নির্দিষ্ট পুষ্টিই রোগ নিরাময়ের যথার্থ ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে আমরা আলোচনা করব খাদ্যের মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়া নিয়ে।

লবণ ছাড়া আমরা খাদ্য প্রায় গ্রহণই করতে পারি না; লবণ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। প্রয়োজনে পাশের বাড়িতে ধার চাইতেও দ্বিধা হয় না। লবণের প্রয়োজনীয়তা আমরা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি। একইভাবে দেহে পুষ্টির প্রয়োজনীয়তা খাদ্যে লবণের মতো জরুরি হিসেবে দেখতে হবে। অবহেলা করার উপায় নেই। খাদ্যে লবণ যেমন আমাদের কাছে জরুরি, থাইরয়েডের জন্যও

নির্দিষ্ট পুষ্টি তেমনই জরুরি। এখানে বলে রাখা দরকার যে বিভিন্ন খাদ্য থেকে এই নির্দিষ্ট পুষ্টি পাওয়া যেতে পারে। শুধু তা–ই নয়, দেহতন্ত্রের অন্যান্য অঙ্গেও নির্দিষ্ট পুষ্টির উপস্থিতি রোগ নিরাময়ের ক্ষেত্রে লবণের মতোই জরুরি অনুষঙ্গ। অর্থাৎ এককথায় খাদ্যের মাধ্যমে পাওয়া নির্দিষ্ট পুষ্টিই হচ্ছে রোগ নিরাময়ের যথার্থ ওষুধ। আয়ুর্বেদিক পরিভাষায় ভেষজ ওষুধই হচ্ছে নির্দিষ্ট পুষ্টি পাওয়ার খাদ্য। এ ধরনের খাদ্যকেই ইংরেজিতে বলে সাপ্লিমেন্ট।
প্রকৃতি সাধারণত আমাদের দুই ধরনের খাদ্য সরবরাহ করে। যেমন এক হচ্ছে ডাল, ভাত, মাছ, তরিতরকারি ইত্যাদি সাধারণ খাদ্যে। অন্যটি হচ্ছে ঔষধি খাদ্যে। সাধারণ খাবার দৈনন্দিন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বলে আমাদের প্রতিদিন খিদে পায়। এর মাধ্যমে আমাদের দেহের তাপমাত্রা ও শক্তি চালিত থাকে। সাধারণ খাদ্যের সঙ্গে ঔষধি খাদ্যের পার্থক্য হচ্ছে, ঔষধি খাদ্য প্রকৃতি থেকে আসা এমন পুষ্টি দেয়, যা আমাদের দেহের রোগ নিরাময়ে সাহায্য করে অঙ্গপ্রত্যঙ্গকে সতেজ ও কার্যক্ষম করে রাখে।
দেহের দৈনন্দিন সক্রিয়তার জন্য আমাদের দরকার সাধারণ খাদ্য। আর দীর্ঘায়ু থাকার জন্য প্রয়োজন ঔষধি খাদ্যের। সাধারণ ও ঔষধি খাদ্যের কিছু কিছু আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকতে হবে। কারণ, কিছু খাদ্য মাঝে মাঝে শরীর রক্ষণাবেক্ষণের জন্য দরকার হবে। বর্তমানে খাদ্যব্যবস্থায় মানবদেহ কিছুতেই রোগশূন্য হতে পারে না। মাত্র শতবর্ষ আগেও প্রাকৃতিক স্বয়ংসম্পূর্ণ খাদ্য (হোলফুড) থাকায় রোগবালাই তেমন ছিল না। কারণ, প্রকৃতিতে খাদ্যসামগ্রী পরিণত অবস্থায় মানবদেহের প্রয়োজন মেটানোর সব রাসায়নিক ও জৈবিক গুণাগুণের সবটাই নিয়ে উপস্থিত থাকত। যথার্থ খাদ্য হচ্ছে সেই খাদ্য, যা মানবদেহে তার নিজস্ব গুণাগুণ সরবরাহ করে অপ্রয়োজনীয় অংশ হয়ে বেরিয়ে যায়। এই সরবরাহ প্রক্রিয়া অন্য কোনো রাসায়নিকের সাহায্য ব্যতিরেকে সমাধা করতে পারে। তাই