্তব্য, নিউইয়র্ক যখন নানা সমস্যায় জর্জরিত তখন মেয়রের তাঁর জরুরি কাজ ছেড়ে সেখানে যাওয়া ঠিক হয়নি। মেয়র অফিস অবশ্য জানিয়েছে, ব্লাজিও হামবুর্গ থেকে খবরাখবর রেখেছেন।

সামারের ছুটিতে আপনার সন্তান
সামারে প্রায় আড়াই মাস স্কুল বন্ধ থাকে। তাই এই সময়টা অভিভাবকেরা স্কুলগামী ছেলেমেয়েদের কীভাবে কাটাবেন তা নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই তাঁদের ছেলেমেয়েদের বিভিন্ন সামার ক্যাম্পে পাঠিয়ে থাকেন। তবে সামার ক্যাম্পে বেশ কিছু অর্থ খরচ করতে হয়, যা হয়তো অনেক অভিভাবকেরই সামর্থের মধ্যে পড়ে না। সে ক্ষেত্রে তাঁরা বিকল্প হিসেবে লাইব্রেরির কথা চিন্তা করতে পারেন। পাবলিক লাইব্রেরিগুলো সামারে স্কুলগামী ছেলেমেয়েদের কথা চিন্তা করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সব অনুষ্ঠানই ফ্রি। সিটি থেকে লাইব্রেরিগুলোতে দুপুরে ফ্রি লাঞ্চের ব্যবস্থাও আছে। এ ছাড়াও বিভিন্ন পার্কে বা খোলা মাঠে ফ্রি মুভি অথবা কনসার্ট দেখার ব্যবস্থা করা হয়ে থাকে। পার্কে যে মুভি দেখানো হয় তার শিরোনাম হলো ‘মুভি আন্ডার দি স্টারস’ মুভির তালিকা দেখতে পার্ক ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অথবা https://www.nycgovparks.org/events/movies-under-the-stars  লিংকে যাওয়া যেতে পারে। আর যাঁরা পার্কে ফ্রি কনসার্ট উপভোগ করতে চান, তাঁরা উল্লেখিত লিংক থেকে কবে কখন কোন পার্কে কনসার্ট হচ্ছে, তা জেনে নিতে পারেন। https://www.nycgovparks.org/events/free_summer_concerts 

এমটিএ অথবা মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটিতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা
এমটিএ হলো উত্তর আমেরিকায় সবচেয়ে বড় গণপরিবহন সিস্টেম এবং পৃথিবীর বৃহত্তম গণপরিবহনের অন্যতম। এর সঙ্গে সম্পৃক্ত হলো নিউইয়র্ক সাবওয়ে সিস্টেম, লং আইল্যান্ড রেলরোড, যা মূলত নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডর মধ্যে যাতায়াত করে, মেট্রো-নর্থ যা নিউইয়র্ককে কানেকটিকাট রাজ্যর সঙ্গে সংযুক্ত করে। এ ছাড়াও আছে এনজে ট্রানজিট যা নিউজার্সি রাজ্য এবং নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং এমট্রেক হলো নিউইয়র্ক থেকে দূরপাল্লার ট্রেন।
নিউইয়র্ক সাবওয়ে সিস্টেম প্রতিদিন ৫০ লাখের বেশি যাত্রী বহন করে। এই সাবওয়েতে বগির সংখ্যা ৬ হাজার ৪০০-এর চেয়ে বেশি, যা প্রতিদিন ৬৬৫ মাইল পথ অতিক্রম করে। মোট স্টেশনের সংখ্যা ৪৭২টি। এই সার্ভিস ২৪ ঘণ্টা চালু থাকে।
বেশ কিছুদিন ধরে সব ট্রেনেই নানা রকম সমস্যা হচ্ছিল, তাই এদের সংস্কার ছিল খুবই জরুরি। এমটিএ এই সামারে সব সিস্টেমের জরুরি মেরামতে হাত দিয়েছ। আর মিডিয়া এই মেরামতের নাম দিয়েছে, সামার অব হেল বা নরকের গ্রীষ্ম।
লং আইল্যান্ড রেল রোড জানিয়েছে সংস্কারের জন্য ২০ ভাগ ট্রেন কম চলাচল করবে। বিকল্প হিসেবে বিভিন্ন স্টেশনের মধ্য কমিউটার বাস চলাচল করবে এবং লং আইল্যান্ড থেকে ম্যানহাটনের মধ্যে দুটি ফেরি চলবে। নিউজার্সি থেকে আসা এনজে ট্রানজিটের যাত্রীদের হবোকন স্টেশন থেকে ফেরিতে করে নিউইয়র্কে আসতে হবে। এমট্রেক কিছু কিছু ট্রেন পেন স্টেশনের বদলে গ্র্যান্ড সেন্ট্রাল থেকে ছাড়বে এবং সেখানে থামবে বলে জানিয়েছে। একইভাবে সাবওয়েতেও ব্যাপক সংস্কার করা হচ্ছে, তাই অনেক ট্রেনই স্টেশনগুলো থামছে না অথবা অনেক রুটে ট্রেন চলাচল করছে না। প্রত্যেক যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগে পরিবর্তন সম্পর্কে যেনে নিতে এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে এমটিএ এবং নিউইয়র্কের গভর্নর আহ্বান জানিয়েছেন। সর্বশেষ সংবাদে জানা যায় এখন পর্যন্ত ট্রানজিট ব্যবস্থার পরিবর্তনের ফলে বড় ধরনের কোনো বিপর্যয় দেখা দেয়নি।