শতবর্ষ আগের খাদ্য ছিল স্বয়ংসম্পূর্ণ। যেমন বর্তমান যুগের কৃষিব্যবস্থায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। কারণ, অতিরিক্ত পরিচর্যা ব্যতিরেকে তা পাওয়া সম্ভব নয়। এ জন্যই মানবদেহে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ গুণের প্রয়োজন মেটানোর জন্য ঔষধি খাদ্য দরকার। যেমন বিভিন্ন খাদ্য হজম হওয়ার জন্য পাচক রসের (এনজাইম) দরকার পড়ে।
সাধারণ ও ঔষধি খাদ্যের মধ্যে একটি জোরালো আন্তসম্পর্ক বিদ্যমান। আগে আলোচিত পাঁচ গুণের খাদ্য, ঔষধিসহ অন্যান্য খাদ্যের সংগ্রহ প্রকৃতপক্ষে সাশ্রয়ী ও সহজলভ্য। তেঁতুল, লেবু, আমড়া, কাঁচা আম, কাঁচা আমের ডাল, টমেটো এবং অন্যান্য টক স্বাদের ফলফলাদি টকজাতীয় খাদ্যের আওতায় পড়ে।
মিষ্টিজাতীয় খাদ্যের আওতায় পড়ে আখের গুড়, খেজুরের গুড়, মিষ্টি পাকা ফলমূল ইত্যাদি। লবণ জাতীয় একমাত্র খাদ্য সামুদ্রিক লবণ। এতে প্রয়োজনীয় খনিজ সামগ্রী (মিনারেল) স্বর্গীয় দান হিসেবে বিদ্যমান। কাজেই দেহের সুস্থতার জন্য সামুদ্রিক লবণের বিকল্প নেই। এলাচি, দারুচিনি, জিরা, ধনে, আদা অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে। সুতরাং প্রকৃতি থেকে পাওয়া সব ধরনের মসলাই খাওয়া শিখতে হবে। তেতো খাবার দেহের সুস্থতায় প্রধান ভূমিকা রাখে। করলা, নিম কাঁচা, করমচা তথা যেকোনো তেতো জাতীয় ফলমূল ও শাকসবজি তেতো খাদ্যের আওতায় পড়ে।
আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এই পাঁচ প্রকারের খাদ্য। তাতেই দেহের পুষ্টিচাহিদা মিটিয়ে দেহের গঠনতন্ত্রের জ্বালানি হিসেবে প্রয়োজন মিটবে। এবারে প্রাকৃতিক খাদ্য কীভাবে সাশ্রয়ী সে কথায় আসছি। একটু বুদ্ধি খরচ করে দৈনন্দিন খাদ্যতালিকায় এই পাঁচ রকমের খাদ্য নির্বাচন করাই সাশ্রয়িতার পরিচয়। যেমন লেটুসের পাতা, কলার মোচা, অড়হরের ডাল, নিমপাতা, সামুদ্রিক লবণ, ধনেপাতা ইত্যাদির সংমিশ্রণে তৈরি স্যুপে পুষ্টির চাহিদা মেটানোর বিকল্প বাংলাদেশে নেই বললেই চলে। এখানে ক্যারট, পারস্লে, সেলারি, পটেটো ইত্যাদির সংমিশ্রণে এই স্যুপ তৈরি করা যায়। প্রতিদিন অর্ধকাপ খেলে দেহের রোগ প্রতিরোধ হবে এবং এতে সুস্থতা অনিবার্য। কারণ, এই স্যুপ থেকে পাওয়া পুষ্টিই দেহের প্রতিটি কোষের সমষ্টিগতভাবে একক সক্রিয়তার দৈনন্দিন জ্বালানি প্রদান করে। অর্থাৎ পূর্ব আলোচিত পাঁচ গুণের প্রয়োজনীয়তা মেটে। পাঠকের প্রতি অনুরোধ, তাঁরা যেন অন্তত তিন সপ্তাহ এই স্যুপ দৈনন্দিন খাদ্য হিসেবে গ্রহণ করেন। এতে তাঁদের ক্ষুধার মাত্রা নির্দিষ্টতায় পৌঁছবে। ফলে মুটিয়ে যাওয়ার সমস্যা, খিটখিটে মেজাজ, চোখের খিদে, খাবারের পছন্দ-অপছন্দ নিয়ে পরিবারে দাম্পত্য কলহ বা গৃহবিবাদ সৃষ্টি হবে না।